এইচএসসির ফলাফল : কক্সবাজারে কমেছে জিপিএ–৫ ও পাসের হার
বিজ্ঞানে ফেল ও তথ্যপ্রযুক্তিতে কম নম্বরের প্রভাব ফলাফলে
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার কক্সবাজারে জিপিএ-৫ ও পাসের হার দুটোই কমেছে। গত আট বছরে এ রকম ফলাফল বিপর্যয় হয়নি। শিক্ষকেরা জানান, ফলাফল বিপর্যয়ের অন্যতম কারণ বিজ্ঞানে ফেল করা ও তথ্যপ্রযুক্তি বিষয়ে কম নম্বর পাওয়া। দুটি বিষয়ে শিক্ষকসংকটের কারণে এই অবস্থা হয়েছে।
জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্র জানায়, এবার এইচএসসি পরীক্ষায় জেলার ২১টি কলেজ থেকে অংশ নেন ৮ হাজার ৮৭২ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেন ৫ হাজার ৬৫৫ জন। পাসের হার ৬৩ দশমিক ৭৪ শতাংশ। গত বছর জেলায় পাসের হার ছিল ৬৪ দশমিক ৮০ শতাংশ। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৭৬ জন, এবার পেয়েছেন ৬৬ জন।
৬০ জন জিপিএ-৫ পেয়ে সর্বোচ্চ অবস্থানে রয়েছে কক্সবাজার সরকারি কলেজ। বাকি ছয়টি জিপিএ-৫ পেয়েছেন অন্য পাঁচটি কলেজ থেকে। এর মধ্যে দুজন ডুলাহাজারা কলেজের, একজন করে জিপিএ-৫ পেয়েছেন কক্সবাজার সিটি কলেজ, চকরিয়া কমার্স কলেজ, ঈদগাহ ফরিদ আহমদ কলেজ ও চকরিয়া কলেজ থেকে।
ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, জেলা শহরের তুলনায় আশপাশের উপজেলার কলেজগুলোতে শিক্ষার্থীরা বিজ্ঞানে খারাপ করেছেন বেশি। কোনো কলেজেই বিজ্ঞানে শতভাগ পাস নেই। এদিকে তথ্যপ্রযুক্তি বিষয়ে বেশির ভাগ শিক্ষার্থী পাস করলেও নম্বর আশানুরূপ নয়। কোনো রকমে পাস করেছেন শিক্ষার্থীরা।
জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্র জানায়, জেলার ২১টি কলেজ থেকে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ৮৮৬ জন। এর মধ্যে পাস করেছেন ৬৭৬ জন। পাসের হার ৭৪ দশমিক ৮৮ শতাংশ।
বিভিন্ন কলেজে খোঁজ নিয়ে জানা গেছে, উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে এবার বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেন দুজন ছাত্রী। তাঁদের কেউ পাস করেননি। মহেশখালীর হোয়ানক ডিগ্রি কলেজে বিজ্ঞানের পরীক্ষার্থী ছিলেন একজন। তিনিও ফেল করেছেন। রামু কলেজে বিজ্ঞান থেকে পরীক্ষা দেন ১২ জন। পাস করেছেন মাত্র একজন। কক্সবাজার সরকারি মহিলা কলেজে পরীক্ষার্থী ১৩৩, পাস করেছেন ৮৯ জন। কক্সবাজার হার্ভার্ড কলেজে বিজ্ঞানে পাস করেছেন ১৯, ফেল ১৫ জন। কক্সবাজার সিটি কলেজে বিজ্ঞানে পাস ৪৭, ফেল ৩২ জন। কুতুবদিয়া কলেজে বিজ্ঞানে পাস ২০, ফেল ১৮ জন। টেকনাফ কলেজে বিজ্ঞানে পাস সাত, ফেল দুজন। মহেশখালী কলেজে বিজ্ঞানে পাস ২৪, ফেল দুজন।
কলেজশিক্ষকেরা বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানভীতি, কলেজে শিক্ষকের অভাব এবং বিজ্ঞানাগারে যন্ত্রপাতি না থাকায় শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়া করতে পারছেন না। তাই এই ফল বিপর্যয়। তা ছাড়া প্রতিবছর বিজ্ঞানে শিক্ষার্থীর সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে।
কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী বলেন, এ বছর এইচএসসিতে তথ্যপ্রযুক্তি বিষয়টি নতুন সংযোজন করা হয়েছে। এতে ২৫ নম্বর ব্যবহারিক এবং ৭৫ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু জেলার সব সরকারি-বেসরকারি কলেজে তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষক নেই। ফলে শিক্ষার্থীরা বিষয়টি ভালোভাবে বুঝতে পারেননি। শিক্ষকসংকটের প্রভাব ফলাফলে পড়েছে।
ফজলুল করিম চৌধুরী আরও বলেন, কক্সবাজার সরকারি মহিলা কলেজেও বিজ্ঞানের কোনো শিক্ষক নেই। উপজেলা পর্যায়ের কলেজগুলোর অবস্থা আরও ভয়াবহ। ফলে শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষায় আগ্রহ হারিয়ে ফেলছেন।
আট মাদ্রাসায় ভালো ফলাফল: এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সমমানের পরীক্ষায় জেলার ৩২টি মাদ্রাসা থেকে অংশ নেন ১ হাজার ৯১৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেন ১ হাজার ৭৮৭ জন। পাসের হার ৯৩ দশমিক ৪১ শতাংশ। এবারের সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৩০ জন পরীক্ষার্থী। ১২ জন জিপিএ-৫ পেয়ে সর্বোচ্চ অবস্থানে কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা।
এ ছাড়া পহরচাঁদা ফাজিল মাদ্রাসায় চারজন, আমজিদা রফিকুল উলুম আলিম মাদ্রাসায় একজন, খুটাখালী তমিজিয়া আলিম মাদ্রাসায় একজন, হজরত ফাতিমা (রা.) আলিম মাদ্রাসায় চারজন, রাজাখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় দুজন, আলমাছিয়া ফাজিল মাদ্রাসায় দুজন ও কক্সবাজার আদর্শ বালিকা মাদ্রাসায় চারজন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
এর মধ্যে শতভাগ পাস করেছেন আটটি মাদ্রাসার শিক্ষার্থীরা। এগুলো হলো শহরের তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা, চকরিয়া আরবিয়া মারুফিয়া মাদ্রাসা, হজরত ফাতিমা (রা.) মাদ্রাসা, মহেশখালী মোহাম্মদীয়া ইসলামীয়া মাদ্রাসা, কালারমারছড়া মঈনুল ইসলাম মাদ্রাসা, শাপলাপুর ইসলামিয়া মাদ্রাসা, পেকুয়া মৌলভীবাজার ফারুকীয়া মাদ্রাসা ও উজানটিয়া এএস আলিম মাদ্রাসা।