শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞানাগারে ও খুদে ব্যবসায়ীদের এসিড ব্যবহারের লাইসেন্স (অনুমোদনপত্র) ফি কমানো হয়েছে। তবে এসিড ব্যবহারকারী পরিবহনের লাইসেন্স ফি বাড়ানো হয়েছে। শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে এসিড ব্যবহারের জন্য এত দিন তিন হাজার টাকা লাইসেন্স ফি দিতে হতো, যা এখন কমিয়ে করা হয়েছে এক হাজার ৫০০ টাকা। অন্যদিকে তাঁতি, খুদে সোনা ব্যবসায়ীদের এসিড ব্যবহারের ফি পাঁচ হাজার টাকা থেকে কমিয়ে দুই হাজার টাকা করা হয়েছে। তবে কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান ১০ লিটারের বেশি এসিড ব্যবহার করলে তাদের উচ্চহারে লাইসেন্স ফি দিতে হবে। এ ক্ষেত্রে সাধারণ ব্যবহারের ক্ষেত্রে ১০ লিটারের ওপরে কিন্তু ৫০ লিটার পর্যন্ত তিন হাজার টাকা, ৫০ লিটারের ওপরে কিন্তু ৫০০ লিটার পর্যন্ত পাঁচ হাজার টাকা এবং ৫০০ লিটারের ওপরে কিন্তু এক হাজার লিটার পর্যন্ত ১০ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।বর্তমানে এসিড পরিবহন লাইসেন্স ফি মাত্র ১০০ টাকা, এটা পাঁচ হাজার টাকা করা হয়েছে। গত মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে এসিড ব্যবহার ও পরিবহন লাইসেন্স ফি পুনরায় নির্ধারণের প্রস্তাব পাঠানো হয়। অর্থ মন্ত্রণালয় প্রস্তাবটি অনুমোদন করে গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা প্রথম আলোকে বলেন, এসিড ব্যবহারকারী খুদে ব্যবসায়ীদের বেলায়ও লাইসেন্সের ফি ছিল ২৫ হাজার টাকা। ফলে তাঁরা লাইসেন্স না নিয়েই এসিড ব্যবহার করছেন। এতে রাজস্ব আয় কমছে। এসিড নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৪ অনুযায়ী বর্তমানে এসিড আমদানির লাইসেন্স ফি এক লাখ টাকা এবং উৎপাদন লাইসেন্স ফি দেড় লাখ টাকা। প্রতি অর্থবছরে এ লাইসেন্স নবায়ন করতে হবে, এ জন্য মূল লাইসেন্সের পাঁচ শতাংশ অর্থ দিতে হবে।এসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘খুদে ব্যবসায়ী ও শিক্ষাপ্রতিষ্ঠানে এসিড ব্যবহারের লাইসেন্স ফি কমানোয় আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এসিড পরিবহন লাইসেন্স ফি ১০০ টাকা থেকে এক লাফে পাঁচ হাজার টাকা করা ঠিক হয়নি। কোনো ক্ষুদ্র ব্যবসায়ী কম এসিড পরিবহনের জন্য এত টাকা ব্যয় করতে পারবেন না, ফলে আইনের ব্যত্যয় হবে।’ঢাকার বাসাবো এলাকার মুক্তা জুয়েলার্সের পরিচালক শিশির দে বলেন, ‘খুদে সোনা ব্যবসায়ীদের পুঁজি কম। এসিড ব্যবহার ও বিক্রির জন্য যে ফি ধার্য করা ছিল, তা খুব বেশি ছিল।জানা গেছে, এসিড নিক্ষেপকারীরা এসিড সংগ্রহ করে ক্ষুদ্র ব্যবহারকারীদের কাছ থেকে। তাই এ ধরনের ব্যবসায়ীদের লাইসেন্সের আওতায় আনার কথা বলা হচ্ছিল। সোনার খাদ যাচাই ও সোনা গলাতে প্রতিটি দোকানে এসিড ব্যবহার হয়। অনেক আসবাবপত্রের দোকানেও ব্যবহার করা হয় এসিড। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিজ্ঞানাগারে এসিড ব্যবহার করা হয়। ফি বেশি হওয়ায় এদের অনেকে লাইসেন্স না নিয়ে এসিড ব্যবহার করছিল।২০০৪ সালের ২৭ জুলাই প্রকাশিত বাংলাদেশ গেজেটে উল্লেখ করা হয়েছে, লাইসেন্স ছাড়া এসিড উৎপাদন, আমদানি, পরিবহন, বিক্রি, মজুদ ও ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। এর শাস্তি তিন থেকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত ৫০ হাজার টাকা অর্থদণ্ড।