বিজ্ঞান শাখায় বিষয় আছে পাঁচটি। এই পাঁচ বিষয় মিলিয়ে শিক্ষক আছেন মাত্র একজন। শিক্ষকসংকট রয়েছে প্রতিটি বিষয়েই। এ অবস্থায় চলছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সরকারি লালন শাহ কলেজ। শিক্ষকেরা বলছেন, শিক্ষকসংকটের কারণে শিক্ষার মান ধরে রাখা যাচ্ছে না।
কলেজ সূত্রে জানা যায়, লালন শাহ কলেজে বিজ্ঞান শাখায় গণিত, রসায়ন, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা ও পদার্থবিদ্যা পড়ানো হয়। এসব বিষয়ের শিক্ষার্থী আছেন ৫০ জন। এর মধ্যে কেবল গণিতে একজন শিক্ষক আছেন। অন্য বিভাগগুলো শিক্ষকশূন্য। প্রাণিবিদ্যার শিক্ষক নেই তিন বছর। রসায়ন ও পদার্থবিদ্যায় শিক্ষকের পদ এক বছর ধরে শূন্য। আর উদ্ভিদবিদ্যা বিষয়ে কোনো পদ সৃষ্টিই করা হয়নি।
অধ্যক্ষ মো. আতিয়ার রহমান বললেন, লালন শাহ কলেজটি এই এলাকার ছেলেমেয়েদের পড়ালেখার একমাত্র ভরসা। নানা কারণে প্রতিষ্ঠার পর থেকে কলেজটি যথেষ্ট সুনাম কুড়িয়েছে। পড়ালেখার মান সন্তোষজনক। কিন্তু শিক্ষকসংকটের কারণে এখন মান ধরে রাখতে হিমশিম খাচ্ছেন তাঁরা।
এনাম কমিশনের সুপারিশ অনুযায়ী, এই কলেজের স্নাতক পড়ানো হয়—এমন ছয়টি বিভাগে শিক্ষক প্রয়োজন ৪২ জন। সেখানে সৃষ্ট পদই আছে ২৪টি। এর মধ্যে কর্মরত শিক্ষক আছেন মাত্র ১৬ জন। আর উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষকের প্রয়োজন ১৩ জন। কিন্তু সৃষ্ট পদ আছে সাতটি; কর্মরত শিক্ষক আছেন মাত্র দুজন। একইভাবে কলেজটিতে প্রয়োজনীয় ১৭ জন কর্মচারীর বিপরীতে দুজন কর্মরত আছেন। আর হিসাবরক্ষকের পদটি পাঁচ বছর ও অফিস সহকারীর দুটি পদের একটি ১৫ বছর ধরে শূন্য রয়েছে।
সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে উচ্চমাধ্যমিকের বিজ্ঞান শাখা এবং স্নাতক শ্রেণি চালু থাকা ছয়টি বিভাগে। এর মধ্যে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন ও ইংরেজি বিভাগে তিনজন করে এবং অর্থনীতি বিভাগে দুজন শিক্ষক কর্মরত আছেন। শিক্ষার্থী অনুপাতে এসব বিভাগে শিক্ষকের সংখ্যা অনেক বেশি থাকা দরকার ছিল। আর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে কোনো শিক্ষকই নেই।
অধ্যক্ষ জানান, কলেজে এখন উচ্চমাধ্যমিক পর্যায়ে মানবিকে ২৮০ জন, বিজ্ঞানে ৫০ আর ব্যবসায় শিক্ষায় ৩০ জন শিক্ষার্থী রয়েছেন। শিক্ষকসংকটের কারণে প্রতিবছরই এসব শাখায় স্বাভাবিকের চেয়ে কমসংখ্যক শিক্ষার্থী ভর্তি হচ্ছেন। আবার পাস করার পরে তাঁরা এখানে স্নাতক শ্রেণিতে আর ভর্তি হন না।
অবকাঠামোগত সমস্যা
হরিণাকুণ্ডুর হরিশপুরে জন্ম নেওয়া বাউলসম্রাট লালন শাহর নামে এলাকার কিছু শিক্ষানুরাগী ১৯৭২ সালে হরিণাকুণ্ডু শহরে প্রতিষ্ঠা করেন কলেজটি। ১৯৮৬ সালে এটি জাতীয়করণ করা হয়। ২ একর ৯১ শতক জমির ওপর প্রতিষ্ঠিত কলেজে ছয়টি ভবন রয়েছে। মোট কক্ষের সংখ্যা ২৮টি। এর মধ্যে ক্লাস চলে ১৪টিতে। বাকিগুলো অফিস, ছাত্রছাত্রী কমনরুমসহ অন্যান্য কাজে ব্যবহার করা হয়। কলেজটিতে এখন মোট শিক্ষার্থী আছেন ২ হাজার ৩০০ জন।
কলেজের শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, কলেজে একাডেমিক ভবনের সংকট রয়েছে। এ ছাড়া ছাত্রছাত্রীদের জন্য কোনো ছাত্রাবাস নেই। ফলে দূরের শিক্ষার্থীরা এখানে পড়তে এসে সমস্যায় পড়েন। বিশেষ করে ছাত্রীদের জন্য জরুরিভাবে একটি হোস্টেল নির্মাণ করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
এ ছাড়া লালন শাহ কলেজে কোনো মিলনায়তন নেই। এটি কলেজের ছাত্র-শিক্ষকসহ সবার প্রাণের দাবি।
কলেজের শিক্ষার্থী মইনুল ইসলাম বলেন, শিক্ষকসংকটের কারণে তাঁরা অনেক পিছিয়ে পড়ছেন। তবু বাড়িতে পড়াসহ বিকল্প উপায়ে তাঁরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। কিন্তু একটি মিলনায়তন না থাকা বড়ই কষ্টের। কলেজে বার্ষিক খেলাধুলাসহ নানা কর্মসূচি পালিত হয়ে থাকে। কিন্তু মিলনায়তন না থাকায় খোলা স্থানে অনুষ্ঠান করতে হয়।