বিজ্ঞানচিন্তার আঙিনায় আমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৫ অক্টোবর বেরোচ্ছে মাসিক বিজ্ঞানচিন্তা। প্রথম আলো পরিবারের নতুন সংযোজন। পত্রিকাটির মূল লক্ষ্য দেশবাসীর বিজ্ঞানসচেতনতা বাড়ানো। বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ আবিষ্কার, অর্জন ও সম্ভাবনার কথা সবার কাছে নিয়ে যাওয়া।

বিশেষভাবে তরুণেরা আসুন বিজ্ঞানচিন্তার আঙিনায়। সে জন্য আকর্ষণীয়ভাবে বিজ্ঞানের তত্ত্ব ও তথ্য লেখার প্রতি আমরা বিশেষ যত্নবান থাকব।

স্টিফেন হকিং মহাজগতের যেসব রহস্য উন্মোচন করছেন, তাকে সহজ কথায় তুলে ধরলে সবাই বর্তমান বিশ্বে বিজ্ঞানের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন। রোবটের জগতে কী হচ্ছে? সিঙ্গাপুরে তো শিগগিরই রোবট চালাবে গাড়ি, ড্রাইভার ছাড়াই। কীভাবে এটা সম্ভব? অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী যানজটে আটকা পড়লে সামনের কোনো গাড়ির নম্বর দুটি বর্গসংখ্যার বিয়োগফল হিসেবে প্রকাশ করেন মনে মনে হিসাব করে, কীভাবে সম্ভব? ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তেলাপোকা টিকে আছে, যদি পারমাণবিক বিশ্বযুদ্ধ লাগে, তাহলেও কি তেলাপোকা টিকে থাকতে পারবে? গণিতের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক বিষয়েই বা আমরা কতটা জানি? এসব জানতে সাহায্য করবে বিজ্ঞানচিন্তা।

আরও অনেক কিছু আছে। কেউ আপনাকে প্রশ্ন করল, এসি চালিয়ে ঘর ঠান্ডা করা গেলে লাখো এসি চালিয়ে পৃথিবীটাকে কি ঠান্ডা রাখা যায় না? তাহলে কেন বৈশ্বিক উষ্ণায়ন (গ্লোবাল ওয়ার্মিং) নিয়ে সারা বিশ্বের মানুষ উদ্বিগ্ন? এসি দিয়ে এটা যে সম্ভব নয়, বিজ্ঞান কমিকস আকারে তারও একটা ব্যাখ্যা পাওয়া যাবে। আপনি জানতে চান মোবাইল অ্যাপস, ইলেকট্রনিকস, কম্পিউটার গেমসের কথা। দেশের বিজ্ঞান ক্লাব, বিজ্ঞান প্রজেক্ট, বিজ্ঞান কুইজসহ আরও অনেক কথা। বিজ্ঞান কল্পকাহিনি। সবকিছুই পাওয়া যাবে বিজ্ঞানচিন্তায়।

প্রতিবছর সারা দেশের প্রায় ৩০ হাজার কিশোর-তরুণ শিক্ষার্থী গণিত উৎসব ও অলিম্পিয়াডে অংশ নেন। তাঁদের জন্য রয়েছে গণিতের কঠিন সমস্যা নিয়ে লেখা কয়েক পাতার আয়োজন।

মাথা খাটালে বুদ্ধি খোলে। তাই দাবার সমস্যা থাকবে প্রতি সংখ্যায়। দুই চালে মাত করার কৌশল বের করতে অনেক চিন্তাভাবনা করতে হয়। মেধা বিকাশের একটি ভালো উপায় এটি।

তরুণদের বিজ্ঞানমনস্ক করার সবচেয়ে ভালো উপায় হলো তাঁদের মনের হাজারো প্রশ্নের বিজ্ঞানসম্মত উত্তর তাঁদের কাছে পৌঁছে দেওয়া। আমরা চাই, যেসব প্রশ্নের উত্তর সবার জানা দরকার, সেগুলো যেন সবাই বিজ্ঞানচিন্তায় পায়।

বিজ্ঞানচিন্তায় লিখেছেন দেশের বিশিষ্ট বিজ্ঞানী, অধ্যাপক, গবেষক ও বিশেষজ্ঞরা। শুধু তা-ই নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের তরুণ শিক্ষার্থীরাও লিখেছেন।

ইন্টারনেট, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের এই যুগে আমরা যদি বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে গবেষণা ও সর্বশেষ আবিষ্কার, বিশ্বকে চমকে দেওয়া তথ্যের কথা জানতে না পারি, তাহলে পিছিয়ে পড়ব।

বাংলাদেশ তো পিছিয়ে থাকতে পারে না। এগিয়ে যাচ্ছে। আরও এগিয়ে যাবে।

এ জন্য বিজ্ঞানচিন্তা সবার জন্য খুব জরুরি।

কাল বাজারে আসছে প্রথম আলো পরিবারের মাসিক বিজ্ঞানচিন্তা। বিজ্ঞানসচেতনতা সৃষ্টিতে এটা এক নতুন মাত্রা যোগ করবে। নিজে পড়ুন। সবাইকে পড়তে বলুন।