বিজ্ঞানশিক্ষায় অনাগ্রহ, আমাদের করণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৭ মে ২০১৪, প্রথম আলোর আয়োজনে ‘বিজ্ঞান শিক্ষায় অনাগ্রহ: আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো।

তথ্যসূত্র: বাংলাদেশ ব্যুরো অব এডুকেশন ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিসটিকস
তথ্যসূত্র: বাংলাদেশ ব্যুরো অব এডুকেশন ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিসটিকস

আলোচনা
আব্দুল কাইয়ুম: দেশে দিন দিন বিজ্ঞান শিক্ষার্থী কমে আসছে। একসময় মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪২ শতাংশ। কিন্তু এখন এ সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে প্রায় ২২ শতাংশে এসেছে। শিক্ষাজীবনের শুরুতেই শিক্ষার্থীরা বিজ্ঞানশিক্ষায় অনাগ্রহী হচ্ছে। জাতির জন্য এটি উদ্বেগজনক। এ অবস্থা কাটিয়ে শিক্ষার্থীদের বিজ্ঞানশিক্ষায় আগ্রহী করে তুলতে হবে। এখন এ বিষয়ে আলোচনা করবেন নুরুল ইসলাম নাহিদ।

নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

নুরুল ইসলাম নাহিদ: মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞানের শিক্ষার্থী কমে যাচ্ছে। শিক্ষার্থীরা বিজ্ঞানশিক্ষায় আগ্রহ দেখাচ্ছে না। আমরা এ বিয়য়ে কিছুটা উদ্বিগ্ন। এটা নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা করেছি। বিশেষজ্ঞদের মতামত নিয়েছি। সেমিনার ও ওয়ার্কশপ করেছি। বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা কেবল আমাদের দেশে কমছে না। বিশ্বজুড়ে এই পরিবর্তনটা লক্ষ করা যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, বিজ্ঞান পড়া তুলনামূলকভাবে কঠিন। অন্য বিষয়ের থেকে বেশি মনোযোগের সঙ্গে পড়াশোনা করতে হয়। এ জন্য শিক্ষার্থীরা বিজ্ঞানশিক্ষায় আগ্রহ কম দেখাচ্ছে।
আমাদের দেশে পড়াশোনার সঙ্গে চাকরির কোনো মিল নেই। বিজ্ঞানের যেকোনো শাখায় পড়েও ব্যাংকসহ বিভিন্ন ক্ষেত্রে চাকরি করছে। এখন মানুষ ব্যবসা-বাণিজ্যের দিকে বেশি ঝুঁকছে। শিক্ষার্থীরা বিবিএ, এমবিএ, ম্যানেজমেন্ট—এসব বিষয়ে বেশি পড়ছে। শিক্ষার্থীরা মনে করে, এটা কিছুটা সহজে পড়া যায়। চাকরির বাজারও ভালো। বিজ্ঞানশিক্ষায় আগ্রহী করার জন্য আমরা চেষ্টা করছি। গ্রামাঞ্চলে বিজ্ঞানশিক্ষা প্রসারের জন্য মন্ত্রণালয় থেকে ১৭টি মাইক্রোবাস দেওয়া হয়েছে। এসব বাসে মোবাইল কম্পিউটার ল্যাব আছে। ল্যাবগুলো গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে। গ্রামের শিক্ষার্থীদের মজার মজার বিষয় দেখাচ্ছে।
এ রকম প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে। ২০০৯ সাল পর্যন্ত আমাদের বিজ্ঞান শিক্ষার্থী কমেছে। কিন্তু এর পর থেকে আবার বাড়া শুরু করেছে। ২০১০ সালে এইসএসসিতে আট বোর্ডে দুই লাখ চার হাজার ৫৫৫ জন বিজ্ঞান শিক্ষার্থী অংশ নেয়। এখন মাদ্রাসায় বিজ্ঞান শিক্ষা চালু হয়েছে। মাদ্রাসা ধরে হিসাব করলে ১০টি শিক্ষা বোর্ডে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা দুই লাখ ৩৬ হাজার ১৯ জন। ২০১১ সালে এ সংখ্যা বেড়ে হয় দুই লাখ ৭৪ হাজার ২৭ জন। ২০১২ সালে এসে বিজ্ঞান শিক্ষার্থী হয় তিন লাখ ২২ হাজার ৫৩ জন। ২০১৩ সালে এসে কিছুটা কমে। কিন্তু ২০১৪ সালে বেড়ে হয়েছে তিন লাখ ৫৮ হাজার ৫৬ জন শিক্ষার্থী। এভাবে দেখা যাচ্ছে প্রতিবছর বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। এইচএসসির মতো এসএসসিতেও ২০১০ সাল থেকে ক্রমান্বয়ে বিজ্ঞান শিক্ষার্থীর হার বাড়তে থাকে। আমরা বিজ্ঞান শিক্ষার প্রসারের জন্য কাজ করছি। পাঠ্যপুস্তক ও ক্লাসরুমকে আনন্দময় করছি। মাল্টিমিডিয়া ক্লাসরুম পদ্ধতি চালু করেছি। শিক্ষকদের প্রশিক্ষণ দিয়েছি। আপনারা সবাই ভূমিকা রাখছেন। এখন বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। হয়তো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছিনা। তবে আমাদের, আপনাদের—সবার প্রচেষ্টা অব্যাহত থাকলে বিজ্ঞানশিক্ষা প্রসারের ক্ষেত্রে আরও সফলতা অর্জন করব।

