আইআইইউসিতে আন্তর্জাতিক সম্মেলন
বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি ছাড়া টেকসই শিল্পায়ন সম্ভব নয়: জামিলুর রেজা চৌধুরী
দেশে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে আরও বেশি একাগ্রতা দরকার। একই সঙ্গে প্রয়োজন প্রতিনিয়ত গবেষণার। বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি ছাড়া স্থিতিশীল অবকাঠামো গড়ে তোলা এবং টেকসই শিল্পায়ন সম্ভব নয়। বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশলের আবিষ্কার নিয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) উদ্যোগে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।
গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করা হয়।
বর্তমানে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব পালন করা জামিলুর রেজা চৌধুরী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি মানুষের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. কায়কোবাদ বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির সুবিধা কাজে লাগানোর মাধ্যমেই বিশ্বায়নের চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবিলা করা যেতে পারে। অনেক অগ্রগতি সাধিত হলেও বিশ্ব ক্ষুধা, রোগ, দূষণ, নিরক্ষরতা ও দারিদ্র্যমুক্ত নয়। প্রাকৃতিক সম্পদের অসম প্রাপ্তিই এর একমাত্র কারণ নয়; বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞানের অভাবও এ ক্ষেত্রে অনেকটা ভূমিকা রাখছে।
আইআইইউসির উপাচার্য এ কে এম আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিভার্সিটি সেইন্স মালয়েশিয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ট এনভায়রনমেন্ট অনুষদের ডিন কামারুজ্জামান সিমন, ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্সের (আইইইউ) বাংলাদেশ সেকশনের সভাপতি অধ্যাপক শেখ আনোয়ারুল ফাত্তাহ, আইআইইউসির ভারপ্রাপ্ত সহ-উপাচার্য অধ্যাপক দেলাওয়ার হোসেন প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশ, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সৌদি আরবসহ ১৮টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও প্রতিনিধি অংশ নিচ্ছেন।