বিজ্ঞান ব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেছেন, দেশের বিভিন্ন সমস্যার বিষয়গুলোকে বিজ্ঞান ব্যবহারের মাধ্যমে সমাধানের দায়িত্ব নিতে হবে নতুনদের। বিজ্ঞানকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং বিজ্ঞানকে ভালোবেসে সবাইকে এগিয়ে যেতে হবে। গতকাল শুক্রবার সকালে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ধানমন্ডি ক্যাম্পাসে দুই দিনব্যাপী শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন করতে গিয়ে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এসব কথা বলেন। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) যৌথ উদ্যোগে আয়োজিত কংগ্রেসে জুনিয়র ও সিনিয়র বিভাগে খুদে বিজ্ঞানীরা বৈজ্ঞানিক নিবন্ধ, বিজ্ঞান প্রকল্প ও পোস্টারের মাধ্যমে নিজের ধারণা প্রকাশ করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক এম রেজওয়ান খান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খোন্দকার সিদ্দিক-ই রাব্বানী, বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ খান, বিএফএফের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমসহ অনেকে। অনুষ্ঠানে কংগ্রেসের আহ্বায়ক ও এসপিএসবির সহসভাপতি মুনির হাসান বলেন, ‘দেশে বর্তমানে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা ক্রমাগত কমছে। এ জন্য দরকার বৈজ্ঞানিক পদ্ধতির ওপর শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা। শিশু-কিশোরদের বিজ্ঞানের প্রতি অনুরাগী ও বিজ্ঞানের মূল রীতিনীতির ওপর আগ্রহী করে তুলতে আয়োজন করা হয়েছে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস।’ উদ্বোধন শেষে চলে বিজ্ঞান কুইজের প্রথম পর্ব। এ ছাড়া ছিল নেটওয়ার্কিং, নিবন্ধ উপস্থাপন, পোস্টার প্রদর্শন ও প্রকল্প প্রদর্শন। আজ দ্বিতীয় দিনেও দিনব্যাপী চলবে খুদে বিজ্ঞানীদের নিবন্ধ উপস্থাপনা, পোস্টার ও প্রকল্প প্রদর্শন। কংগ্রেসের নানা বিষয় জানা যাবে www.cscongres.org ওয়েবসাইটে।