বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে সাত মাস পাঠদান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশাল অবকাঠামো রয়েছে। আছে গ্রন্থাগার ও বিজ্ঞানাগার। ৩০ একর জায়গা নিয়ে গড়ে তোলা হয়েছে ক্যাম্পাস। ৭২৯ জন শিক্ষার্থী লেখাপড়া করে। নেই শুধু প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক। এটি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সরকারি ডিগ্রি কলেজ।
এখানে ১৮ জন শিক্ষকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র সাতজন। বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে সাত মাস ধরে কোনো শিক্ষক নেই। এতে এই দুই বিভাগের শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রয়েছে। এ কারণে অনেকেই বাইরে গিয়ে কোচিং করছে।
কলেজ সূত্রে জানা গেছে, ১৯৭২ সালের ১ জুলাই কলেজটি প্রতিষ্ঠার পর ১৯৮৭ সালের ৩ নভেম্বর জাতীয়করণ করা হয়। এখানে তিনতলা বিজ্ঞান ভবন, তিনতলা ডিগ্রি ভবন, দোতলা প্রশাসনিক ভবন, একতলা কলা ভবন, একটি ছাত্রাবাস এবং শিক্ষকদের বসবাসের জন্য একটি দোতলা ভবন আছে।
সরেজমিনে গত মঙ্গলবার বেলা ১১টায় গিয়ে দেখা যায়, উজ্জ্বল হোসেন, আলামিন হুসাইন, শামীম আল মাসুমসহ কয়েকজন শিক্ষার্থী কলেজের পুকুরপাড়ে আড্ডা দিচ্ছে। ঘণ্টা বাজলেও তাদের ক্লাসে যাওয়ার তাড়া নেই। ক্লাসে না গিয়ে আড্ডা দেওয়ার কারণ জানতে চাইলে বাণিজ্য বিভাগের ওই শিক্ষার্থীরা জানায়, শিক্ষক না থাকায় তারা ক্লাসে যাচ্ছে না।
কলেজের গ্রন্থাগারে পত্রিকা পড়ছিল বিজ্ঞান বিভাগের ছাত্র রাজিবুল ইসলাম, আজিজুর রহমান ও মারফত আলী। তারা জানায়, বিভাগে কোনো ক্লাস হয় না। কলেজের বেশির ভাগ শিক্ষার্থী কুষ্টিয়ায় গিয়ে কোচিং করে।
শিক্ষার্থীরা জানায়, এপ্রিলে উচ্চমাধ্যমিক পরীক্ষা। কলেজে কয়েকটি বিজ্ঞানাগার রয়েছে। ব্যবহার না হওয়ায় সেখানে ধুলার স্তূপ পড়ে গেছে। বিজ্ঞানের ছাত্র রাজিবুল ইসলাম বলে, ‘শিক্ষক না থাকায় আমরা অন্ধকারে ডুবে আছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক শিক্ষক জানান, কলেজটি গ্রামে অবস্থিত হওয়ায় শহরের শিক্ষকেরা এখানে আসতে চান না। আবার এলেও কয়েক মাস থাকার পর তদবির করে শহরের কলেজগুলোতে চলে যান।
জানতে চাইলে কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন বলেন, তিন বছর ধরে শিক্ষক দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে স্থানীয় সাংসদের (তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু) চাহিদাপত্রসহ প্রায় ২০টি চিঠি পাঠানো হয়েছে। তাতেও কোনো কাজ হয়নি।