নীলফামারী সরকারি মহিলা মহাবিদ্যালয়ে শিক্ষক-সংকট প্রকট আকার ধারণ করেছে। মানবিক ও বাণিজ্য বিভাগে ২৬টি পদে শিক্ষক আছেন নয়জন। দুই বছর আগে বিজ্ঞান বিভাগ চালু করা হলেও শিক্ষক ও প্রদর্শকের পদই সৃষ্টি করা হয়নি। তিনটি বিভাগে প্রায় দেড় হাজার ছাত্রীকে এখন পাঠদান করাতে হচ্ছে ভাড়া করা শিক্ষক দিয়ে।কলেজ সূত্রে জানা যায়, ১৯৭২ সালের ১ জুলাই শহরের প্রাণকেন্দ্রে প্রায় তিন একর জমির ওপর প্রতিষ্ঠিত নীলফামারী মহিলা মহাবিদ্যালয়টি ১৯৮৪ সালের ১ নভেম্বর জাতীয়করণ করা হয়। শুরু থেকে এখানে বাণিজ্য ও মানবিক শাখা ছিল। ছাত্রী ও অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে ২০০৯-১০ শিক্ষাবর্ষে বিজ্ঞান শাখা খোলা হয়। এখন বিজ্ঞান শাখায় প্রথম বর্ষে ৬৫ ও দ্বিতীয় বর্ষে ৪২ জন ছাত্রী থাকলেও নেই কোনো শিক্ষক-প্রদর্শক।সূত্রমতে, মহাবিদ্যালয়ে বর্তমানে ছাত্রীর সংখ্যা প্রায় দেড় হাজার। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে শিক্ষকের চারটি পদ, ব্যবস্থাপনায় দুটি ও অর্থনীতি বিষয়ে দুটি পদ থাকলেও কোনো শিক্ষক নেই। ইংরেজি বিষয়ে তিনজন শিক্ষকের পদে কর্মরত আছেন মাত্র একজন। বাংলা ও ইতিহাস বিষয়ে তিনজনের পদে আছেন দুজন করে। দর্শনের তিনটি পদে আছেন একজন। হিসাববিজ্ঞানে দুটি পদে আছেন একজন। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর পদ খালি রয়েছে পাঁচটি।স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী শিউলী খানম বলেন, কলেজের সমস্যার শেষ নেই। শিক্ষক-সংকট তীব্র। ছাত্রীনিবাসে চারজনের কক্ষে থাকতে হচ্ছে সাত-আটজন করে। অধ্যক্ষ এ টি এম মোস্তফা চৌধুরী এ বিষয়ে প্রথম আলোকে বলেন, শিক্ষকস্বল্পতার কারণে বাইরে থেকে ভাড়া করা শিক্ষক দিয়ে ক্লাস নিতে হচ্ছে। বিজ্ঞান শাখায় শিক্ষক ও প্রদর্শকের পদ সৃষ্টি করা হয়নি। তিনি আরও বলেন, এনাম কমিশনের রিপোর্ট অনুযায়ী শিক্ষকের পদ সৃষ্টি হলে এখানে শুধু বিজ্ঞান শাখায় ১২ জন শিক্ষকের প্রয়োজন। সব মিলিয়ে তিনটি শাখায় শিক্ষকের পদ দাঁড়াবে ৩৮ জনে। বর্তমানে অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ শিক্ষক কর্মরত আছেন মাত্র নয়জন। বিষয়টি মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হয়েছে।