সাজ্জাদুর রহমান চৌধুরী
সাজ্জাদুর রহমান চৌধুরী

সাজ্জাদুর রহমান চৌধুরী: আমরা মাঠপর্যায়ে কাজ করছি। আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। মন্ত্রীর কথার সঙ্গ আমাদের দ্বিমত নেই। ১৯৯৮ সালে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪২ শতাংশ। এখন এটা ২২ শতাংশে নেমে এসেছে। এতটা কেন কমল? আসলে কী ঘটনা ঘটেছে? এসব দেখার জন্য ফ্রিডম ফাউন্ডেশনসহ আরও অনেকে মাঠে নেমে পড়ি। ঢাকা ও ঢাকার আশপাশের স্কুলগুলোয়ও বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা কমছে।
আমরা বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রীকে মানিকগঞ্জের একটি ইউনিয়নে নিয়েছিলাম। আমাদের সঙ্গে ছিল বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সদস্যারা । সেখানে গত তিন বছরে ৭০০ শিক্ষার্থীর একটি স্কুলের একজনও বিজ্ঞান শাখার পরীক্ষার্থী ছিল না। উত্তর ও দক্ষিণাঞ্চলের কয়েকটা স্কুল ঘুরে চার-পাঁচজন করে বিজ্ঞানের শিক্ষার্থী পেয়েছি। সরকার শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছে। সরকার থেকে স্কুলে কম্পিউটার দেওয়া হয়েছে। এসব খুবই প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু আমরা কিছু স্কুল ঘুরে দেখেছি, ল্যাব ব্যবহার করা হয় না। যন্ত্রপাতিগুলো নষ্ট হচ্ছে। কিছু স্কুলে বিজ্ঞানাগারের যন্ত্রপাতি আলমারিতে তালা দেওয়া। শিক্ষকেরা জানেন না বিজ্ঞানাগারের যন্ত্রপাতি কীভাবে ব্যবহার করতে হয়। কোনো কোনো স্কুল তাদের কম্পিউটার কাপড় দিয়ে ডেকে রেখেছে। ক্লাসে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কোন্নয়ন জরুরি। আমরা এ ক্ষেত্রে কাজ করছি। সরকার শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছে। এটাকে আরও কীভাবে উন্নয়ন করা যায়, সেটা ভাবতে হবে। সবাই একসঙ্গে চেষ্টা করলে ভবিষ্যতে বিজ্ঞান শিক্ষার দিকে এগোতে পারব।

