দিনাজপুর সদর উপজেলার চেরাডাঙ্গী বহুমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মেহেদী হাসান মনে করে, বিজ্ঞান বইয়ের ভাষা সহজ হওয়া উচিত। রওনক জাহানের মতে, ইংরেজি বইয়ের শব্দের অর্থ ওই বইয়েই দেওয়া উচিত।
গতকাল শনিবার সকাল ১০টায় চেরাডাঙ্গী উচ্চবিদ্যালয়ে আয়োজিত প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যপুস্তক সম্পর্কে শিক্ষার্থীদের মতামতভিত্তিক ‘কেমন বই চাই’ শীর্ষক অনুষ্ঠানে এভাবে শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরে। গণসাক্ষরতা অভিযান ঢাকা ও বেসরকারি উন্নয়ন সংগঠন বাংলাদেশ সোশ্যাল ডেভেলপমেন্ট একাডেমি (বিএসডিএ) যৌথভাবে এর আয়োজন করে। বিএসডিএর নির্বাহী পরিচালক আবদুস ছালাম এ কথা জানান।
চেরাডাঙ্গী বিদ্যালয়ের রাকিব হাসান মনে করে, বইয়ের ভাষা হবে অর্থপূর্ণ, বানান হবে নির্ভুল। একই শ্রেণির ইমতিয়াজ হোসেনের কথা হলো, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে ইতিহাস ও ঐতিহ্য পড়ানো উচিত। শারমিন আক্তারের মতে, আনন্দপাঠ বইয়ে কবি পরিচিতি থাকা উচিত।
অনুষ্ঠানে চেরাডাঙ্গী বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমেশ চন্দ্র মজুমদার, জয়পুরহাট জেলার আরবী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আকতার, সহকারী শিক্ষক তছলিম উদ্দিন আহমেদ, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ঢাকার সহকারী পরিচালক দিলীপ কুমার সরকার উপস্থিত ছিলেন। এ ছাড়া চেরাডাঙ্গী বিদ্যালয়ের শিক্ষক, পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীসহ শিক্ষানুরাগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।