বিজ্ঞানাগারের অভাবে ব্যবহারিক ক্লাস হয় না
রংপুরের তারাগঞ্জ উপজেলার অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ে ব্যবহারিক ক্লাস হয় না। বেশ কিছু বিদ্যালয়ে বিজ্ঞানাগার নেই। এ কারণে ওই সব বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারিক বিষয় সম্পর্কে কোনো ধরনের জ্ঞান তৈরি হচ্ছে না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচ ইউনিয়নের ১৮টি মাধ্যমিক বিদ্যালয় আছে। এগুলোর মধ্যে সাতটি বিদ্যালয় ঘুরে দেখা গেছে, বিজ্ঞানাগার এবং ব্যবহারিক পরীক্ষা-নিরীক্ষার কোনো সরঞ্জাম নেই। তাই এসব বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস হয় না।
সরেজমিনে গতকাল বুধবার বেলা ১১টায় চান্দেরপুকুর উচ্চবিদ্যালয়ে গেলে নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের পাঁচ শিক্ষার্থী অভিযোগ করে, তাদের নিয়মিত ব্যবহারিক ক্লাস হয় না।
তবে বিদ্যালয়ের সহাকারী শিক্ষক আশিষ কুমার বলেন, শিক্ষার্থীর অভিযোগ ঠিক না। বিজ্ঞানাগার না থাকায় শ্রেণিকক্ষেই মাঝেমধ্যে ব্যবহারিক ক্লাস নেওয়া হয়। ব্যবহারিক পরীক্ষায় যাতে শিক্ষার্থীদের সমস্যায় পড়তে না হয়, সে জন্য যন্ত্রপাতিগুলো চিনিয়ে দেওয়া হয়।
ওই দিন দুপুর সাড়ে ১২টায় কাশিয়াবাড়ী স্কুল ও কলেজে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক নবম শ্রেণির এক শিক্ষার্থী বলে, ‘বিজ্ঞান বইয়ে স্লাইড ক্যালিপার্স, কম্পাসসহ বিভিন্ন যন্ত্রপাতির নাম ও ছবি দেখেছি। কিন্তু বাস্তবে এসব যন্ত্র দেখিনি। আমাদের বিদ্যালয়ে বিজ্ঞানাগার পর্যন্ত নেই। তাই কোনো দিন ব্যবহারিক ক্লাসও করতে পারিনি।’
ওই সময় অধ্যক্ষ মামুনুর রশিদ শিক্ষাপ্রতিষ্ঠানে ছিলেন না। সহকারী শিক্ষক সামছুন্নাহার বলেন, বিজ্ঞানাগার ও সরঞ্জাম না থাকায় মাঝেমধ্যে পাঠ্য বই দেখে ব্যবহারিক ক্লাস নেওয়া হয়। পরে অবশ্য অধ্যক্ষ মুঠোফোনে তিনি বলেন, ‘জরুরি কাজে বাইরে ছিলাম। বিজ্ঞানাগার না থাকলেও কিছু সরঞ্জাম আছে।’
নাম প্রকাশ না করার শর্তে গত মাধ্যমিক পরীক্ষায় তারাগঞ্জের পরীক্ষাকেন্দ্রে দায়িত্ পালনকারী দুজন পরীক্ষক জানান, অনেক পরীক্ষার্থী সরঞ্জাম না চেনায় বিপাকে পড়েছিলেন। ব্যবহারিক বিষয়ে কোনো ধরনের জ্ঞান না থাকায় তারা সাদা খাতা জমা দিতে বাধ্য হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ব্যবহারিক ক্লাস না করেই অনেক শিক্ষার্থী মূল পরীক্ষায় টাকার বিনিময়ে বিজ্ঞানে শতভাগ নম্বর পাচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিপিকা দত্ত বলেন, ‘ব্যবহারিক ক্লাস যাতে হয়, সে ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান, শিক্ষা কমিটির সভাপতি আনিছুর রহমান বলেন, খোঁজ নিয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের শিগগিরই নিয়মিত ব্যবহারিক ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হবে।