মুনির হাসান
মুনির হাসান

মুনির হাসান: গণিত অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত আছি। সম্প্রতি বিজ্ঞান নিয়েও কাজ করছি। ১৯৮৭ সালে ইলেকট্রিক ম্যাথকে ঐচ্ছিক করা হয়েছিল। ফলে ১৯৮৯ সালে অধিকংশ বিজ্ঞান পরীক্ষার্থীরা অঙ্কে মাত্র ১০০ নম্বরের পরীক্ষা দিয়ে এসএসসি পাস করে। এইচএসসিতে এরা বিজ্ঞান শাখায় পড়ার সুযোগ পায় বটে কিন্তু এদের সবাইকে বোটানি বা জুলজিতে বিএসসি পাস করতে হয়। গ্রামাঞ্চলের স্কুলগুলো বিএসসি বলতে বোঝে পদার্থবিজ্ঞান ও গণিত অবশ্যই থাকবে। পদার্থবিজ্ঞান ও গণিত ছাড়াও বিএসসি পাস করা যায়। কিন্তু এটা বুঝতে গ্রামের স্কুলগুলোর ১০-১২ বছর সময় লেগেছে। ২০০৪ সালে লুৎফুজ্জামান স্যার একটা জরিপ করেছিলেন। জরিপটি হয়েছিল চার হাজার ৫০০ গণিত শিক্ষকের মধ্যে। জরিপে দেখা গেল, ৯০ শতাংশ শিক্ষক জীবনে মাত্র ১০০ নম্বরের অঙ্ক করছেন। ফলে গণিত সম্পর্কে এসব শিক্ষকের ভালো ধারণা নেই। তাঁরা বাজার থেকে নোট বই কেনেন। নোটে ভুল-শুদ্ধ যেভাবে আছে, সেভাবে অঙ্ক করান। আমরা গণিত অলিম্পিয়াড করার সময় দেখলাম, শিক্ষার্থীদের গণিতে ভীতি নেই। কিন্তু গণিতের শিক্ষক-ভীতি আছে। শিক্ষকের নিয়মে অঙ্ক না করলে শিক্ষক অঙ্ক কেটে দেন। যেমন, ঢাকার নামকরা একটি স্কুলের এক শিক্ষার্থীকে কুয়াটির স্থানে কুয়া লেখায় সম্পূর্ণ অঙ্কটিতে শূন্য দেওয়া হয়েছে। আমরা দেখলাম, অঙ্কটি সম্পূর্ণ সঠিক। এটা নিয়ে ওই শিক্ষকের সঙ্গে কথা বলেছি। কেবল ‘টি’ না লেখার জন্য একজন শিক্ষক একটি অঙ্কে শূন্য দিয়েছেন। শিক্ষক নিয়োগের সময় যথেষ্ট যাচাই-বাছাই করে নেওয়া উচিত। একজন শিক্ষক ৩০ থেকে ৪০ বছর সেবা দেবেন। নিজে না জানলে এই ৪০ বছরই ভুল শেখাবেন। তাঁর জন্য ব্যয় করা সময়, অর্থ—সবই অনর্থক হবে। বছরের পর বছর হাজার হাজার শিক্ষার্থী ভুল তথ্য শিখবে। একবার এক ইংরেজ গণিতবিদ আমাকে জিজ্ঞেস করলেন, ‘তোমাদের অঙ্কের বইয়ে উদাহরণ এত কম থাকে কেন?’ তখন তাঁকে বললাম, আমাদের শিক্ষার্থীদের জোড় বছরে একটা উদাহরণ, বিজোড় বছরে অন্যটা করলেই হয়। বেশি উদাহরণ লাগে না। অবশ্য এখন সৃজনশীল পদ্ধতি হওয়ায় এ সমস্যা আর নেই। গণিত অলিম্পিয়াডের অভিজ্ঞতায় দেখেছি, গ্রামাঞ্চলেই মেধাবীর সংখ্যা বেশি। গ্রামকে বিশেষ গুরুত্ব দিতে হবে। গণিত অলিম্পিয়াডে অংশ নিয়ে শিক্ষার্থীরা দেশের জন্য সম্মান বয়ে আনছে। আমরা আশা করি, আমাদের দেশের শিক্ষার্থীরাও আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় অংশ নিক।

ব্রাদার রবি পিউরিফিকেশন
ব্রাদার রবি পিউরিফিকেশন

ব্রাদার রবি পিউরিফিকেশন: সরকারের বিভিন্ন উদ্যোগে প্রান্তিক ও দরিদ্র শিক্ষার্থীরা স্কুলে আসছে। কিন্তু তারা বিজ্ঞান পড়ছে না। বিজ্ঞান পড়ার জন্য প্রয়োজনীয় অর্থ ও সময় দিতে পারে না। শহর থেকে গ্রামে বিজ্ঞানশিক্ষার হার অনেক কম। গরিব শিক্ষার্থীরা একটি লক্ষ্য নিয়ে পড়াশোনা করে। বিজ্ঞানের ক্ষেত্রে গবেষণা করতে হয়। প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হয়। এ পর্যন্ত তারা যেতে পারবে কি না, শুরুতেই তাদের এ ভাবনাটি থাকে। এদের চিন্তা থাকে, কোনো রকম ডিগ্রি পাস করে একটি কাজে যুক্ত হওয়া। এ জন্য শিক্ষার্থীরা বিজ্ঞান পড়তে আগ্রহ দেখায় না। শিক্ষকদের মধ্যেও কিছু দুর্বলতা আছে। দেশের ব্যবসা, শিল্প, ব্যাংক, এনজিও—এসব খাতে বিজ্ঞানভিত্তিক জ্ঞানের প্রয়োজন হয় না। শিক্ষার্থীদের ধারণা, বিজ্ঞানের ক্ষেত্রে চাকরির সুযোগ কম। তাহলে এত কষ্ট করে তারা বিজ্ঞান পড়বে কেন? যারা বিজ্ঞান পড়ে, তারা বেশির ভাগই শিক্ষক হয়। বিজ্ঞান শিক্ষার্থী কমে যাওয়ার এটা একটা কারণ হতে পারে। তা ছাড়া দক্ষ শিক্ষকের অভাব। শিক্ষকেরা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে পারছেন না।
গ্রামের স্কুলগুলোতে বিষয়ভিত্তিক শিক্ষক থাকে না। ফলে বিজ্ঞানের অনেক বিষয় শিক্ষক-শিক্ষার্থী দুজনেই বুঝতে পারে না। এ জন্যও শিক্ষার্থীরা বিজ্ঞানে আগ্রহ হারিয়ে ফেলে। ভবিষ্যতে বিজ্ঞান শিক্ষার্থী আরও কমে গেলে আশ্চর্য হওয়ার কিছু নেই। অষ্টম শ্রেণিতে আগের ছয়টি বিষয়ের
জায়গায় তাকে এখন নয়টি বিষয় পরীক্ষা দিতে হয়। বিজ্ঞান নিলে তার চাপ আরও বেড়ে যায়। শিক্ষার্থীরা এত চাপ নিতে পারে না। এখন শহরেই ভালো শিক্ষক পাওয়া যায় না। এ ক্ষেত্রে গ্রামাঞ্চলের অবস্থা কী হবে? সবকিছু মিলে বিজ্ঞানশিক্ষার ক্ষেত্রে একধরনের নেতিবাচক অবস্থা সৃষ্টি হয়েছে।

