বিজ্ঞান বিভাগে শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আ স ম আবদুর রব সরকারি কলেজে শিক্ষকের ১৯টি পদের মধ্যে ১০টিই শূন্য। কলেজটিতে বিজ্ঞান বিভাগে কোনো শিক্ষক নেই। এতে কলেজের শ্রেণি কার্যক্রম ব্যাহত হচ্ছে।
কলেজের উপাধ্যক্ষ মো. ইস্রাফীল বলেন, ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি ১৯৮৭ সালে সরকারি করা হয়। কলেজে উচ্চমাধ্যমিক ও স্নাতক (পাস) কোর্স চালু আছে। উচ্চমাধ্যমিকে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ২০ জন এবং স্নাতক পর্যায়ে ১ হাজার ৯৬ জন ছাত্রছাত্রী পড়াশোনা করেন। তিনি জানান, কলেজে শিক্ষকের ১৯টি পদের মধ্যে ১০টিই শূন্য। বিজ্ঞান বিভাগে কোনো শিক্ষক নেই। সহকারী অধ্যাপক পদে ইংরেজি বিষয়ে একজন ও অর্থনীতি বিষয়ে একজন; প্রভাষক পদে বাংলায় দুজন এবং অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, রসায়নবিজ্ঞান ও গণিত বিষয়ে একজন করে শিক্ষকের পদ শূন্য। এ ছাড়া পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, যুক্তিবিদ্যা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, সমাজকর্ম, ইসলাম শিক্ষা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে শিক্ষকের কোনো পদই সৃষ্টি করা হয়নি। তা ছাড়া রসায়ন ও প্রাণিবিজ্ঞান বিষয়ের প্রদর্শক, গ্রন্থাগারিক, শরীরচর্চা শিক্ষক ও অফিস সহকারী নেই। চতুর্থ শ্রেণির কর্মচারীর পাঁচটি পদের মধ্যে তিনটিই শূন্য। এ অবস্থায় লোকবল-সংকটের কারণে কলেজের শ্রেণি কার্যক্রম ও দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে।
উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র রিপন উদ্দিন বলল, বিজ্ঞান বিভাগে কোনো শিক্ষক নেই। অতিথি শিক্ষক দিয়ে সপ্তাহে দুই-তিনটি ক্লাস করানো হচ্ছে। এ অবস্থায় দিনের পর দিন কলেজে গিয়ে ক্লাস না করেই ফিরে যেতে হচ্ছে।
কলেজের অধ্যক্ষ রতন কুমার চক্রবর্তী জানান, কলেজটিতে দীর্ঘদিন ধরেই শিক্ষক-কর্মচারীর সংকট চলছে। এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রতি মাসেই প্রতিবেদন দেওয়া হচ্ছে। মাঝেমধ্যে দু-একজন শিক্ষক দেওয়া হলেও কয়েক মাস পর তাঁরা আবার বদলি হয়ে চলে যাচ্ছেন। এ অবস্থায় কলেজের স্থানীয় সাধারণ উন্নয়ন তহবিল থেকে অর্থ জোগান দিয়ে কয়েকজন অতিথি শিক্ষক নিয়োগ করে শ্রেণি কার্যক্রম চালিয়ে নেওয়ার চেষ্টা চলছে।