কক্সবাজার সরকারি কলেজে পদার্থ, রসায়ন ও প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতক (সম্মান) চালু করার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। এই কলেজে বিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য শুধু উদ্ভিদবিদ্যা ও গণিত বিষয়ে স্নাতক ডিগ্রি লাভের সুযোগ রয়েছে। ফলে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করার পরও অনেক শিক্ষার্থী বাণিজ্য বা মানবিক বিভাগে পড়তে বাধ্য হচ্ছেন।
কলেজ সূত্র জানায়, বর্তমানে কলেজে ১০টি বিষয়ে (বাংলা, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, উদ্ভিদবিদ্যা ও গণিত) স্নাতক এবং চারটি বিষয়ে (হিসাববিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান ও বাংলা ) স্নাতকোত্তর করার সুযোগ রয়েছে।
গণিত তৃতীয় বর্ষের ছাত্র আনোয়ার হোসেন বলেন, কলেজে শিক্ষার্থীর সংখ্যা নয় হাজারের বেশি। অথচ বিজ্ঞানের কোনো বিষয়ে কেউ স্নাতক পড়তে চাইলে তাঁর সামনে উদ্ভিদবিদ্যা ও গণিত বিষয়ে পড়া ছাড়া আর কোনো বিকল্প নেই।
স্নাতকোত্তরের ছাত্র ওয়াহিদ রুবেল বলেন, বিজ্ঞানশিক্ষার প্রসারে এই কলেজে পদার্থ, রসায়ন ও প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স কোর্স চালুর জন্য দীর্ঘদিন ধরে কলেজের শিক্ষার্থীসহ কক্সবাজারের মানুষ আন্দোলন করে আসছে। কেউ পদার্থ, রসায়ন ও প্রাণিবিদ্যার যেকোনো একটি বিষয়ে সম্মান পড়তে চাইলে তাঁকে চট্টগ্রাম অথবা ঢাকার কোনো কলেজে যেতে হবে। ইচ্ছা থাকলেও আর্থিক কারণে অনেক পরিবারের সন্তানদের পক্ষে এটি সম্ভব নয়।
শিক্ষার্থী মুমতাকিম হোসেন, বিপ্লব মুন্না ও মো. ফারুক বলেন, বিজ্ঞানের নতুন তিনটি বিষয়ে স্নাতক চালুর জন্য শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।
জানতে চাইলে কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী বলেন, বিজ্ঞানের তিনটি বিষয়ে অনার্স কোর্স চালু করার বিষয়ে গত দুই বছরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকবার আবেদন করা হয়েছে।
এ বিষয়ে কক্সবাজার-৩ (কক্সবাজার-রামু) আসনের আওয়ামী লীগের সাংসদ সাইমুম সরওয়ার বলেন, এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বিজ্ঞানের নতুন তিনটি বিষয়ে অনার্স কোর্স চালুর জন্য শিক্ষামন্ত্রীর কাছে ডিও লেটার পাঠিয়েছেন।