‘বিজ্ঞানের উন্নয়ন ও প্রসার ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। সে জন্য বিজ্ঞানকে লক্ষ্য করেই জাতীয় উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।’
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এ কথা বলেন। বর্তমান বিজ্ঞান জাদুঘরের জায়গায় আধুনিক জাদুঘর নির্মাণ করা হবে বলেও জানান মন্ত্রী। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে জাদুঘর মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
গত বছরের ১৭ নভেম্বর চট্টগ্রামে সুবর্ণজয়ন্তী পালনের জন্য প্রথম ধাপের অনুষ্ঠান উদ্বোধন হয়। সেখানে সারা দেশের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞানবিষয়ক বক্তৃতা ও সেমিনার হয়। দ্বিতীয় ধাপে গত শনিবার ঢাকায় শুরু হয় পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান। সেখানে উদ্ভাবনী প্রদর্শন, বিজ্ঞানবিষয়ক সেমিনার ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়ের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাদুঘরের সিনিয়র কিউরেটর মো. বদিয়ার রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব মো. আনোয়ার হোসেন, পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান নঈম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে পাঁচজন উদ্ভাবককে পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি