চট্টগ্রাম নগরের ছয়টি সরকারি কলেজের মধ্যে চারটিতে একাদশ বিজ্ঞান বিভাগে প্রায় দুই হাজার আসনের বিপরীতে এ বছর ভর্তিযুদ্ধে লড়ছে সাত হাজার শিক্ষার্থী। নতুন করে এসব কলেজে আসন বাড়ানোর কোনো পরিকল্পনাও নেই বলে জানা গেছে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘সরকারি কলেজ থেকে আসন বাড়ানোর কোনো প্রস্তাব পাওয়া যায়নি। ভর্তিপ্রক্রিয়া শুরু হয়ে গেছে। ফলে নতুন করে আসন বাড়ানোর কোনো সুযোগ নেই।’
২৮ মে থেকে অনলাইনে এবং আবেদনপত্র পূরণের মাধ্যমে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। এটি চলবে আগামী ১২ জুন পর্যন্ত।
ছয়টি সরকারি কলেজের মধ্যে চট্টগ্রাম সরকারি কলেজ, সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজ, সরকারি সিটি কলেজ, নাসিরাবাদ সরকারি মহিলা কলেজ ও কলেজিয়েট কলেজে বিজ্ঞান পড়ার সুযোগ রয়েছে। এর মধ্যে কলেজিয়েট ছাড়া বাকি চারটিতে ভর্তির যোগ্যতা চাওয়া হয়েছে জিপিএ-৫। কিন্তু চলতি বছর চট্টগ্রাম বোর্ড থেকে শুধু বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৩৯১ জন। কলেজগুলোতে আসন রয়েছে মাত্র এক হাজার ৯৩০টি। কলেজিয়েট কলেজে বিজ্ঞানে ভর্তির যোগ্যতা ৪ দশমিক ২৫।
জানা যায়, চট্টগ্রাম সরকারি কলেজে বিজ্ঞানে আসন রয়েছে ৫০০টি। সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজ ও সরকারি সিটি কলেজে ৫২৫টি, নাসিরাবাদ সরকারি মহিলা কলেজে ৩০০টি এবং কলেজিয়েট কলেজে আসনসংখ্যা ৮০টি।
শিক্ষক, শিক্ষা উপকরণ ও শ্রেিণকক্ষসংকটের কারণে দ্রুত আসন বাড়ানো যায় না সরকারি কলেজে। প্রায় ১০ বছর পর গত বছর চট্টগ্রাম সরকারি কলেজে ৫০টি এবং মুহসীন ও সিটি কলেজে ৭৫টি করে আসন বাড়ানো হয়।
নগরের হালিশহর আবাসিক এলাকার বাসিন্দা অভিভাবক আবিদুর রহমান বলেন, ‘মেয়েকে সরকারি কলেজে ভর্তির আশায় আবেদন করেও ভরসা পাচ্ছি না। আসনসংকটের কারণে দুশ্চিন্তায় পড়েছি।’
বিজ্ঞানের পর ব্যবসায় শিক্ষায় ভর্তির লড়াই হবে। এ বিভাগে নগরের সরকারি কলেজে আসন রয়েছে দুই হাজার ৪০৫। জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৩৭৭ জন। তবে মানবিক বিভাগে তেমন সমস্যায় পড়তে হবে না বলে ধারণা করা হয়। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১১৬ জন। সরকারি কলেজে আসন রয়েছে এক হাজার ৬৫০টি।
বাণিজ্য বিভাগে মুহসীন কলেজ, সরকারি সিটি কলেজ ও নাসিরাবাদ সরকারি মহিলা কলেজে ভর্তির যোগ্যতা জিপিএ ৪ দশমিক ৫, সরকারি বাণিজ্য কলেজে জিপিএ ৪ দশমিক ৬৩ এবং কলেজিয়েট কলেজে জিপিএ ৩ দশমিক ৭৫।
চট্টগ্রাম কলেজ ও মুহসীন কলেজে মানবিকে ভর্তির যোগ্যতা জিপিএ ৩ দশমিক ৫, সরকারি সিটি কলেজে জিপিএ ৩ দশমিক ২৫ এবং নাসিরাবাদ সরকারি মহিলা কলেজে জিপিএ-৩।