বিজ্ঞানবিষয়ক প্রতিযোগিতা ইগনাইটের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইগনাইট মানে হলো প্রজ্বলিত করা। বিজ্ঞান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ কমে গেছে। তাদের মধ্যে বিজ্ঞান নিয়ে আগ্রহ বাড়িয়ে দিতে হবে। তাদের ভেতরের আগুন জ্বালাতে হবে। এ ধরনের উদ্দেশ্য সামনে রেখেই শুরু হচ্ছে বিজ্ঞানবিষয়ক প্রতিযোগিতা ‘ইগনাইট’।
যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করছে দ্য ডেইলি স্টার ও গ্রামীণফোন। গতকাল শনিবার ডেইলি স্টার কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হয়। ‘ইন্টারনেট প্রজন্মের জন্য বিজ্ঞান’—এ স্লোগান সামনে রেখে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, সবকিছু অচল থাকলেও মুঠোফোন থাকে সচল। এখানেও আছে বিজ্ঞান। বিজ্ঞান এখন আর শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়। জীবন সামনের দিকে নিয়ে যাওয়ার জন্যই বিজ্ঞান প্রয়োজন। জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কিছু মোকাবিলা করার জন্যই বিজ্ঞান জরুরি। অথচ গণমাধ্যমসহ সব জায়গাতেই বিষয়টি অবহেলিত।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৭৫টি স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর দুই লাখ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেবে। একই সঙ্গে দুই হাজার শিক্ষকের কাছে বিজ্ঞানশিক্ষার প্রয়োগ ও প্রয়োজনীয়তার বার্তাটিও পৌঁছে যাবে বলেই আশা করছে আয়োজন প্রতিষ্ঠান দুটি। এ ছাড়া এ প্রতিযোগিতায় অভিভাবক এবং বিজ্ঞানসংশ্লিষ্টদেরও সম্পৃক্ত করা হবে। বৈজ্ঞানিকদের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে বৈজ্ঞানিক সম্মেলনেরও আয়োজন করা হবে।
প্রতিযোগিতার বিভিন্ন তথ্য জানানোর জন্য একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হবে। আগামী বছর ফেব্রুয়ারির দিকে তিনটি বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।
ডিসকভার সায়েন্স বিভাগে বিভিন্ন কুইজ বা প্রশ্নোত্তর পর্ব থাকবে। আইডিয়া ফ্লাইট বিভাগে শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন প্রজেক্ট দেখানোর সুযোগ পাবে। ইমাজিন দি ফিউচার বিভাগে শিক্ষার্থীরা বিজ্ঞান ভবিষ্যতে কী করতে পারে, তা নিয়ে বিভিন্ন মডেল তৈরি করবে।
সংবাদ সম্মেলনে ডেইলি স্টার-এর ব্যবস্থাপনা সম্পাদক সালেহউদ্দিন আহমেদ, ব্যবস্থাপক (বিজনেস ডেভেলপমেন্ট) শাহরিয়ার শহীদ এবং গ্রামীণফোনের করপোরেট কমিউনিকেশনসের প্রধান সৈয়দ তাহমীদ আজিজুল হক প্রতিযোগিতার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।