বিজ্ঞান ও মানবিকে কোনো শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষ আশরাফ-উদ-দৌলা বলেন, কলেজে বর্তমানে বিজ্ঞানে ১৬ ও মানবিকে ৯৮ জন শিক্ষার্থী রয়েছে। এ দুটি বিভাগে শিক্ষক না থাকায় ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষকের মাধ্যমে অনেকটা জোড়াতালি দিয়ে পাঠদান চলছে

যশোর সরকারি কলেজের বিজ্ঞান ও মানবিক বিভাগে কোনো শিক্ষক নেই। এমনকি শিক্ষকের পদও সৃষ্টি করা হয়নি। ইতিমধ্যে বিজ্ঞান বিভাগের তিনজন শিক্ষার্থী ছাড়পত্র নিয়ে অন্য কলেজে ভর্তি হয়েছে। আরও কয়েকজন ছাড়পত্রের জন্য আবেদন করেছে।

কলেজ সূত্রে জানা গেছে, যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধীনে ১৯৬৭ সালে দেড় একর জায়গায় কলেজটি প্রতিষ্ঠিত হয়। ১৯৮৪ সালে কলেজের নাম পরিবর্তন করে যশোর গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউট নামে অনুমোদন দেওয়া হয়। এ প্রতিষ্ঠানে শুধু ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ (ডিআইবিএস) কোর্স চালু ছিল। ২০১৬ সালে ডিআইবিএস কোর্সটি সরকার বাতিল ঘোষণা করে। এরপর প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে যশোর সরকারি কলেজ করা হয়। যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড গত শিক্ষাবর্ষ (২০১৬-১৭) থেকে এ কলেজে ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান ও মানবিক বিভাগের একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেয়। শিক্ষকের পদ সৃষ্টি না করেই গত বছরের জুলাই মাসে তিনটি বিভাগে ১৭৫ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। বছরের ছয় মাস পেরিয়ে গেলেও শিক্ষার্থীরা কোনো শিক্ষক পায়নি। পাঠদান হচ্ছে না দেখে ইতিমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে তিনজন ছাড়পত্র (টিসি) নিয়ে অন্য কলেজে চলে গেছে। আরও কয়েকজন ছাড়পত্রের জন্য আবেদন করেছে।

সম্প্রতি কলেজে গিয়ে দেখা যায়, যশোর শহরের দক্ষিণ-পূর্ব কোণে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের পাশে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে কলেজটি অবস্থিত। কলেজের তিনতলা একটি ভবন আছে। এর নিচতলায় প্রশাসনিক কার্যক্রম চালানো হচ্ছে। দোতলা ও তিনতলায় পাঠদান কার্যক্রম চালানোর জন্য চারটি কক্ষ আছে। সীমানাপ্রাচীরে ঘেরা কলেজের মাঠটিও খুব ছোট।

কয়েকজন শিক্ষার্থী বলে, ‘কলেজটি নামেই সরকারি। এখানে বেসরকারি কলেজেরও কোনো সুযোগ-সুবিধা নেই। আমরা এখানে ভর্তি হয়ে বিপদে পড়েছি।’

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সজল আহমেদ প্রথম আলোকে বলে, ‘জানতাম না কলেজের এই দুরবস্থা। ডিআইবিএস কোর্সের শিক্ষক দিয়ে কিছুদিন পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে ক্লাস নেওয়া হয়েছে। তারপর থেকে আর পাঠদান হয় না। আমরা সবাই খুব শঙ্কার মধ্যে আছি। তাই ছাড়পত্র নিয়ে অন্য কলেজে যাওয়ার জন্য আবেদন করেছি।’

কয়েকজন শিক্ষার্থী জানায়, শিক্ষকের পাশাপাশি কলেজে ভালো মাঠ নেই। খেলাধুলা হয় না। গ্রন্থাগার না থাকায় পাঠ্যসূচির সহায়ক বই পাওয়া যায় না। জেলার বাইরে থেকে পড়তে আসা ছেলেমেয়েদের থাকার জন্য আবাসনেরও কোনো ব্যবস্থা নেই।

অধ্যক্ষ আশরাফ-উদ-দৌলা বলেন, কলেজে বর্তমানে ৩২৫ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে বিজ্ঞানে ১৬ ও মানবিকে ৯৮ জন। এ দুটি বিভাগে শিক্ষক না থাকায় ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষকের মাধ্যমে অনেকটা জোড়াতালি দিয়ে পাঠদান চলছে। তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিজ্ঞান ও মানবিক বিভাগের জন্য শিক্ষক চেয়ে আবেদন করেছিলাম। কিন্তু ওই দুটি বিভাগে শিক্ষক না দিয়ে অপ্রয়োজনীয় ব্যবস্থাপনা বিষয়ের তিনজন শিক্ষক নতুন করে সংযুক্ত করা হয়েছে।’ অবকাঠামোগত উন্নয়নের জন্য চার ও পাঁচতলাবিশিষ্ট চারটি নতুন ভবনের জন্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

আশরাফ-উদ-দৌলা গত বছরের ২০ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠান। ওই চিঠিতে বলা আছে, সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় শিক্ষক না থাকায় পাঠদানে বিঘ্ন হচ্ছে। শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষকের নতুন পদ সৃষ্টি করে পদায়ন দিলে এই অঞ্চলের ছাত্রছাত্রীরা উপকৃত হবে।