বিজ্ঞান বিভাগের ফল নিম্নমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শিক্ষা বোর্ডে তিন বছর ধরে বিজ্ঞান বিভাগের ফলাফল ব্যবসায় ও মানবিক শাখার তুলনায় খারাপ। বিজ্ঞান বিভাগের পাসের হার বোর্ডের গড় হারের চেয়ে কম। এমনকি পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও পাসের হার কমছে।রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ। বোর্ডের গড় পাসের হার ৭৭ দশমিক ৬৯ শতাংশ। ব্যবসায় শাখায় পাসের হার ৮৬ দশমিক ১৫ শতাংশ এবং মানবিক শাখায় ৭৫ দশমিক ৮৬ শতাংশ। ২০১২ সালে বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৪ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাসের হার ছিল ৭৩ দশমিক ৯২ শতাংশ, মানবিক শাখায় ৭৫ দশমিক ৮৬ শতাংশ, ব্যবসায় শাখায় ৮৬ দশমিক ১৫ শতাংশ। ২০১১ সালে বোর্ডে গড় পাসের হার ছিল ৭৯ দশমিক ০১ শতাংশ। সেখানে বিজ্ঞান বিভাগে পাসের হার ছিল ৭৪ দশমিক ০২ শতাংশ, মানবিক শাখায় ৭৭ দশমিক ২১ এবং ব্যবসায় শাখায় ৮৮ দশমিক ২৯ শতাংশ। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, তিন বছর ধারাবাহিকভাবে বোর্ডের পাসের হার কমেছে। সঙ্গে সঙ্গে বিজ্ঞান বিভাগের পাসের হারও কমেছে। এই তিন বছরে একবারও বিজ্ঞান বিভাগের পাসের হার ব্যবসায় ও মানবিক শাখাকে ছাড়িয়ে যেতে পারেনি। বিজ্ঞান বিভাগের পাসের হার কম এবং শিক্ষার্থী বাড়লেও পাসের হার না বাড়া প্রসঙ্গে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক সাইদুর রহমান জানান, আসলে বিজ্ঞানের শিক্ষার্থীদের যতটা ক্লাসমুখী হওয়া দরকার, তারা ততটা ক্লাসমুখী নয়। এ ক্ষেত্রে শুধু প্রতিষ্ঠানের ওপর দায়-দায়িত্ব ছেড়ে না দিয়ে অভিভাবকেরা যদি একটু খোঁজখবর নিয়ে তাদের ক্লাসমুখী করার ব্যাপারে পারিবারিকভাবে সহযোগিতা করেন, তাহলে এই বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব। কারণ, নতুন পদ্ধতির সঙ্গে শিক্ষর্থীদের খাপ খাওয়াতে হলে অবশ্যই তাদের ক্লাসে বেশি সময় দিতে হবে।