বিজ্ঞান চর্চায় জোর দেওয়ার আহ্বান শেখ হাসিনার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান চর্চার ওপর আরও বেশি জোর দিতে ছাত্রছাত্রী ও নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে বিজ্ঞানের ওপর ব্যাপক গবেষণার প্রয়োজন।
প্রধানমন্ত্রী আজ রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি ২২ জন নবীন ও প্রবীণ বিজ্ঞানীকে স্বর্ণপদক প্রদান করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ গবেষণায় অনেক সফলতা দেখিয়েছে। দেশ যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, তা এ গবেষণার ফসল। এ দেশের বিজ্ঞানীদের উদ্ভাবন করা সফটওয়্যার সারা দুনিয়ায় যথেষ্ট সুনাম কুড়িয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা, প্রদর্শনী ও প্রবন্ধ প্রকাশনায় বিজ্ঞানীদের উপস্থাপনা বাংলাদেশের জন্য বিজ্ঞান চর্চায় সম্মান বয়ে এনেছে। পাটের জীবনরহস্য উদঘাটন দেশের কৃষিপ্রযুক্তির ইতিহাসে নতুন দিগন্তর উন্মোচন করেছে।
শেখ হাসিনা বলেন, ‘শিক্ষার প্রতিটি বিষয়ই গুরুত্বপূর্ণ। তবে প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের ভূমিকা রয়েছে। আমরা চাই বেশি করে বিজ্ঞান গবেষণা ও চর্চা হোক। এ ব্যাপারে যত রকম সাহায্যের প্রয়োজন আমরা দিয়ে যাব।’ তিনি বিশ্বের বুকে একটি মর্যাদাশীল জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর লক্ষ্যে বিজ্ঞানী, গবেষক, প্রযুক্তিবিদসহ সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এ পর্যন্ত ১৯৬ জনকে বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান গবেষণা ও অন্যান্য কর্মকাণ্ড পরিচালনার জন্য আরও প্রায় তিন হাজার জনকে ফেলোশিপ দেওয়া হয়েছে। বাসস।