শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, বিজ্ঞানশিক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ না বাড়ালে দেশের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে। এ জন্য বিজ্ঞানশিক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো প্রয়োজন বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞানশিক্ষা পরিস্থিতি এবং করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় জাফর ইকবাল এসব কথা বলেন। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) নামের একটি সংগঠন ওই গোলটেবিল আলোচনার আয়োজন করে।জাফর ইকবাল বলেন, পার্শ্ববর্তী সবগুলো দেশ সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেয় শিক্ষা খাতে। কিন্তু বাংলাদেশে তা হয় না। এখানে শিক্ষার চেয়ে বেশি বরাদ্দ পায় অনেকগুলো খাত।জাফর ইকবাল বলেন, তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন প্রাইভেট পড়া ছিল লজ্জার বিষয়। এখন সেটি ফ্যাশনে পরিণত হয়েছে। পাঠ্যপুস্তক যথেষ্ট সমৃদ্ধ না হওয়ায় এমনটি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।শিক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, জাতীয় উন্নয়নের জন্য শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর কোনো বিকল্প নেই। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ালে এর ফলাফল খুব তাড়াতাড়ি পাওয়া যেত।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফএফের ট্রাস্টি ও টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।মূল প্রবন্ধে বলা হয়, ১৯৯০ সালে মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞানের শিক্ষার্থী ছিল ৪২ দশমিক ২১ শতাংশ। ২০১০ সালে তা দাঁড়িয়েছে ২২ দশমিক ৩৫ শতাংশ। বিজ্ঞানের শিক্ষার্থী আশঙ্কাজনক হারে কমছে। শহরের বিদ্যালয়গুলোতেই কেবল বিজ্ঞানের প্রতি আকর্ষণ দেখা যাচ্ছে। বিজ্ঞানের শিক্ষার্থী কমার ফলে বিজ্ঞান শিক্ষকের সংকট, বিজ্ঞানপ্রযুক্তিতে পরনির্ভরশীলতা, প্রযুক্তি জ্ঞানসম্পন্ন কর্মীর স্বল্পতা দেখা দেবে।পাঠ্যসূচি ব্যাপক ও কঠিন হওয়া, বিজ্ঞানভীতি ও বিজ্ঞানশিক্ষায় খরচ বেশি হওয়ায় বিজ্ঞানে শিক্ষার্থী কমছে বলেও মূল প্রবন্ধে বলা হয়।