জ্ঞানবিজ্ঞানের মৌলিক বিষয়গুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চাকরির বাজারসংশ্লিষ্ট বিষয়গুলোর প্রতিই তাঁদের ঝোঁক বেশি।
শিক্ষাবিদেরা মনে করছেন, মৌলিক বিষয়ের চর্চা কমে যাওয়ায় শিক্ষার্থীরা ‘মানবিক’ হিসেবে গড়ে উঠতে ব্যর্থ হচ্ছেন। গবেষণাপ্রতিষ্ঠান না হয়ে বিশ্ববিদ্যালয় পরিণত হচ্ছে প্রশিক্ষণকেন্দ্রে।
মৌলিক বিষয়গুলো আকর্ষণীয় করতে না পারা, বিষয়সংশ্লিষ্ট চাকরির অভাব এবং কেবল ‘চাকরির জন্যই উচ্চশিক্ষা’ ধারণার কারণে এ বিষয়গুলোতে শিক্ষার্থীদের অনীহা সৃষ্টি হয়েছে বলে অভিমত বিশেষজ্ঞদের।
বিজ্ঞান বিভাগে পদার্থ, রসায়ন ও গণিতকে মৌলিক বিষয় হিসেবে ধরা হয়। এ ছাড়া উদ্ভিদবিজ্ঞান-প্রাণিবিদ্যাও অন্যতম মৌলিক বিষয়। মানবিক বিভাগের দর্শন, সমাজবিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাসকে মৌলিকের তালিকায় ফেলা হয়।
বিশ্ববিদ্যালয়ের তিন বছরের ভর্তি পরীক্ষার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মেধাতালিকার শীর্ষস্থানীয় প্রথম ২০ জন শিক্ষার্থীর কেউই ‘প্রথম পছন্দ’ হিসেবে এ বিষয়গুলো নেন না। বিকল্প না পেয়ে যেসব শিক্ষার্থী এসব বিষয়ে পড়েন, তাঁদের মধ্যেও একটা বড় অংশ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিয়ে অন্য বিভাগে চলে যান। ফলে আসনগুলো ফাঁকা পড়ে থাকে।
জানতে চাইলে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা মৌলিক বিষয়গুলো থেকে মুখ ফিরিয়ে নেওয়ার প্রধান কারণ হচ্ছে চাকরি। তাঁর মতে, মৌলিক বিষয়ের চর্চা না বাড়লে প্রায়োগিক জ্ঞানও বাড়বে না।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হলেও বিভাগ পরিবর্তন করে একটি প্রায়োগিক বিষয়ে চতুর্থ বর্ষে পড়ছেন ফারজানা আক্তার। তিনি বলেন, ‘সমাজবিজ্ঞানের পড়াশোনা গৎবাঁধা মনে হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত তিন বছরে বিজ্ঞানের মৌলিক পাঁচটি বিষয় থেকে প্রায় দেড় শ শিক্ষার্থী অন্য বিভাগে চলে গেছেন। এর ফলে পদার্থবিজ্ঞানে ২৫, গণিতে ২৭, রসায়নে ২১টি আসন খালি হয়েছে। আর উদ্ভিদবিজ্ঞানে ৩৬টি ও প্রাণিবিদ্যা বিভাগে ৩৫টি আসন ফাঁকা হয়েছে।
ভর্তির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১২-১৩ শিক্ষাবর্ষে এই পাঁচটি বিভাগের ৩৪ জন শিক্ষার্থী পরের বছর আবারও ভর্তি পরীক্ষা দিয়ে অন্য বিভাগে চলে গেছেন, যার মধ্যে ২৭ জনই গেছেন প্রায়োগিক বিষয়ে। প্রায়োগিক বিষয়গুলোর মধ্যে রয়েছে ফলিত পদার্থবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি ইত্যাদি।
উচ্চতর মানববিদ্যা গবেষণাকেন্দ্রের পরিচালক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘জ্ঞানবিজ্ঞানের প্রকৃত চর্চা কমে যাচ্ছে। বাজারি শিক্ষায় শিক্ষিত হয়ে বর্তমান প্রজন্মের বড় অংশই শূন্যগর্ভ মানুষ হিসেবে নিজেরাই পণ্য হিসেবে গড়ে উঠছে।’
একই অবস্থা কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের মৌলিক বিষয়গুলোতেও। দেখা যায়, পুনরায় ভর্তির কারণে গত তিন বছরে ইতিহাস বিভাগে ৭২টি, দর্শন বিভাগে ৬১টি, বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ৪০টি করে, সমাজবিজ্ঞান থেকে ২৩টি আসন খালি হয়েছে। এ বিভাগগুলো থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষের ৪২ জন শিক্ষার্থীর মধ্যে গত বছর পুনরায় পরীক্ষা দিয়ে ৩১ জন প্রায়োগিক বা চাকরিসংশ্লিষ্ট বিষয়কে বেছে নিয়েছেন। তবে মৌলিক বিষয়ের মধ্যে অর্থনীতি এখনো অনেকের প্রথম পছন্দ।
এ বিষয়ে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষার্থীরা বিভাগ পছন্দের আগে চিন্তা করে ভবিষ্যতে চাকরি পাওয়ার বিষয়টি। বিশ্ববিদ্যালয় প্রশিক্ষণকেন্দ্রে পরিণত হচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, গবেষণাও চাকরি। কিন্তু দেশে গবেষণার সুযোগ তেমন নেই। এটা বিবেচনা করেই শিক্ষার্থীরা বিষয় পছন্দ করে থাকেন। তবে এমনও অনেক শিক্ষার্থী রয়েছেন, যাঁরা মৌলিক বিষয়গুলো আগে থেকেই পড়তে আগ্রহী থাকেন এবং পড়েন।