বিজ্ঞানীর মন নিয়ে দাবা খেলতেন মোতাহার হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানী আর শিল্পীর মন নিয়ে কাজী মোতাহার হোসেন দাবা খেলাকে গ্রহণ করেছিলেন। দাবা খেলতে বসলে তিনি এতটাই নিমগ্ন হয়ে পড়তেন যে বাহ্যিক ঘটনা সম্পর্কে কোনো খোঁজখবর বলতে পারতেন না।
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘দাবা গুরু: ড. কাজী মোতাহার হোসেন’ শীর্ষক স্মারক বক্তৃতায় প্রবীণ সাংবাদিক সালেহ চৌধুরী এসব কথা বলেন। কাজী মোতাহার হোসেনের ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান, প্রাণপরিসংখ্যান ও তথ্যপরিসংখ্যান বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
বক্তৃতায় সালেহ উদ্দিন বলেন, শিক্ষক-ছাত্র, উকিল-ডাক্তারসহ বিভিন্ন পেশাজীবীদের যাঁরা দাবায় আগ্রহী ছিলেন, সবাই ছিলেন তাঁর খেলার সঙ্গী। খেলায় নিপুণ গাড়োয়ান, ঠেলাগাড়ির চালকেরাও ছিলেন তাঁর সমাদৃত সাথি।
সালেহ চৌধুরী আরও বলেন, কাজী মোতাহার হোসেন নিজে হেরে গেলেও খেলাটিতে শৃঙ্খলা আর সৌন্দর্যের দেখা পেলে তা ধরে রাখতেন। তাঁর নোটবইয়ে এ রকম অনেক প্রমাণ রয়েছে। দাবাকে তিনি এমনই ভালোবাসতেন যে, দাবা প্রতিযোগিতা আর দাবা–সংক্রান্ত কোনো অনুষ্ঠানই বাদ দিতেন না। জীবনের শেষ পর্যায় পর্যন্ত তিনি দাবার সঙ্গে এমন সম্পর্ক রেখেছিলেন বলেই বাংলাদেশের দাবা আজকের এই সম্মানজনক অবস্থানে পৌঁছতে পেরেছে। তাঁর নাম শুনলেই দাবা–সংশ্লিষ্ট সবাই ‘দাবাগুরু’ হিসেবে শ্রদ্ধার সঙ্গে তাঁকে উপলব্ধি করেন। কোনো প্রাতিষ্ঠানিক খেতাব নয়, অনুরাগীদের দেওয়া এই অভিধা আজ তাঁর নামের সঙ্গে স্থায়ীভাবে জড়িত।
প্রবীণ এই সাংবাদিক বলেন, কাজী মোতাহার হোসেন ছিলেন পদার্থবিজ্ঞানের শিক্ষক, এই জনপদে পরিসংখ্যানবিজ্ঞানের পথিকৃৎ, বিশেষ সূত্রের উদ্ভাবক, তারুণ্যের মননশীল লেখক, সুর ও সংগীতের অনুরাগী একজন মানুষ। নিজে ধর্মে বিশ্বাসী হয়েও ছিলেন এই জনপদে ধর্মের নামে অনাচার ও কুসংস্কারের বিরুদ্ধে শুরু হওয়া মুক্তবুদ্ধি আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান, প্রাণপরিসংখ্যান ও তথ্যপরিসংখ্যান বিভাগের তিনজন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও স্বর্ণপদক দেওয়া হয়। এঁরা হলেন মিরাজুল ইসলাম, খন্দকার আকিব মোহাম্মদ ও কামরুন নাহার। এ ছাড়া তৃতীয় বর্ষের ছাত্র মোশাররফ হোসেন কাজী মোতাহার হোসেন ফাউন্ডেশন পুরস্কার লাভ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘কাজী মোতাহার হোসেনের আদর্শ ও রচনাবলি থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। শিক্ষার মূল লক্ষ্যই হচ্ছে মানুষের মধ্যে মানবতাবোধ জাগ্রত করা। এ ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন।’
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক এম এ জলিল।