বিজ্ঞান মেলায় খুদে বিজ্ঞানীদের চমক

জমিতে সেচ দেওয়ার প্রয়োজন হলেই মুঠোফোনে চলে আসবে এ-সংক্রান্ত খুদে বার্তা (এসএমএস)। কৃষককে সশরীরে মাঠে যেতে হবে না। শুধু তাই নয়, সেচের জন্য মোটর চালু ও বন্ধের কাজটিও করা যাবে দূরে বসেই খুদে বার্তা পাঠিয়ে।
শিক্ষার্থীদের তৈরি এমন আরও চমক লাগানো উদ্ভাবনী যন্ত্র ও ভাবনার প্রকল্প দেখা যাবে সপ্তম জাতীয় বিজ্ঞান মেলায়। রাজধানীর রেসিডেনশিয়াল মডেল কলেজের মাঠে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনের এই মেলা।
বিজ্ঞান মেলার উদ্বোধন করেন রেসিডেনশিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান সুবহানী। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মহাব্যবস্থাপক (বিক্রয়) মো. আমিনুল হক ও ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান কাজী মইন উদ্দিন।
মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে চালানো ‘ডিজিটাল সেচযন্ত্রটি’ তৈরি করেছে রাজধানীর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী কৌশিক রায়। চোর ধরার যন্ত্র তৈরি করেছে ধানমন্ডির হলি ফ্লাওয়ার স্কুলের সপ্তম শ্রেণীর তিন শিক্ষার্থী। তাদের একজন নাজমুস সাকিব জানায়, এই যন্ত্রে বাড়ির সবার ছবি দেওয়া থাকবে। এর বাইরের কেউ বাড়ির কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করলে সঙ্গে সঙ্গে মালিককে ফোন করে বার্তা পাঠাবে যন্ত্রটি। এ ছাড়া ওই ব্যক্তির গতিবিধির ভিডিও চিত্র ধারণ করবে। একসঙ্গে ছয়টি স্থানে ফোন করতে সক্ষম এ যন্ত্র। কাজেই বাড়ির মালিকের পাশাপাশি পুলিশকেও তাৎক্ষণিকভাবে খবর দেওয়া যাবে।
৫০০ মিটার পর্যন্ত সামনে-পেছনে ও বিভিন্ন দিকে পাঁচটি ক্যামেরা দিয়ে ছবি তোলার পাশাপাশি ভিডিও করার একটি রোবট তৈরি করেছে মোহাম্মদপুর মডেল স্কুল ও কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী আবদুল্লাহ আল জীবন। সে বলল, এ ধরনের রোবট দিয়ে গণমাধ্যমকর্মী বা আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঝুঁকিপূর্ণ স্থানে নিজেরা না গিয়ে তথ্য সংগ্রহ করতে পারবেন।
এ ছাড়া পরিকল্পিত নগর, নোংরা পানিকে বিশুদ্ধ করে তা থেকে বিদ্যুৎ উৎপন্ন করা, ভারী বস্তু ওঠা-নামা করানোর রোবটসহ বিভিন্ন প্রকল্প তৈরি করেছে শিক্ষার্থীরা।
মেলার সদস্যসচিব রেসিডেনশিয়াল মডেল কলেজের সহকারী অধ্যাপক জাহেদুল হক জানান, দেশের ১৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছে। এতে প্রকল্প প্রতিযোগিতা, কুইজ, বিজ্ঞানবিষয়ক গল্প লেখা, উপস্থিত বক্তৃতাসহ নানা প্রতিযোগিতার আয়োজন রয়েছে। আগামীকাল শনিবার মেলা শেষ হবে।