বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার তাগিদ
বিজ্ঞানবিষয়ক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ‘আগামী প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে সবার মধ্যে বিজ্ঞানের তথ্য ছড়িয়ে দিতে হবে। মানবজাতির ইতিহাস সম্পর্কে মানুষ জানতে পারলে সমাজে মানবতাবোধ ফিরে আসবে।’ গতকাল মঙ্গলবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে মুহাম্মদ ইব্রাহিমের মহাবিশ্ব, পৃথিবী ও প্রাণের বিবর্তনসহ বিজ্ঞানবিষয়ক আটটি বইয়ের সিরিজের প্রকাশনা অনুষ্ঠানে তাঁরা নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার তাগিদ দিয়েছেন। অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় জামিলুর রেজা চৌধুরী বলেন, তরুণ প্রজন্মকে সহজ ভাষায় বিজ্ঞানের তথ্য জানাতে হবে। তরুণ বয়স থেকে বিজ্ঞানের প্রতি আগ্রহ থাকলে আগামী প্রজন্ম অনেক কিছু আবিষ্কার করতে পারবে। পুস্তক ছাড়াও প্রযুক্তির অন্যান্য মাধ্যমে বিজ্ঞানের তথ্য জানানোর উদ্যোগ নিতে হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বলেন, জলবায়ু পরিবর্তনসহ বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের এ বিষয়গুলো উঠে এসেছে বিজ্ঞানবিষয়ক এসব বইয়ে। এসব তথ্য আগামী প্রজন্মকে সহায়তা করবে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি এ আর খান বলেন, মানুষ মানুষকে বুঝতে পারলে সমাজে মানবতাবোধ গভীর হবে। সে জন্য মানবজাতির ইতিহাস জানা জরুরি। বইয়ের লেখক মুহাম্মদ ইব্রাহিম বলেন, ‘আমরা কারা, কোথা থেকে এসেছি, কেমন করে চিন্তা করি, মহাবিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ক ইত্যাদি নানা প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে বইগুলোতে। এতে বিজ্ঞানের সর্বশেষ তথ্য সংযোজনের চেষ্টা করা হয়েছে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক হাসিনা খান, প্রকাশনা প্রতিষ্ঠান সুবর্ণর স্বত্বাধিকারী আহমেদ মাহফুজুল হক প্রমুখ।