দীপক কুমার নাগ
দীপক কুমার নাগ

দীপক কুমার নাগ: অধিকাংশ বিজ্ঞান শিক্ষকদের দক্ষতার অভাব রয়েছে। দক্ষতা বৃদ্ধি করার জন্য শিক্ষাদান-পদ্ধতির উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে শিক্ষকেরা দক্ষতার সঙ্গে পড়াতে পারেন। বিজ্ঞানশিক্ষাকে আনন্দদায়ক করার ব্যবস্থা হয়েছে। যাঁরা পড়াবেন টিচার্চ ট্রেনিং কলেজে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আইসিটি শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামীতে বিজ্ঞানশিক্ষার ভীতি অনেক কমে যাবে। আরেকটা সমস্যা হচ্ছে, বিএসসি পাস করলেই তাঁকে শিক্ষক হিসেবে নিয়োগ দিচ্ছি। এটা ভালো কিছু নয়। কারণ, কেউ মনোবিজ্ঞােন বিএসসি পাস করে পদার্থবিজ্ঞান পড়াতে পারবেন না। পদার্থবিজ্ঞান পড়ানোর জন্য একজন পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীকে শিক্ষক হতে হবে। তখন তিনি ভালোভাবে পদার্থবিজ্ঞান পড়াতে পারবেন। স্কুলগুলোয় পাসের হার বাড়ছে। শিক্ষার মান ঠিক থাকছে না। কারণ, শিক্ষার্থী ও অভিভাবকদের চিন্তাই হচ্ছে জিপিএ-৫ পেতে হবে। স্কুলগুলোয় মানসম্পন্ন পড়াশোনা হচ্ছে কি না, এ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকি করতে হবে। তদারকির জন্য যাদের পাঠানো হচ্ছে, তারা ঠিকমতো তদারকি করছে কি না, সেটাও খতিয়ে দেখতে হবে। একজন বিজ্ঞান শিক্ষার্থী বেশি পরিশ্রম করে ভালো ফল করার পরও চাকরির সুযোগ কম। আবার চাকরিতে হয়তো তাঁর বেতনও কম। চাকরির ক্ষেত্রে বিজ্ঞানশিক্ষাকে গুরুত্ব দিতে হবে। এদের ভালো পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে। দেশের শিল্পপ্রতিষ্ঠানকে বিজ্ঞানের কাঠামোয় আনতে হবে। যাতে এ ক্ষেত্রে বিজ্ঞান শিক্ষার্থীদের প্রয়োজন হয়।

মোরশেদ আলম
মোরশেদ আলম

মোরশেদ আলম: আমরা দেশের গ্রামগুলোতে বিজ্ঞান মেলা করার উদ্যোগ নিয়েছি। এ জন্য গ্রামের স্কুলগুলোতে বিজ্ঞান ক্লাব করছি। এরপর ক্লাবের জন্য সদস্য নির্বাচন করি। এ সদস্যদের দিয়েই বিজ্ঞান মেলার আয়োজন করি। ফলে ক্লাবের সদস্যরা নিজেদের মধ্যে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। এতে ওদের বিজ্ঞানভীতি কেটে যাচ্ছে। বিজ্ঞান মেলার প্রথম দিকে এরা খুব ভালো কিছু করতে পারেনি। কিন্তু সময় যাওয়ার সঙ্গে সঙ্গে ভালো প্রকল্প করেছে। স্কুল ক্যালেন্ডারে বিজ্ঞান মেলা রাখতে হবে। তাহলে শিক্ষার্থীরা আরও বেশি উৎসাহিত হবে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, নীতিনির্ধারক—সব পর্যায়ে কাজ হলে বিজ্ঞানশিক্ষায় ভবিষ্যতে এগিয়ে যেতে পারব।

