বিজ্ঞানে ভালোবাসা জাগাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের কঙ্কালের একটি আঁকা ছবি আঙিনার সবুজ ঘাসে ফেলে রাখা। ওই ছবি দেখে দেখে গভীর মনোযোগে কৃত্রিম অস্থি বসিয়ে একটি কঙ্কালের রূপ দিচ্ছিল একদল শিক্ষার্থী। বৈশাখের খাঁ খাঁ রোদ যেন তাদের গায়েই লাগছিল না। ঘণ্টা খানেকের চেষ্টায় আস্ত কঙ্কাল সাজিয়ে ফেলল তারা। ব্যস, জানা হয়ে গেল মানবদেহের অস্থিসংস্থান।সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এমসি একাডেমিতে গতকাল শনিবার আয়োজিত হাতেকলমে বিজ্ঞান শেখার এক আয়োজনের দৃশ্য এটি। এতে দিনভর আনন্দের সঙ্গে বিজ্ঞানের নানা ব্যবহারিক জ্ঞান সহজ ভঙ্গিতে হাতেকলমে অর্জন করে শিশু-কিশোরেরা।নকল হাড় জুড়ে জুড়ে কঙ্কাল বানিয়ে মহা খুশি এমসি একাডেমির ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তাহমিনা আক্তার। প্রতিক্রিয়া জানিয়ে সে বলল, ‘দেখে দেখে এ শেখাটা মনে থাকবে বেশি দিন।’শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাদানের মান উন্নয়নবিষয়ক এক প্রকল্পের আওতায় হাতেকলমে বিজ্ঞান শেখাতে আয়োজন করা হয় ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’ শীর্ষক এ অনুষ্ঠান।জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে ‘মোবাইল হ্যান্ডস অন সায়েন্স এগজিবিশন ফর স্কুল’ নামের হাতেকলমে বিজ্ঞান শিক্ষার এ কর্মসূচি পর্যায়ক্রমে বাংলাদেশের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পালিত হবে।বিজ্ঞানের ব্যবহারিক বিষয়গুলোর প্রদর্শনীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের প্রধান অধ্যাপক ইয়াসমীন হক, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ওয়াসীমুল বারীসহ আটজন শিক্ষক ও স্বেচ্ছাসেবী ৩০ জন শিক্ষার্থী অংশ নেন।এমসি একাডেমি থেকেই এ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। গতকাল এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বক্তৃতায় তিনি বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে আমরা মৌলিক পরিবর্তন করতে চাই। শ্রেণীকক্ষে হাতেকলমে শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। শিক্ষা দিতে হবে আনন্দের সঙ্গে, যাতে শিক্ষার্থীরা আনন্দিত মনে শিক্ষা গ্রহণে ব্রতী হয়।’সরকারের কাছে এ প্রকল্পের প্রস্তাবক মুহম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে ওঠা ও মন দিয়ে লেখাপড়া করার পরামর্শ দেন। বিজ্ঞানের ছাত্রছাত্রী কমে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, বিজ্ঞানকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলতে কর্মসূচিতে মজার মজার বিষয় তুলে ধরা হবে।বিশেষ অতিথির বক্তব্যে রাশেদা কে চৌধুরী বলেন, ‘যে শিক্ষা মানুষকে আলোকিত করে, সেই শিক্ষাপদ্ধতি অনুসরণ করতে হবে। গণিত, বিজ্ঞান আর মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়—এমন শিক্ষাদীক্ষার দিকে গুরুত্ব দিতে হবে।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এস এ খালেক, প্রকল্প পরিচালক নজরুল ইসলাম, সিলেট শিক্ষক প্রশিক্ষণকেন্দ্রের অধ্যক্ষ নিতাই চন্দ্র, এমসি একাডেমির শিক্ষক আফতাবউদ্দিন আহমদ ও পরিচালনা কমিটির সদস্য মনসুর আহমদ চৌধুরী।