
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রছাত্রী এবং নতুন প্রজন্মের প্রতি পড়ালেখার পাশাপাশি বিজ্ঞানের ওপর আরও বেশি চর্চা ও গবেষণার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এ ব্যাপারে যত রকম সাহায্যের প্রয়োজন আমরা দিয়ে যাব।’ খবর বাসসের।
গতকাল রোববার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি ২২ জন নবীন ও প্রবীণ বিজ্ঞানীকে স্বর্ণপদক প্রদান করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ছাত্রছাত্রী এবং নতুন প্রজন্মকে বিজ্ঞানের ওপর আরও বেশি লেখাপড়া চর্চা ও গবেষণার আহ্বান জানাই, কেননা, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে বিজ্ঞানের ওপর ব্যাপক গবেষণার প্রয়োজন।’ বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন। একাডেমির সভাপতি অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ স্বাগত বক্তৃতা করেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ গবেষণায় অনেক সফলতা দেখিয়েছে। দেশ যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, তা এ গবেষণার ফসল। এ দেশের বিজ্ঞানীদের উদ্ভাবন করা সফটওয়্যার সারা দুনিয়ায় যথেষ্ট সুনাম কুড়িয়েছে। পাটের জীবন-রহস্য উদ্ঘাটন দেশের কৃষিপ্রযুক্তির ইতিহাসে নতুন দিগন্তের উন্মোচন করেছে। তিনি বলেন, ‘শিক্ষার প্রতিটি বিষয়ই গুরুত্বপূর্ণ। তবে প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের ভূমিকা রয়েছে। আমরা চাই বেশি করে বিজ্ঞান গবেষণা ও চর্চা হোক। এ ব্যাপারে যত রকম সাহায্যের প্রয়োজন আমরা দিয়ে যাব।’
প্রধানমন্ত্রী নিজেকে সাহিত্যের ছাত্রী হিসেবে উল্ল্লেখ করে বলেন, তিনি বিজ্ঞান বোঝেন। আর এটা শিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে। তিনি বলেন, ‘শিক্ষা ছাড়া কোনো জাতি ও দেশ দারিদ্র্যমুক্ত হতে পারে না। ২০৪১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোর অন্যতম হিসেবে দেখতে চাই।’ তিনি বলেন, তাঁর সরকার বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। স্কুল পর্যায় থেকে তথ্যপ্রযুক্তি বিষয়ে পড়ানো হচ্ছে।
শেখ হাসিনা বিজ্ঞান একাডেমি আয়োজিত কৃতী নবীন ও প্রবীণ বিজ্ঞানীদের মধ্যে স্বর্ণপদক এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং স্বর্ণপদক ও সনদপত্রের জন্য নির্বাচিত ফেলো ও বিজ্ঞানীদের অভিনন্দন জানান। অনুষ্ঠান শেষে তিনি উপস্থিত বিজ্ঞানী ও গবেষকদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেন।