বিজ্ঞানের ছাত্র, মানবিকে নিবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞান বিভাগের ছাত্র তারা। নাম নিবন্ধন (রেজিস্ট্রেশন) করেছিল বিজ্ঞানের জন্য। দুই বছর যাবৎ পড়াশোনার পর দাখিল পরীক্ষার আগে আগে তাঁদের রেজিস্ট্রেশন কার্ড এসেছে মানবিকের। এই সাত ছাত্রকে এখন মানবিক বিভাগ থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে! মাদরাসা সুপারের গাফিলতির কারণে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর আবু বকর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ওই শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা। এই মাদ্রাসায় নয়জন বিজ্ঞান বিভাগ ও বাকি ২৩ জন মানবিক বিভাগের দাখিল পরীক্ষার্থী। সংশ্লিষ্ট বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিতে গত নভেম্বরে শিক্ষার্থীরা মাদ্রাসা বোর্ডের নির্ধারিত ফরম পূরণ করে। নবম শ্রেণীতে তাদের রেজিস্ট্রেশন হয়। কিন্তু গত রোববার পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড মাদ্রাসায় এলে দেখা যায়, সেখানে বিজ্ঞান বিভাগের মাত্র একজন নিয়মিত ও একজন অনিয়মিত শিক্ষার্থীর নাম নিবন্ধন করা হয়েছে। বাকি সাতজনের নাম মানবিক বিভাগে নিবন্ধিত হয়েছে। ২০০৫ সালে মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় কয়েকজন ভুয়া পরীক্ষার্থী অংশ নেয়। তখন রশিদ আহমেদসহ চার-পাঁচজন শিক্ষার্থী পুলিশের হাতে গ্রেপ্তার হন। ২০০৭ সালে দাখিলে ভুয়া শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগে রশিদকে কারাবাস করতে হয়।
বিজ্ঞান বিভাগের ভুক্তভোগী শিক্ষার্থী শাহ আলম প্রথম আলোকে বলে, ‘সারা বছর বিজ্ঞান বিভাগ নিয়ে পইড়া মানবিক বিভাগে কেমনে পরীক্ষা দিমু? খাতায় কী লিখব?’
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, ‘এ বিষয়টি নিয়ে স্যারের কাছে যাওয়ার পরে তিনি আমাদের বললেন, পরীক্ষায় পাস করানোর দায়িত্ব উনি নেবেন। আমরা শুধু পরীক্ষায় অংশগ্রহণ করব। এটা কি সম্ভব?’
শাহেরা বেগম নামের এক অভিভাবক বলেন, ‘শিক্ষকদের গাফিলতির কারণে ছেলেমেয়েদের পরীক্ষা দেওয়া অনিশ্চয়তায় পড়েছে। আমার ছেলেকে মানবিকে পরীক্ষা দেওয়ার জন্য বিজ্ঞান বিভাগে পড়াইনি।’ মাদ্রাসার সহকারী সুপার মাঈন উদ্দিন, বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ও লুৎফুল আরেফিন বলেন, ফরম পূরণ, রেজিস্ট্রেশন, ভর্তিসহ সব কাজ সুপার তাঁর অফিস সহকারীকে নিয়ে করেন। তিনি এ ঝামেলা নিয়ে বোর্ডে বেশ দৌড়ঝাঁপ করছেন। ২০১২ সালে সুপার শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করেন।
অফিস সহকারী হুমায়ুন কবির বলেন, সুপার স্যার নিজেই অন্য শিক্ষকদের নিয়ে ফরম পূরণ, ভর্তিসহ যাবতীয় কাজ করেন।
মাদ্রাসার সুপার রশিদ আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রেজিস্ট্রেশন নিয়ে সমস্যাটা বড় কিছু নয়। এটা সমাধানের জন্য আমি ঢাকায় আছি।’ সব ঠিক হয়ে যাবে বলে তিনি মুঠোফোনের সংযোগ কেটে দেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন বলেন, এটি মাদ্রাসার সুপারের গাফিলতির ফল। এর পুরো দায়দায়িত্ব সুপারকেই নিতে হবে।