বিজ্ঞান জাদুঘরে পদোন্নতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতা অর্জন করেও পদোন্নতি পাচ্ছেন না জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীরা। বছরের পর বছর ধরে প্রেষণে আসা কর্মকর্তারা বড় পদগুলোর দায়িত্বে আছেন। কিন্তু যোগ্য হয়েও এসব পদে পদোন্নতি পাচ্ছেন না স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা।
ফলে শুরু থেকেই একই পদে চাকরি করে যাচ্ছেন স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা। কেউ কেউ চলতি দায়িত্ব পেলেও পদোন্নতি পাচ্ছেন না। বিষয়টি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। তাঁরা বলছেন, আগে আইনিকাঠামোর অভাবের কথা বলা হতো। কিন্তু তিন বছর ধরে আইন হলেও পদোন্নতি ঝুলে আছে। এ জন্য তাঁরা দ্রুত পদোন্নতি চান।
জানতে চাইলে জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নীতিমালার অভাবে এত দিন পদোন্নতি দেওয়া যাচ্ছিল না। এখন এ বিষয়ে কাজ শুরু হয়েছে। আশা করছি, খুব তাড়াতাড়ি পদোন্নতি দেওয়া সম্ভব হবে।’
বিজ্ঞান জাদুঘর প্রতিষ্ঠালগ্নে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকলেও পরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় আসে। ২০০০ সালের ৩০ এপ্রিল একে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরিদপ্তরে পরিণত করা হয় এবং শর্ত দেওয়া হয়, অদূর ভবিষ্যতে পুনরায় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গড়ে না ওঠা পর্যন্ত জনবল নিয়োগ ও পদোন্নতি রহিত থাকবে।
২০১০ সালের মার্চে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আইন হয়। ২০১১ সালের মে মাসে চাকরি বিধিমালার গেজেটও হয়। কিন্তু এখনো তাঁদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। অনেকে একই পদে থেকে অবসরে যাচ্ছেন। অবসরে যাওয়ায় জনবলসংকট তৈরি হয়েছে। কিছু নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া দীর্ঘ হচ্ছে। বর্তমানে জাদুঘরের ৫১টি পদের মধ্যে ৪৩টি পদে কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন।
কয়েকজন কর্মকর্তা বলেন, পদোন্নতি পাওয়ার মতো যোগ্য কর্মকর্তা-কর্মচারী থাকলেও বেশ কিছু পদে প্রেষণে কর্মকর্তাদের আনা হচ্ছে। সূত্র জানায়, কিউরেটর পদে প্রেষণে আসা একজন কর্মকর্তা চলে যাওয়ার পর জাদুঘরের একজন সহকারী কিউরেটরকে এই পদে চলতি দায়িত্ব দেওয়া হয়। দুই বছর পর সম্প্রতি তাঁকে সরিয়ে আবারও প্রেষণে আসা এক কর্মকর্তাকে কিউরেটরের দায়িত্ব দেওয়া হয়। এসব পদে বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়ার কথা। কিন্তু অন্যান্য বিষয়ে পড়াশোনা করা ব্যক্তিদের প্রেষণে এনে এই পদে বসানো হচ্ছে।
সম্প্রতি নতুন কিছু পদসহ একটি সংশোধিত প্রবিধানমালার প্রস্তাব করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, এই প্রবিধানমালা হওয়ার পর পদোন্নতি হবে। কিন্তু অভিযোগ উঠেছে, প্রবিধানমালাটি ব্যক্তিস্বার্থে করা হচ্ছে। কারণ, প্রস্তাবিত ওই প্রবিধানমালায় উপপরিচালক পদে পদোন্নতির যোগ্যতা চাওয়া হয়েছে হিসাবরক্ষণ বা জনসংযোগ কর্মকর্তা পদে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা। অথচ সমপর্যায়ের আরও তিনজন কর্মকর্তা থাকলেও তাঁদের জন্য এই সুযোগ রাখা হয়নি।