
বিজ্ঞানের পড়াশোনা ধীরে ধীরে কমে যাচ্ছে। এ ক্ষেত্রে ভালো বই, পর্যাপ্ত শিক্ষা উপকরণ ও শিক্ষকের অভাব আছে। বিজ্ঞান শিক্ষার জন্য জ্ঞান আহরণে বৈষম্য ও ব্যবধান কমিয়ে আনতে হবে।
গতকাল শনিবার রাজধানীর পান্থপথে শেল্টেক্ লাউঞ্জে বিজ্ঞানের মজার পাঠশালা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কয়েকজন বক্তা এ কথা বলেন।
আয়োজকেরা জানান, ছাত্র-ছাত্রীর এই ‘বিজ্ঞানভীতি’কে ‘বিজ্ঞানপ্রীতি’তে পরিণত করার জন্য বইটির প্রকাশ। বইটি নির্মাতাপ্রতিষ্ঠান শেল্টেক্ ও সেরাজ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় প্রকাশিত হয়েছে।
অনুষ্ঠানে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, বইটি দেশে বিজ্ঞান শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘দুর্ভাগ্যজনক, আমাদের পরীক্ষার পদ্ধতি ভালো নয়। কারণ, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। সব মিলিয়ে একটা জটিল অবস্থার মধ্যে আছি। এ অবস্থা থেকে যদি বের হয়ে আসতে হয়, তাহলে সবাইকে স্বীকার করতে হয়—হ্যাঁ, জটিল অবস্থায় আছি। দুর্ভাগ্যজনক, সরকারও স্বীকার করেন না। জটিল অবস্থায় আছি। উনারা বলেন, সবকিছু ঠিকঠাক আছে।’
বইয়ের সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক জেবা ইসলাম সেরাজ বলেন, বইটির দুই হাজার কপি ছাপা হয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের বইগুলো দেওয়া হবে। সারাহ সেরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, শেল্টেক্ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম. সেরাজ প্রমুখ বক্তব্য দেন।