দুই দশকের বেশি সময়ে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন নারী। তার পরও সরকারের উচ্চপর্যায়ে ও নীতিনির্ধারক পর্যায়ে নারীর সংখ্যা কম। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রেও নারীদের উপস্থিতি সীমিত। নারীদের এগিয়ে নেওয়ার বিশেষ কোনো কর্মপরিকল্পনাও নেই।‘বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তির ক্ষেত্রে নারী: স্থানীয় ও বৈশ্বিক পরিপ্রেক্ষিত’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনের কারিগরি অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বিজ্ঞানীরা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নারী বিজ্ঞানীদের তিন দিনব্যাপী এই সম্মেলন গত বৃহস্পতিবার শুরু হয়েছে। আজ শনিবার সম্মেলন শেষ হচ্ছে।কারিগরি অধিবেশনের প্রথম উপস্থাপনায় ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলেন, তাঁর নেতৃত্বে ৪জি প্রযুক্তি নিয়ে যে গবেষণা হচ্ছে, তাতে ব্যয় সাশ্রয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। তিনি বলেন, একটি মুঠোফোন থাকলে দুনিয়া হাতের মধ্যে থাকবে।ভারতের আরেক বিজ্ঞানী সুষমা মৈত্র বলেন, বাণিজ্যিক পণ্য উৎপাদনের লক্ষ্যে প্রযুক্তির মাধ্যমে জীববিজ্ঞানের ব্যবহারই হচ্ছে জৈবপ্রযুক্তি (বায়োটেকনোলজি)। তিনি বলেন, ভারতে কৃষি, খাদ্য, চিকিৎসা ও পরিবেশের ক্ষেত্রে ব্যাপকভাবে জৈবপ্রযুক্তির ব্যবহার হচ্ছে এবং প্রতিটি ক্ষেত্রে নারীদের সম্পৃক্ততা আছে।কারিগরি অধিবেশনে বাংলাদেশ ও ভারত ছাড়াও নাইজেরিয়া, সুদান, পাকিস্তানের বিজ্ঞানীরা সকালে ১১টি প্রবন্ধ উপস্থাপন করেন।বিজ্ঞানের এই আসরে জাতীয় ফল কাঁঠাল নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা নাসরিন। আকপাড়া গ্রামের গবেষণার তথ্য তুলে ধরে তিনি বলেন, কাঁঠাল চাষের মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব এবং কাঁঠালের বাণিজ্যিকীকরণের সম্ভাবনা বিপুল।বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের বিজ্ঞানী মাহফুজা খান বলেন, তাঁরা গবেষণায় দেখেছেন, পতঙ্গের বন্ধ্যাকরণের মাধ্যমে প্রজনন হার কমানো সম্ভব এবং তাঁদের উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করে পতঙ্গের অত্যাচার থেকে ফসল রক্ষা করা যায়।উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বলেন, বিজ্ঞানীর প্রতি আগ্রহ কমছে। ১০ থেকে ১২ শতাংশ শিক্ষার্থী বিজ্ঞান নিয়ে পড়তে চায়। তিনি বলেন, ‘আমরা যে অবস্থায় পৌঁছেছি, তাতে নতুন উদ্ভাবন ছাড়া আমাদের সামনে এগিয়ে যাওয়ার কোনো পথ নেই।’বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রেসিডেন্ট এম শমসের আলী ও সরকারি কর্মকমিশনের সাবেক চেয়ারম্যান জেড এন তাহমিদা বেগম।