শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশ্বমানের বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। একই সঙ্গে নতুন প্রজন্মকে উন্নত নৈতিক চরিত্র ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি গতকাল বুধবার গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত ওআইসি পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২৯তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বর্তমানে ৯৯ ভাগেরও বেশি শিশু প্রাথমিক বিদ্যালয়ে অন্তর্ভুক্ত হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় সমানসংখ্যক ছেলেমেয়ে শিক্ষার সুযোগ পাচ্ছে। সব ক্ষেত্রেই মানসম্পন্ন শিক্ষাব্যবস্থার উন্নতি হচ্ছে। আমরা এখন প্রকৌশল ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।’
নুরুল ইসলাম নাহিদ বলেন, বর্তমানে দেশে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ৮৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, আইইউটিসহ দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুসলিম দেশগুলোতে বিজ্ঞান ও প্রকৌশল ক্ষেত্রে এবং আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে এই শিক্ষাপ্রতিষ্ঠানকে গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হবে। সরকার এ বিশ্ববিদ্যালয়ে একটি ১০তলা মহিলা হোস্টেল নির্মাণ ও শিক্ষা কার্যক্রমের জন্য আরেকটি ১০তলার ভবন নির্মাণে অর্থের অনুমোদন দিয়েছে।
শিক্ষামন্ত্রী বাংলাদেশসহ ওআইসির বিভিন্ন দেশের স্নাতক সম্পন্ন করা ৩৩২ জন শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করেন। এ ছাড়া বিশেষ কৃতিত্ব অর্জনে কয়েকজন শিক্ষার্থীকে ওআইসি এবং আইইউটির স্বর্ণপদক দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম ইমতিয়াজ হোসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে ওআইসি মহাসচিব ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ইয়াদ আমিন মাদানির পক্ষে বক্তব্য দেন সংস্থাটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাম্বাসেডর মোহাম্মদ নাঈম খান।