রাশেদা কে চৌধূরী
রাশেদা কে চৌধূরী

রাশেদা কে চৌধূরী: আমাদের শিক্ষাক্ষেত্রের অনেক অর্জন আছে। যেমন এখন বই বিনা মূল্যে দেওয়া হয়। প্রাইমারি পড়ার পর শিক্ষার্থীরা মাধ্যমিক স্কুলে যায়। কিন্তু এখানে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। মাধ্যমিক স্কুলগুলো বেশির ভাগই বেসরকারি। এসব স্কুলের শিক্ষক নিয়োগ দেয় স্কুল কমিটি। তাই শিক্ষক নিয়োগে রাজনীতি ঢুকেছে। এটা বন্ধ করতে হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগে মৌখিক ২০ নম্বর ছিল। এখন ৩০ নম্বর করা হয়েছে। এ বিষয়টিও ঠিক হয়নি। তথাকথিত বিএসসি পাসের বিষয়টিতে আগেই গুরুত্ব দেওয়া উচিত ছিল। এদের ভাবতাম বিজ্ঞানের সাগর। এখন মনে হচ্ছে, কয়েকটি প্রজন্মকেই নষ্ট করেছি। শিক্ষাক্ষেত্রে যতটুকু বরাদ্দ দেওয়া দরকার, ততটুকু দেওয়া হচ্ছে না। ২০০০ সালে শিক্ষার বাজেট ছিল ১৪ শতাংশ। কিন্তু এখন সেটা ১১ শতাংশে নেমে এসেছে। শিক্ষা বাজেট নিয়ে সরকারকে ভাবতে হবে। বিজ্ঞান গবেষণাগার, বিজ্ঞানের শিক্ষক ইত্যাদি না দিলে কীভাবে বিজ্ঞান শিক্ষায় উন্নতি হবে? শিক্ষার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি অর্থ মন্ত্রণালয়, ব্যক্তি খাত ও গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে। কৃষি গবেষণা করে কৃষির যে উন্নতি করেছি, সেটা শিক্ষায়ও করতে হবে। জোর দাবি নিয়ে বলতে চাই, শিক্ষানীতি বাস্তবায়নে একটা বাজেট ও রোডম্যাপ থাকতে হবে। বিশেষজ্ঞদের দিয়ে পাঠ্যপুস্তক তৈরি করতে হবে। আমাদের ছেলেমেয়েদের কাছে জানতে হবে, ওরা কী ধরনের বই চায়। শিক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।

ফারুক-উল-ইসলাম
ফারুক-উল-ইসলাম

ফারুক-উল-ইসলাম: শিক্ষার্থীরা বিজ্ঞানশিক্ষায় আসবে। কিন্তু এ ক্ষেত্রে তারা কীভাবে প্রভাবিত হবে? ভবিষ্যতে চাকরির বাজার এবং অন্যান্য কিছু বিষয় নির্ভর করে শিক্ষার্থী কী পড়বে। শহরের শিক্ষিত মা-বাবা সিদ্ধান্ত নিতে পারেন তাঁর সন্তান কী পড়বে। কিন্তু গ্রামের অধিকংশ মা-বাবা সেটা পারেন না। গ্রামের অধিকংশ মা-বাবারা দেশীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি সবক্ষেত্রে বুঝতে পারেন না। তাদের দূরদৃষ্টির অভাব রয়েছে। অর্থ উপার্জন ছাড়াও একজন বিজ্ঞানী দেশের জন্য অনেক কিছু করতে পারেন। এ ভাবনাটিকেও গুরুত্ব দিতে হবে।
আমাদের অর্থনীতি সেবাধর্মী, না শিল্পধর্মী, না কী হবে, তার ওপর নির্ভর করে শিক্ষার্থীরা কী পড়বে। একজন শিক্ষার্থী প্রথমে ভাবে, কী পড়লে তার দ্রুত চাকরি হবে। একটি দেশের আর্থসামাজিক অবস্থার ওপরই নির্ভর করে একজন শিক্ষার্থী কী পড়বে এবং সেভাবে তাকে অনুপ্রাণিত করতে হবে। বিভিন্ন প্রকার উন্নয়নমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। পল্লিনির্ভর প্রযুক্তিকে গুরুত্ব দিতে হবে। বিজ্ঞানের শিক্ষা উপকরণের অভাব আছে। এ বিষয়টির ওপর সরকারকে গুরুত্ব দিতে হবে। বিজ্ঞানশিক্ষাকে আকর্ষণীর করে তোলার জন্য সবাইকে নতুন করে ভাবতে হবে।

