বিজ্ঞানের প্রশ্নপত্রও ফাঁস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান প্রাথমিক শিক্ষা সমাপনী (প্রাশিস) পরীক্ষায় একের পর এক প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠলেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, ‘এগুলো গুজব, ভিত্তিহীন অভিযোগ ও তথ্যবিভ্রাটও বটে’। এ জন্য এ ধরনের ‘হীন, অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও সন্দেহমূলক’ সংবাদ প্রচার না করার জন্য সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হয়।
মন্ত্রণালয় গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে। আগের দিন মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানও অভিযোগ অস্বীকার করেন।
তবে গতকাল অনুষ্ঠিত প্রাথমিক বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রও ফাঁস হয় বলেও বিভিন্ন এলাকা থেকে অভিযোগ পাওয়া গেছে। বরগুনায় আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, বিজ্ঞান বিষয়ের প্রশ্ন মঙ্গলবার দুপুরের মধ্যে ফেসবুকের কয়েকটি পেইজে দেখা যায়। বরগুনায় এসব প্রশ্ন পেতে কিছু অভিভাবকের দৌঁড়ঝাপ করতেও দেখা গেছে। এ নিয়ে শহরের কয়েকটি কোচিং সেন্টার, কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তৎপরতা ছিল। গতকাল পরীক্ষার পর কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে প্রশ্নপত্র নিয়ে দেখা গেছে, ফেসবুকে ফাঁস করা প্রশ্নের সঙ্গে রচনামূলক ও সংক্ষিপ্ত প্রশ্নের মিল রয়েছে। তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো তথ্য তাঁদের কাছে নেই।
রাজধানীর আজিমপুর থেকে ফোন করে মহিবুর রহমান নামে একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, এই প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে শিশুরা ১০ বছর বয়স থেকেই অনৈতিকতা শিখছে। এ বিষয়ে সরকারের কি কোনো করণীয় নেই? তিনি এ বিষয়ে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করেন।
গাজীপুর থেকে এক অভিভাবকও ফোন করে জানিয়েছেন, আগের দিন তাঁরা যেসব প্রশ্ন পাচ্ছেন সেগুলোই পরের দিন অনুষ্ঠিত মূল প্রশ্নের সঙ্গে মিলে যাচ্ছে। এ রকম অভিযোগ আরও কয়েকজনের।
তবে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা শুরুর পরদিন থেকে এখন পর্যন্ত বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম ও গণমাধ্যমে এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসংক্রান্ত বিভিন্ন ‘বিভ্রান্তিকর’ সংবাদ প্রচার করে যাচ্ছে। এ নিয়ে জনমনে উদ্বেগ ও সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি অনুধাবন করে গতকাল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি পর্যালোচনা করেছেন। ফেসবুকে পাওয়া প্রশ্ন বা সাজেশন এবং অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্র পুঙ্খানুপুঙ্খভাবে মিলিয়ে দেখা হয় এবং প্রযুক্তিগত ত্রুটিবিচ্যুতির কারণে এ ধরনের ঘটনার উদ্ভব কি না তাও পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সার্বিক পর্যালোচনা শেষে প্রতীয়মান হয় যে ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রশ্নের সঙ্গে সমাপনী পরীক্ষায় সরবরাহ করা প্রশ্নের কোনো সামঞ্জস্য নেই। প্রশ্নপত্র ফাঁস হলে পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্নের সঙ্গে ফেসবুকে পাওয়া প্রশ্নপত্রের মিল থাকার কথা। কিন্তু তার প্রমাণ মেলেনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানানো হয়।