বিজ্ঞান নিয়ে মেতে ছিল ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গলায় পদক, হাতে সনদ। বিজয়ীর বেশে খুদে বিজ্ঞানীরা। গতকাল কুষ্টিয়া পৌর মিলনায়তনে সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবে l ছবি: প্রথম আলো
গলায় পদক, হাতে সনদ। বিজয়ীর বেশে খুদে বিজ্ঞানীরা। গতকাল কুষ্টিয়া পৌর মিলনায়তনে সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবে l ছবি: প্রথম আলো

কুষ্টিয়া পৌরসভা মিলনায়তনে সিটি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এ উৎসবের আয়োজন করে প্রথম আলো। সহযোগিতা করেন বন্ধুসভার বন্ধুরা
কুষ্টিয়া অফিস
পাঁচ জেলার সাড়ে ৪০০ শিক্ষার্থী একই মিলনায়তনে। দিনভর মজার মজার কুইজ, বিজ্ঞানের নানা খুঁটিনাটি আলোচনা আর নিজেদের উদ্ভাবিত প্রকল্প উপস্থাপন। সব মিলিয়ে বিজ্ঞান নিয়ে মেতে থাকার দারুণ এক আয়োজন।
কুষ্টিয়ায় গতকাল বুধবার এমন জমজমাট আয়োজন ছিল সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের। কুষ্টিয়া পৌরসভা মিলনায়তনে সিটি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এ উৎসবের আয়োজন করে প্রথম আলো। সহযোগিতা করেন বন্ধুসভার বন্ধুরা।
রংপুরের পর কুষ্টিয়ায় এই উৎসবের মধ্য দিয়ে প্রথম পর্বের বিজ্ঞান জয়োৎসব শেষ হলো। ঈদের পর রাজশাহী, বগুড়াসহ ১৩টি অঞ্চলে এ জয়োৎসব হবে।
কুষ্টিয়া পৌর মিলনায়তনের সামনে সকাল নয়টায় খুদে বিজ্ঞানীদের সঙ্গে নিয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। এরপর মিলনায়তনে বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের পর স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়কারী মুনির হাসান।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, ‘পৃথিবীকে জানতে হলে, ভালো কিছু করতে হলে, পত্রিকা পড়তে হবে, বই পড়তে হবে। আধুনিক পৃথিবীর কাছে যেতে হলে বিজ্ঞানচর্চা করতে হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক—এই তিনটি বিভাগে কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও নড়াইলের প্রায় ৪০০ শিক্ষার্থী আধঘণ্টার কুইজে অংশ নেয়। একই সঙ্গে মিলনায়তনের নিচতলায় খুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত ২৫টি প্রকল্প উপস্থাপন করে। দুপুরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক বিচারক হিসেবে প্রকল্প দেখে ১০টি প্রকল্পকে সেরা বলে নির্বাচিত করেন।
বেলা দুইটার দিকে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শাহিনুর রহমান বলেন, ‘এ প্রতিযোগিতা একটি অধ্যায়ের সূচনা। এই উৎসবের মধ্য দিয়ে শিশুদের বিজ্ঞানচর্চার সূচনা হলো, এটাকে এখন কাজে লাগাতে হবে।’
প্রথম আলোর কুস্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সিটি ব্যাংকের ইভেন্ট ও আউটডোরের জ্যেষ্ঠ ব্যবস্থাপক এ কে এম আলমগীর হোসাইন, জয়োৎসবের প্রকল্প বিচারক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক আহসান-উল-আম্বিয়া, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক আনোয়ারুল হক, সিটি ব্যাংকের কুষ্টিয়া শাখা ব্যবস্থাপক মাসুম বিল্লাহ প্রমুখ।
পাঁচটি প্রকল্পে একজন করে শিক্ষার্থী ও বাকি পাঁচটি প্রকল্পের প্রতিটিতে তিনজন করে মোট ২০ জনকে পদক ও সনদ দেওয়া হয়। এ ছাড়াও প্রাথমিকে পাঁচজন, নিম্ন মাধ্যমিকে ১৫ জন ও মাধ্যমিকে ২০ জনসহ মোট ৪০ জন কুইজ বিজয়ীকে পদক ও সনদ দেওয়া হয়।
প্রকল্প বিজয়ী ও কুইজ বিজয়ী ৬০ জন শিক্ষার্থী ঢাকায় জাতীয় বিজ্ঞান জয়োৎসবে অংশ নেবে।