মোহাম্মদ কায়কোবাদ
মোহাম্মদ কায়কোবাদ

মোহাম্মদ কায়কোবাদ: অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। হোয়াইট হাউসে একটি বিজ্ঞান মেলা হতে যাচ্ছে। বিভিন্ন দেশ এ মেলায় অংশ নেবে। এসব বড় বিজ্ঞান মেলায় কীভাবে অংশ নেওয়া যায় সেটা ভাবতে হবে। আমাদের অফুরন্ত শক্তিকে কাজে লাগাতে হবে। আমেরিকা বিজ্ঞান মেলা করছে, আমরা কেন করব না? আমাদের অসাধারণ অভিজ্ঞতা রয়েছে। যেমন, গণিত অলিম্পিয়াডে প্রথমবার আমাদের স্কোর হয়েছিল মাত্র তিন। এখন স্কোর করি ৭০ থেকে ৭৫। এর অর্থ ছেলেমেয়েদের এগিয়ে দিলে, পথ দেখালে এরা অনেক ভালো করতে পারে। যেমন, ২০১২ সালে বাংলাদেশের একটা মেয়ে সমগ্র পৃথিবীর প্রোগ্রামারদের মধ্যে প্রথম হয়েছেন। আমরা অনেকেই এটা জানি না। আমাদের কাজ হচ্ছে এগিয়ে দেওয়া। দেশে অনেক সীমাবদ্ধতা আছে। এর মধ্যেই কাজ করতে হবে। আমি সব সময় প্রতিযোগিতা পছন্দ করি। শিক্ষার্থীদের সব সময় চ্যালেঞ্জ নিতে বলি। কিছুদিন আগে আমার স্কুলে গিয়ে শিক্ষার্থীদের কাছে জানতে চাইলাম, তোমাদের ভবিষ্যৎ কী? কে কী হতে চাও? তারা সবাই চুপ। কেউ কিছু বলে না। আমি খুবই হতাশ। তখন ভাবলাম, শিক্ষকদের উচিত ওই স্কুল থেকে যারা সমাজে জ্ঞানে ও মানবিকতায় প্রতিষ্ঠিত হয়েছে, তাদের সম্পর্কে জানানো। সমাজে, দেশে দেশে যারা মানুষের জন্য কাজ করেছে, তাদের সম্পর্কে জানানো। অর্থাৎ মূল কথা হচ্ছে, শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতে হবে, পথ দেখাতে হবে, এগিয়ে দিতে হবে। তাহলেই হয়তো আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।

আলী আসগর
আলী আসগর

আলী আসগর: একজন শিক্ষকের দায়িত্ব অনেক। শিক্ষক চাইলেই একজন শিক্ষার্থীকে বিজ্ঞান ভাবনার মধ্যে আনতে পারেন। চাকরি নেই তাই বিজ্ঞান পড়ছে না। কিছু করার নেই, গরিব দেশ, তাই বলে কি আমরা বসে থাকব? আমাদের নতুন জ্ঞান দিয়ে নতুন কর্মসংস্থান বের করতে হবে। বিজ্ঞান শিক্ষার্থী কমছে বা বাড়ছে, এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো, যারা আছে তাদের জন্য কী করছি? যারা আছে, তাদের কেন ভালোভাবে বিজ্ঞান শেখাতে পারছি না? কেন তাদের আরও সামনের দিকে এগিয়ে নিতে পারছি না? এখানে অভিভাবকদের সচেতন হতে হবে। চাকরির কথা চিন্তা করলে হবে না।
যোগ্যতা থাকলে চাকরি হবেই। আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞান পড়তে হবে। বিজ্ঞানে জ্ঞান ও আনন্দ দুটোই আছে। বিজ্ঞান বিষয়ে বেশি আলোচনা হওয়া দরকার। বিজ্ঞানবিষয়ক বই পড়তে হবে। তথ্য জানা যদি বিজ্ঞান হয়, তাহলে তথ্য উদ্ঘাটন করা গভীরতর বিজ্ঞান। অর্থাৎ আমরা যদি এই গভীরতর বিজ্ঞানের পর্যায়ে পৌঁছাতে না পারি তাহলে বই থেকে জ্ঞান নিয়ে বিজ্ঞানী হতে পারব না। যারা বিজ্ঞানের যন্ত্রপাতি তৈরি করেন, তাঁদের অনুপ্রাণিত করতে হবে। যাতে যন্ত্রগুলো আরও উন্নত হয়। শিল্পপতিদের এগিয়ে আসতে হবে,। শিল্প-কারখানায় প্রযুক্তিগত গবেষণায় সুযোগ সৃষ্টি করতে হবে। যাতে

