বিজ্ঞানে আসন খালি নেই তবু অধ্যক্ষের সুপারিশ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে কোনো আসন খালি নেই। তবু কলেজের অধ্যক্ষ কুমিল্লা শিক্ষা বোর্ডে শিক্ষার্থী ভর্তির সুপারিশ করছেন। শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার ছয় মাস পর তিনি ওই বিভাগে আরও শিক্ষার্থী ভর্তির সুপারিশ করেছেন বলে জানা গেছে।
শিক্ষা বোর্ড ও কলেজ সূত্র জানায়, ৮ জানুয়ারি পর্যন্ত বোর্ডে ৩১টি আবেদন জমা পড়ে। এসব শিক্ষার্থীর বেশির ভাগই এসএসসিতে সব বিষয়ে জিপিএ-৫ পায়নি। ওই কলেজে বিজ্ঞান বিভাগে যারা ভর্তি হয়েছে, প্রত্যেকেই সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী। আবেদনকারী শিক্ষার্থীরা বর্তমানে কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ ও কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজে পড়াশোনা করছে। ওই তিনটি কলেজ থেকে ছাড়পত্র নিয়ে তারা ভিক্টোরিয়া কলেজে যেতে চায়।
শিক্ষা বোর্ডের কলেজ শাখার সেকশন কর্মকর্তা আবদুল খালেক জানান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ৪৫০টি আসন রয়েছে। ওই আসনগুলোতে গত জুন মাসেই এসএসসিতে সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ভর্তি করা হয়। তাদের পাঠদান শুরু হয় ১ জুলাই। ওই সময়ে যারা এ কলেজে ভর্তি হতে পারেনি শিক্ষা কার্যক্রম চালু হওয়ার ছয় মাস পর তারা নতুন করে ছাড়পত্র এনে ভর্তির সুযোগ খুঁজছে। এরই পরিপ্রেক্ষিতে ওই কলেজে বিজ্ঞান বিভাগে আসন খালি না থাকা সত্ত্বেও ৮ জানুয়ারি পর্যন্ত ভর্তির জন্য ৩১টি আবেদনপত্র জমা পড়ে। ৭০০ টাকার ব্যাংক ড্রাফট নিয়ে ওই শিক্ষার্থীরা বোর্ডে আবেদন করে। শিক্ষার্থীদের ওই আবেদনে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম আছাদুজ্জামান সুপারিশ করেছেন।
সুপারিশে বলা হয়েছে, ‘এ কলেজে প্রার্থিত বিভাগে আসনটি বোর্ডের বরাদ্দ অনুসারে শূন্য আছে। বোর্ড অনুমতি প্রদান করলে ভর্তি করতে আমার কোনো আপত্তি নেই।’
কিন্তু কলেজে খোঁজ নিয়ে জানা গেছে, বিজ্ঞান বিভাগের ৪৫০টি আসনেই শিক্ষার্থী রয়েছে। বোর্ডে গিয়েও এর সত্যতা পাওয়া গেছে।
বোর্ডের একাধিক কর্মকর্তা জানান, কলেজগুলো একই এলাকায় অবস্থিত। যেসব কারণ দেখিয়ে শিক্ষার্থীরা ভিক্টোরিয়া কলেজে আসতে চায় সেগুলো অবান্তর।
কলেজের অধ্যক্ষ এ কে এম আছাদুজ্জামান বলেন, ‘বিজ্ঞান বিভাগে আসন খালি নেই। নানা কারণে ভর্তির সুপারিশ করেছি।’ কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কাসেম মিয়া বলেন, ‘কলেজ অধ্যক্ষকে ভর্তির ব্যাপারে ‘না’ করে দিয়েছি। আসন খালি নেই, তবু সুপারিশ পাঠানো ঠিক নয়।’