বিজ্ঞানমনস্কতা সৃষ্টির উদ্যোগ নিন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্ঞানবিজ্ঞানের চর্চা ও অনুশীলনের মাধ্যমে জনসাধারণের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও সচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্ট সবাইকে যথাযথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা প্রকল্পে বিশেষ অনুদান, ছাত্রছাত্রী ও গবেষকদের মধ্যে বঙ্গবন্ধু ফেলোশিপ এবং এনএসটি ফেলোশিপের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। দিনবদলের জন্য নিত্যনতুন লাগসই প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে আমাদের বিপুল জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে পারলেই আমরা উন্নয়নের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব।’
বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব আমির হোসেন। অনুষ্ঠানে সাতজনকে বঙ্গবন্ধু ফেলোশিপ ও ন্যাশনাল সায়েন্স টেকনোলজি চেক এবং তিনজনকে গবেষণা অনুদানের চেক প্রদান করা হয়।
ফেলোশিপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় অনুদান এবং বঙ্গবন্ধু ফেলোশিপের জন্য নির্বাচিত ফেলো ও বিজ্ঞানীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অগ্রসরমাণ অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ বিজ্ঞানপ্রযুক্তিতে পিছিয়ে থাকতে পারে না।
শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই, বয়স যাতে গবেষকদের জন্য কোনো বাধা হতে না পারে। তবে আমরা এটা গণহারে করতে চাই না। যাঁরা সুনির্দিষ্ট গবেষণায় নিয়োজিত আছেন, তাঁদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা করতে চাই।’
শিক্ষানবিশ গবেষকদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “আমাদের সরকারের বিগত শাসনামলে দেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যাপক প্রয়োগ নিশ্চিত করেছি। ২০২১ সালের অনেক আগেই ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রতিষ্ঠার সব উদ্যোগ সম্পন্ন হয়েছে। মহাকাশে বাংলাদেশের প্রথম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপণের প্রক্রিয়া শুরু হয়েছে।”
প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, তাঁর সরকার বরাবরই বিজ্ঞান গবেষণা ও উদ্ভাবনে পৃষ্ঠপোষকতা এবং বিজ্ঞানচর্চাবান্ধব নীতি প্রণয়নে সর্বোচ্চ আন্তরিক।
মিসরের প্রধানমন্ত্রীর অভিনন্দন: মিসরের প্রধানমন্ত্রী হাজেম এল বেবলাওয়ি ৫ জানুয়ারির নির্বাচনের পর সরকারপ্রধান হিসেবে পুনরায় দায়িত্ব লাভ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মিসরের প্রধানমন্ত্রী এক বার্তায় দৃঢ় আস্থা প্রকাশ করেন যে ভ্রাতৃপ্রতিম দুটি দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আগামী দিনগুলোতে আরও জোরদার হবে।