নতুন কিছু উদ্ভাবন হয়। এভাবে আমরা একসময় লক্ষ্যে পৌঁছাতে পারব।

ফাহিমা খাতুন
ফাহিমা খাতুন

ফাহিমা খাতুন: বিজ্ঞানশিক্ষায় আগ্রহ কমে যাওয়ার ব্যাপারটা খেয়াল করতে হবে। আমাদের ২৬ হাজার স্কুল। শহর থেকে গ্রামের স্কুলগুলোয় বিজ্ঞান শিক্ষার্থীর হার কম। সাধারণ মানুষ বিজ্ঞানকে কঠিন বিষয় মনে করে । বিজ্ঞান নিয়ে পড়তে খরচও বেশি। তার মধ্যে গ্রামের অধিকাংশ অভিভাকদের কিজ্ঞান সম্পর্কে তেমন ধারণা নেই। বেশির ভাগ ক্ষেত্রেই তাঁরা জানেন না ছেলেমেয়েকে কোন শাখায় পড়াবেন। আরও সমস্যা হলো, গ্রামের স্কুলে বিজ্ঞান ল্যাব ও শিক্ষকের সংকট।
আরেকটি প্রধান সমস্যা হচ্ছে, অতীতে মনোবিজ্ঞান বা এ ধরনের বিষয় নিয়ে যাঁরা বিএসসি পাস করে স্কুলে যোগদান করেছেন, তাঁরা যখন পদার্থবিজ্ঞান, রষায়ণ পড়ান, তখন যা হওয়ার তা-ই হচ্ছে। এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে হবে। সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের শিক্ষকদের বেতনভাতা বৃদ্ধি করতে হবে। স্কুলগুলোতে ল্যাবের জন্য সরকার থেকে আরও বাজেট দিতে হবে।
সরকারের সঙ্গে বেসরকারি উদ্যোগ এগিয়ে আসতে হবে। তাহলে সরকারের ওপর চাপ পড়বে না। সবাই মিলে চেষ্টা না করলে একা সরকারের পক্ষে সব কিছু করা সম্ভব না। অর্থাৎ সবাই মিলে কাজ করতে পারলে এ ক্ষেত্রে উন্নয়ন সম্ভব। ক্লাসে পড়াতে হবে সহজভাবে। শিক্ষকদের এ ব্যাপারে আন্তরিক হতে হবে। অনেক শিক্ষক কোচিংয়ের চিন্তা মাথায় রেখে পড়ান। ফলে মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা অসহায় হয়ে পড়ে। বিভিন্ন রকম প্রভাবে এমন কিছু শিক্ষক নিয়োগ করা হচ্ছে, যাঁদের প্রশিক্ষণ দিয়েও ঠিক করতে পারছি না। কারণ, তাঁদের সেই যোগ্যতাই নেই।

জামিলুর রেজা চৌধুরী
জামিলুর রেজা চৌধুরী

জামিলুর রেজা চৌধুরী: কেবল আমাদের দেশে নয়, ভারতেও বিজ্ঞান শিক্ষার্থী কমে যাচ্ছে। তবে ভারত কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। যেমন, স্কুল পর্যায়ে ১০-১৫ বছর বয়সের কয়েক হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। এদের জন্য তিন ধরণের বাজেট বরাদ্দ থাকে। একটা হলো স্কুলের প্রাথমিক পর্যায়ে যারা পড়ে তাদের বিজ্ঞানে অনুপ্রেরণা দেওয়ার জন্য। দ্বিতীয়টি হলো, মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য। তৃতীয়টি পড়া শেষ করে যারা গবেষণা করবে, তাদের জন্য।। আমেরিকায়ও বিজ্ঞান শিক্ষার্থীর হার কমে যাচ্ছে। এখানে বারাক ওবামার স্টেম নামক একটি তহবিল থেকে বিজ্ঞান শেখার জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া জাতীয়ভাবে বিভিন্ন উৎস থেকে বিজ্ঞান শেখার জন্য অর্থ দেওয়া হয়। যারা পড়াশোনা শেষ করে আসছে, তাদের জন্য গবেষণা ও কাজের ক্ষেত্র ঠিক করে দেওয়া হয়।
অল্প বয়স থেকে বিজ্ঞানের ক্ষেত্রে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে। এটা বেশ ভালো যে নিচের ক্লাসের বইগুলোয় বিজ্ঞানের ছবি রঙিন। কিন্তু অষ্টম শ্রেণিতে আবার সাদাকালো। অনলাইন ভার্সনে ফন্টগুলো ঠিকমতো দেখা যাচ্ছে না। এখন প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করে। তাই পিডিএফে ফন্ট এবং ফিগার রঙিন হলে ভালো হয়।। আশা করছি, এদিকে আমরা দৃষ্টি দেব। বিজ্ঞানের ভাষা সহজ করে লেখার বিষয়টিতে জোর দিতে হবে। বিশ্বের বিভিন্ন এডুকেশন সিস্টেমের সার্ভেতে অংশ নিতে হবে। তাহলে আমাদের অবস্থান বুঝতে পারব। উন্নত বিশ্বে শিক্ষার্থীরা স্কুল-কলেজ শেষ করে বিভিন্ন বিষয়ে গবেষণা করে। এ গবেষণা যাতে সবাই দেখতে পারে, এমন একটা মিউজিয়ামে রাখা হয়। দক্ষিণ কোরিয়া ও চীনে এ ব্যবস্থা আছে। উন্নত বিশ্বে এসব মিউজিয়ামকে সায়েন্স সেন্টার বলা হয়। আমাদের দেশেও এমন করা যায় কি না, ভাবতে হবে। অনলাইনে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয় থাকে। এগুলো বাংলায় অনুবাদ করে সারা দেশে ছড়িয়ে দেওয়ার বিষয়টি ভাবা যেতে পারে। এখন শিক্ষক, অভিভাবক, নীতিনির্ধারক—সবাই মিলে কাজ করলে এ ক্ষেত্রে কিছুটা উন্নতি হতে পারে।

