বিজ্ঞান জয়োৎসবের শেষ দিন আজ
শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করতে ও বিজ্ঞানমনস্ক জাতি গড়ে তোলার লক্ষ্যে দুদিনব্যাপী বিজ্ঞান জয়োৎসবের শেষ দিন আজ সোমবার। গতকাল রোববার ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনের কনভেনশন হলে শুরু হয় সিটি ব্যাংক-প্রথম আলো জাতীয় বিজ্ঞান জয়োৎসব।
আজ সকাল নয়টার দিকে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। এরপর প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের নানান প্রশ্নের জবাব দেন বিশিষ্ট বিজ্ঞানী ও গবেষকেরা। প্রশ্নোত্তর পর্ব শেষে এ বছর দেশের বিভিন্ন স্থানে আয়োজিত বিজ্ঞান জয়োৎসবের অনুষ্ঠান নিয়ে তৈরি একটি তথ্যচিত্র দেখানো হয়। এরই মধ্যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।
কুইজ ও প্রকল্প প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সিটি ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় প্রথম আলো এ উৎসবের আয়োজন করেছে। প্রথম দিনে বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতা হয়। এতে সারা দেশ থেকে আসা খুদে বিজ্ঞানীরা ১১৫টি প্রকল্প উপস্থাপন করে। আঞ্চলিক পর্যায়ে বিজয়ী ৯৪২ জন শিক্ষার্থী জাতীয় বিজ্ঞান জয়োৎসবে অংশ নিচ্ছে।
আরও পড়ুন..