বিজ্ঞানী বলছেন ফুল ফুটবে
কবি সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন, ‘ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত’। আর বিজ্ঞানীরা বলছেন, বসন্ত এসেছে ফুল ফুটবে। ডিএনএর প্রোটিন ফুল ফোটাবে।
ঋতুরাজ বসন্ত এলে উদ্ভিদ-লতা কীভাবে জানে যে এখন ফুল ফোটানোর সময় এসেছে? যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব বোটানি অ্যান্ড সায়েন্সেস, দক্ষিণ কোরিয়ার সেন্টার ফর প্ল্যান্ট এজিং রিসার্চসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উদ্ভিদবিজ্ঞানীরা ফুল ফোটার নতুন তথ্য ও ব্যাখ্যা দিয়েছেন। গত বছরের ২০ ডিসেম্বর তা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি প্রেসের প্রোসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস-এ ছাপা হয়েছে।
কিছু প্রাণী পুরো শীতকালটা বিচেতন অবস্থায় (হাইবারনেশন) কাটায়, কিছু প্রাণী অন্য স্থানে শরণার্থী হয়ে চলে যায়। যারা পারে তারা তুলনায় উষ্ণতর স্থানে উড়ে যায়। বছরের শীতলতম মাসগুলো এভাবে কাটে। কিন্তু উদ্ভিদ তথা গাছ বা লাতা-পাতা স্বাধীনভাবে চলতে পারে না, অন্য জায়গায় যেতে পারে না। বিজ্ঞানীরা বলছেন, উদ্ভিদ পরিবেশগত চাপ সামলে নেয় সময় বা ঋতু অনুযায়ী শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে। এ ক্ষেত্রে ডিএনএ পরিবর্তন বা এপিজেনেটিকস বিষয়টি সামনে এসেছে। বিজ্ঞানীরা বলছেন, যেসব উদ্ভিদের সময়ের বেশ আগেই ফুল ফোটে, তাদের প্রজননে ঝুঁকি থাকে। সে কারণে উদ্ভিদ জিন পরিবর্তনের কৌশল তৈরি করেছে, যা তাদের ফুল ফোটানোর সময় নিয়ন্ত্রণ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন প্রকৃতি নিয়ে গবেষণা করেন। তিনি প্রথম আলোকে বলেন, ফুল ফোটানো গাছের শারীরবৃত্তীয় কাজ (ফাংশন)। এনজাইম (কোষে উৎপন্ন জৈব রাসায়নিক পদার্থ, যা নিজে পরিবর্তিত না হয়ে অন্য পদার্থের পরিবর্তন ঘটায়) ফুল ফোটানোর অনুঘটক। বিশেষ তাপমাত্রায় এনজাইম সক্রিয় হয়। সব ঋতুতেই ফুল ফোটে। তবে বেশি ফুল ফোটে বসন্তকালে। কারণ এ সময় তুলনামূলকভাবে বেশি উদ্ভিদের এনজাইম সক্রিয় হয়। তিনি বলেন, রেখাচিত্র করলে দেখা যাবে বসন্তকালে সবচেয়ে বেশি গাছে ফুল ফোটে, তারপর বর্ষায়।
যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা এরাবিডোপসিস থালিয়ানো নামের ইউরোশিয়ার একটি ফুল নিয়ে গবেষণা করেছেন। এটি আগাছা ধরনের, রাস্তার পাশে জন্মায়। সাদা এই ফুলের চারটি বৃত্যংশ, চারটি পাপড়ি ও ছয়টি পুংকেশর।
বিজ্ঞানীরা দেখেছেন যে এপিজেনেটিক ( Epigenitic) বিধান বা ডিএনএ পরিবর্তন ফুল ফোটার সময় নির্ধারণে একটি প্রধান হিসেবে কাজ করে। এই পরিবর্তন হয় ডিএনএ ও ডিএনএর সঙ্গে সংযুক্ত প্রোটিনের রাসায়নিক সংশোধনের (কেমিক্যাল মোডিফিকেশন) মাধ্যমে, এ ক্ষেত্রে ডিএনএ পরম্পরা বা সারণির পরিবর্তন হয় না। এই পরিবর্তন জিনের অভিব্যক্তি প্রকাশকে নিয়ন্ত্রণ করে। প্রতিটি কোষে থাকা ডিএনএকে যদি একটি বড় বইয়ের সঙ্গে তুলনা করা যায়, তাহলে এর রাসায়নিক সংশোধনকে বুকমার্কস হিসেবে বিবেচনা করা যেতে পারে, যা কোষকে সংকেত দেয় কোন সময়ে কোন পৃষ্ঠা পড়তে হবে, আর কোন পৃষ্ঠা ফেলে যেতে হবে। এসিটাইলেশন হলো একটি নির্দিষ্ট রাসায়নিক সংশোধন প্রক্রিয়া, যা হিসটোন নামের ডিএনএ-সংযুক্ত প্রোটিনে ঘটে। এই প্রক্রিয়াটি নির্দিষ্ট কিছু প্রোটিন দ্বারা বাড়ে কিংবা কমে। এরাবিডোপসিস উদ্ভিদে ১৮টি প্রোটিন থাকে, যেগুলো রাসায়নিক সংশোধন প্রক্রিয়াকে সরিয়ে দেয়। এই প্রোটিনগুলোকে হিসটোন ডি এসিটাইলেস (HDACs) বলে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, ফুল ফোটানোর সময় নিয়ন্ত্রণ করে এমন একটি রাসায়নিক সংশোধন প্রক্রিয়ার সঙ্গে মিথষ্ক্রিয়া করে প্রোটিনগুলো।
বিজ্ঞানীরা মূলত ৯ নম্বর HDACsতে মনোযোগ দেন, যা HDA9 প্রোটিন নামে পরিচিত। এই প্রোটিন বেশ কিছু জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। যেসব গাছে এই প্রোটিন নেই, সেগুলোর আগেভাগেই ফুল ফোটে ও ফল বড় হয়। এতে বোঝা যায় যে কোষের স্বাভাবিক নিয়ন্ত্রণের প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত ছিল না। একই রকম ঘটনা দেখা যায় পাওয়ারড্রেস (Powerdress) প্রোটিনের অনুপস্থিতিতে। AGL19 নামের আরেকটি প্রোটিন সময়ের আগে ফুল ফোটাতে ভূমিকা রাখে।
ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির বৈজ্ঞানিক কর্মকর্তা আশিস কুমার মজুমদার বলেন, বসন্তের তাপমাত্রায় সম্ভবত HDA9 ও PWR প্রোটিনের আধিক্য ঘটে। তার মানে AGL19 প্রোটিন কমে যায়। তাই অধিকাংশ গাছে বসন্তেই ফুল ফোটে।