কুমিল্লা জেলায় এবার এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে অর্ধেকই জেলা শহরের নামকরা ছয়টি কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাবে না৷ এবার জেলায় এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৭৬১ জন শিক্ষার্থী। কিন্তু ছয় কলেজে বিজ্ঞানে আসন রয়েছে এক হাজার ৫৮৫টি। এ অবস্থায় ভর্তি নিয়ে শিক্ষার্থী, অভিভাবকেরা উৎকণ্ঠায় রয়েছেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রের সিস্টেম এনালিষ্ট বিকাশ চন্দ্র মল্লিক জানান, এ বছর এসএসসিতে কুমিল্লা জেলায় চার হাজার ৭৯৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে তিন হাজার ৭৬১ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ৯৮৬ জন ও মানবিকে ৫১ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ শাখা সূত্রে জানা গেছে, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বিজ্ঞানে ৪৫০ আসন, কুমিল্লা সরকারি কলেজে ৩০০, কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৩০০, ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ৩০০, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজে ৮৫ ও ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজে ১৫০টি আসন রয়েছে।
গত ২৮ মে থেকে এ ছয়টি কলেজে ভর্তির আবেদনপত্র পূরণ শুরু হয়েছে। মনোনীত শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী ফল প্রকাশ হবে ২২ জুন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. নিজামুল করিম বলেন, এ বছর এসএসসিতে জিপিএ-৫-এর সংখ্যা বেড়েছে। ফলে শহরের নামকরা কলেজগুলোতে ভর্তির জন্য তীব্র প্রতিযোগিতা হবে। বিজ্ঞান বিভাগে চাপটা বেশি হবে। এ ক্ষেত্রে ভর্তির নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীর মেধাক্রম তৈরি করা হবে।
জানতে চাইলে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক হারুনুর রশিদ বলেন, শহরের নামকরা কলেজে পড়তে হবে, এমন কোনো কথা নেই। গ্রামের কলেজগুলোতেও এখন শিক্ষার ভালো পরিবেশ রয়েছে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম আছাদুজ্জামান বলেন, ‘বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য মারাত্মক চাপ থাকে। আমাদের কলেজে ৪৫০ আসনের বেশি ভর্তি করানোর সুযোগ নেই।’