প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি খাতে মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেছেন, এই উদ্যোগ কাঙ্ক্ষিত সমৃদ্ধির লক্ষ্য অর্জনে সহায়ক হবে। তিনি গতকাল সোমবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইসলামিক ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সের (আইএএস) ১৯তম আন্তর্জাতিক সম্মেলনে ভাষণদানকালে এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে মুসলিম বিশ্বের পশ্চাৎপদতা মুসলিম দেশগুলোর সমস্যাকে আরও জটিল করে তুলছে। এ ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার এবং নতুন নতুন উদ্ভাবন এ দেশগুলোকে খাদ্য, পানি ও জ্বালানি নিরাপত্তাহীনতা থেকে উত্তরণে ব্যাপকভাবে সাহায্য করতে পারে।আইএএস, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্স (বিএএস) যৌথভাবে পাঁচ দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে মুসলিম বিশ্বের আর্থসামাজিক উন্নয়ন’।ওআইসির মহাসচিব একমেলেদ্দিন ইহসানোগলু, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, আইএএসের সভাপতি আবদেল সালাম মাজালি ফিয়াস, বিএএসের সভাপতি অধ্যাপক আহমেদ এ আজাদ ও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য দেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আইএএসের প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক প্রিন্স এল-হাসান ইবন তালাল ও আইএএসের পৃষ্ঠপোষক পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পৃথক বাণী পাঠ করা হয়।শেখ হাসিনা বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে অভিজ্ঞতার বিনিময় এবং আইসিটি ক্ষেত্রে সক্ষমতা উন্নয়নে উপযুক্ত কর্মসূচি গ্রহণ ইসলামি বিশ্বকে সঠিক পথে এগিয়ে যেতে সহায়তা করবে। তিনি বলেন, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি এবং আর্থসামাজিক উন্নয়ন পরস্পরের ওপর নির্ভরশীল। শিল্পোন্নত দেশগুলোর উন্নয়নের পেছনে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়ন চালিকাশক্তি হিসেবে কাজ করছে। সমসাময়িক বিশ্বে আর্থসামাজিক উন্নয়নে বিজ্ঞান ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ জায়গা দখল করছে। আগামী দিনগুলোতে ওআইসিভুক্ত বেশির ভাগ দেশকেই অর্থনৈতিক ও পরিবেশসংক্রান্ত বিষয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে তিনি উল্ল্লেখ করেন।প্রধানমন্ত্রী বলেন, জ্ঞানের অন্বেষণ ইসলামিক মূল্যবোধের অন্যতম উপকরণ। প্রকৃতপক্ষে মৌলিক ও ব্যবহারিক বিজ্ঞানের উৎকর্ষ সাধন হয়েছিল মুসলমানদের স্বর্ণযুগে। বিজ্ঞান ও প্রযুক্তির বিবর্তন প্রক্রিয়ায় মুসলিম বিজ্ঞানী ও পণ্ডিতদের অবদান অপরিসীম। জ্যোতির্বিজ্ঞান, গণিত এবং চিকিৎসাবিজ্ঞানসহ ভৌতবিজ্ঞানের প্রতিটি শাখা মুসলিম বিজ্ঞানীদের উদ্ভাবন ও তথ্যের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ওআইসির বিভিন্ন অঙ্গ ও অধিভুক্ত সংগঠন এবং ইনস্টিটিউটের সক্রিয় সদস্য হিসেবে গর্বিত।