
দেশে বিজ্ঞানের শিক্ষার্থী কমে যাওয়া নিয়ে উদ্বেগ রয়েছে। এ কারণে বিজ্ঞানকে জনপ্রিয় করতে হলে খুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী জ্ঞান বাড়াতে হবে। গ্রাম ও শহরের মধ্যে বিজ্ঞানশিক্ষায় বৈষম্য কমিয়ে আনতে হবে। সিটি ব্যাংক-প্রথম আলোর বিজ্ঞান জয়োৎসব এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।
কক্সবাজারে গতকাল রোববার দিনব্যাপী আয়োজিত বিজ্ঞান জয়োৎসবে উঠে এল এই অভিমত। জেলার সমুদ্রসৈকত ঘেঁষা বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এ উৎসব হয়।
সিটি ব্যাংক ও প্রথম আলোর উদ্যোগে আয়োজিত জমজমাট এ উৎসবে জেলার ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৬০৫ জন শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন বিভাগে ৪৪৩ জন প্রতিযোগী বিজ্ঞান কুইজে এবং ৫৭টি বিজ্ঞান প্রকল্প নিয়ে ১৬২ জন প্রতিযোগী উৎসবে অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান কুইজে ৩০ জন এবং বিজ্ঞান প্রকল্পে ৪৩ জন শিক্ষার্থী বিজয়ী হয়। উৎসব আয়োজনে সহযোগিতা করে কক্সবাজার বন্ধুসভা।
সকাল সাড়ে আটটায় বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের পর উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংক কক্সবাজার শাখার ব্যবস্থাপক মো. জহিরউদ্দিন, চকরিয়ার বদরখালী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, বিজ্ঞান জয়োৎসবের কেন্দ্রীয় সমন্বয়কারী ও প্রথম আলো যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান, কক্সবাজার সরকারি কলেজের অধ্যাপক রাধু বড়ুয়া চৌধুরী, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেন, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন প্রমুখ।
উদ্বোধনী পর্বের পর তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক—এই তিনটি বিভাগে ৪৪৩ শিক্ষার্থী ৩০ মিনিটের কুইজে অংশ নেয়। এরপর তারা বিজ্ঞানের ‘আনন্দ’ পর্বে অংশ নেয়। এতে কৌশলী ও মজার প্রশ্ন করে মাতিয়ে রাখে তারা। সে সঙ্গে মিলনায়তনের বাইরে প্রদর্শন করা হয় ৫৭টি বিজ্ঞান প্রকল্প। কক্সবাজারের বিভিন্ন কলেজের চারজন বিজ্ঞানের শিক্ষক প্রকল্পগুলো মূল্যায়ন করেন।
বেলা দুইটায় মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণ পর্ব শুরু হয়। এ সময় কুইজ প্রতিযোগিতায় বিজয়ী প্রাথমিকে আটজন, নিম্ন মাধ্যমিকে ১০ জন, মাধ্যমিকে ১২ জনসহ মোট ৩০ জনকে পদক ও সনদ দেওয়া হয়। এ ছাড়া ১৫টি বিজ্ঞান প্রকল্পের ৪৩ জনকে পদক ও সনদ প্রদান করা হয়।