
বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলার উদ্যোগ হিসেবে দি সিটি ব্যাংক লিমিটেড ও প্রথম আলোর উদ্যোগে শুরু হচ্ছে ‘সায়েন্স কার্নিভাল’। গত সোমবার রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে দি সিটি ব্যাংক ও প্রথম আলোর মধ্যে এ বিষয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং দি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল রেজা খালেদ হোসাইন।
সায়েন্স কার্নিভালের মাধ্যমে সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বিজ্ঞান মেলার আয়োজন করা হবে। আঞ্চলিক ও জাতীয় বিজ্ঞান মেলার পাশাপাশি অনুষ্ঠিত হবে জাতীয় বিজ্ঞান উৎসব। এতে বিভিন্ন বিজ্ঞান প্রকল্প প্রদর্শন, বিজ্ঞানবিষয়ক বইমেলা ইত্যাদি থাকবে। শিক্ষার্থীরা যাতে নিজেদের প্রকল্প নিয়ে ‘গুগল বিজ্ঞান মেলা’য় যোগ দেওয়ার সুযোগ পায়, সে বিষয়ে জোর দেওয়া হবে।
গতকাল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মতিউর রহমান বলেন, ‘বিজ্ঞানকে জনপ্রিয় করতে, বিজ্ঞানভীতি দূর করতে আমাদের এই উদ্যোগ। আমরা শিক্ষার্থীদের সব সময় উৎসাহ জোগাতে চাই। আমরা চাই তরুণেরা বিজ্ঞানে আরও উৎসাহী হোক, তাহলে দেশের উন্নতি হবে।’
মতিউর রহমান আরও জানান, এই উদ্যোগের মধ্যে বিজ্ঞান শিক্ষা জনপ্রিয় করা এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে নীতিনির্ধারক, অভিভাবক, শিক্ষকদের নিয়েও থাকবে আয়োজন। পাশাপাশি এই উদ্যোগের অংশ হিসেবে থাকবে ফেলোশিপের ব্যবস্থা। এর আওতায় একজন ফেলো বিজ্ঞান নিয়ে নানা কাজ করবেন। প্রথম আলোতে এ বিষয়ে বিভিন্ন নিবন্ধ/ফিচার প্রকাশ করা হবে।
সোহেল রেজা খালেদ হোসাইন বলেন, ‘দেশের শিক্ষা বিস্তারে সিটি ব্যাংক ভূমিকা রাখতে চায়। এটি তারই সূচনা। এ ক্ষেত্রে প্রথম আলোই সবচেয়ে ভালো সহযোগী। শিক্ষাক্ষেত্রে কাজ করার এমন সুযোগ পেয়ে আমরা আনন্দিত।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক এ আর খান এবং সিটি ব্যাংক ও প্রথম আলোর কয়েকজন কর্মকর্তা।
সায়েন্স কার্নিভাল উদ্যোগটি পরিচালিত হবে একটি উপদেষ্টা কমিটির তত্ত্বাবধানে। উপদেষ্টা কমিটিতে আছেন জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক এ আর খান, এশিয়া-প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।