সৈয়দ মনজুর এলাহী
সৈয়দ মনজুর এলাহী

সৈয়দ মনজুর এলাহী: একজন বিজ্ঞান শিক্ষার্থী কোথায় কাজ করবে? গবেষণাসহ এমন কিছু ক্ষেত্রে বাদ দিলে, কর্মসংস্থানের ৫০ শতাংশ সেবা খাত। সেবা খাত বলতে ব্যাংকিং, স্বাস্থ্য, যোগাযোগ ইত্যাদি বোঝায়। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত না হলে জাতি হিসেবে সামনে এগোতে
পারব না। বাস্তবে একজন অভিভাবক চিন্তা করে বিজ্ঞান পড়াতে অনেক খরচ। সে তুলনায় মানবিক ও বাণিজ্যে খরচ অনেক কম। তাই অভিভাবকরাও বিজ্ঞানে কম আগ্রহ দেখায়।
আমাদের পোশাকশিল্পে কয়েক হাজার বাইরের লোক কাজ করে। ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও পোশাক শিল্পে বিজ্ঞান শিক্ষার্থীদের চাকরির ব্যবস্থা করতে হবে। তা না হলে এরা দেশের বাইরে চলে যাবে। দেশের মেধাবী তরুণেরা বাইরে গেলে দেশ সামনের দিকে এগোবে না। এসব মেধাবী তরুণদের দেশেই কর্ম সংস্থানের ব্যবস্থা করতে হবে। অভিভাবকদের ভীতি কাটাতে হবে। যাতে তাঁদের সন্তানদের নিয়ে ভাবতে না হয়। বিজ্ঞান পড়ে পাস করে যেন বেকার না থাকে। কর্মসংস্থানের নিশ্চয়তা পেলে শিক্ষার্থীরা বিজ্ঞান মুখী হবে। সরকারি ও বেসরকারি সব বিভাগ থেকে একযোগে কাজ করতে হবে।
নুরুল ইসলাম নাহিদ: এ আলোচনা আমাদের জন্য খুব উপকারী হয়েছে। এখানে দেশের শ্রেষ্ঠ শিক্ষক, গবেষক উদ্যোক্তা —সবাই মিলে যে তথ্য দিয়েছেন, এর অনেক কিছুর নোট নিয়েছি। আমরা এটা কাজে লাগাব। লক্ষ করবেন, এখন সব দেশেই বিজ্ঞানের শিক্ষার্থী কমে যাচ্ছে। একটা সময় ছিল যখন সবচেয়ে বেশি শিক্ষার্থী পড়ত পদার্থবিজ্ঞানে, তারপর ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারিতে। এখন আবার বিবিএ, এমবিএ করছে। কারণ, এ ক্ষেত্রে চাকরির সুযোগ বেশি। তাই সবাই এই দিকে ঝুঁকছে। কোনো কোনো সময় এমন পরিবর্তন হতে থাকবে। পৃথিবীব্যাপী এমন পরিবর্তন হচ্ছে। সংখ্যার দিক থেকে বিজ্ঞান শিক্ষার্থী কমছে না। তাই আমরা ভরসা পাচ্ছি। হতাশ হওয়ার কিছুই নেই। আমরা আবার বিজ্ঞানের দিকে যাব।

আব্দুল কাইয়ুম: এখন বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। আমাদের এ থেকে দূরে থাকলে হবে না। গ্রামের স্কুলগুলোয় বিজ্ঞান পাঠের সুযোগ-সুবিধা বাড়াতে হবে। দেশের স্কুলগুলোতে মানসম্মত বিজ্ঞান শিক্ষক ও বিজ্ঞানের উপকরণ থাকতে হবে। শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও গবেষণার ব্যবস্থা করে দেওয়া প্রয়োজন। নীতিনির্ধারকেরা এসব বিষয় বিবেচনায় নিলে আবার বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা বাড়বে। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

যাঁরা অংশ নিলেন

নুরুল ইসলাম নাহিদ : সাংসদ, বাংলাদেশ জাতীয় সংসদ
মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়
সৈয়দ মনজুর এলাহী : সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা চেয়ারম্যান, বিএফএফ
জামিলুর রেজা চৌধুরী : উপাচার্য, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি
ট্রাস্টি, বিএফএফ
রাশেদা কে চৌধূরী : সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
নির্বাহী পরিচালক, গণসাক্ষরতা অভিযান
আলী আসগর : কাউন্সিল মেম্বার, বাংলাদেশ বিজ্ঞান একাডেমি, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ভবন
মোহাম্মদ কায়কোবাদ : অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
ফাহিমা খাতুন : মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
দীপক কুমার নাগ : অধ্যক্ষ, টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা
ফারুক-উল-ইসলাম : হেড, পলিসি প্রাকটিস অ্যান্ড প্রোগ্রাম ডেভেলপমেন্ট, প্রাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ
ব্রাদার রবি পিউরিফিকেশন : অধ্যক্ষ সেন্ট জোসেফ সেকেন্ডারি স্কুল
মুনির হাসান : সাধারণ সম্পাদক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি
সাজ্জাদুর রহমান চৌধুরী : নির্বাহী পরিচালক, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন
মোরশেদ আলম : প্রোগ্রাম অফিসার, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন
সঞ্চালক
আব্দুল কাইয়ুম : সহযোগী সম্পাদক, প্রথম আলো
সহযোগিতায়: বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন