রাজশাহীতে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, বিজ্ঞানের সম্ভাবনাকে উদ্ভাবনী শক্তি দিয়ে নতুন নতুন আবিষ্কার করতে হবে। রোগ ও দারিদ্র্যকে দূর করে একটি সুন্দর বিশ্ব গড়ে তুলতে হবে। এ জন্য বিজ্ঞান শিক্ষার সহায়ক পরিবেশ ও বিজ্ঞানমনস্কতার প্রয়োজন। তরুণ শিক্ষার্থীদের ভেতর বিজ্ঞানের ভীতি কাটিয়ে একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠনে সহায়ক ভূমিকা পালন করবে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।
গতকাল রাজশাহীতে ‘বিজ্ঞানমনস্ক জাতি গঠনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। রাজশাহী সার্কিট হাউস সম্মেলন কক্ষে সকাল ১০টায় সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আদলে রাজশাহীতে ২০ কোটি টাকা ব্যয়ে বিভাগীয় পর্যায়ের ‘সায়েন্স সেন্টার’ স্থাপনের একটি পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সেমিনারে জানানো হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।