বেলা গড়িয়ে আঁধার নামছে ধীরে ধীরে। তারস্বরে ডাকছে ঝিঁঝি পোকারা সোহরাওয়ার্দী উদ্যানের গাছপালার আড়ালে-আবডালে। মাথার ওপর স্বচ্ছ নীলাকাশে ক্রমেই পূর্ণ হয়ে উঠেছে চাঁদ, পূর্ণিমায় পরিপূর্ণ হবে শুক্রবার। তার তলায় মাসজুড়ে বহু মানুষের সমাগমে প্রাণস্পন্দিত বইমেলার মেয়াদও পূর্ণ হয়ে এল। আগামীকাল নামবে যবনিকা।
হয়তো বিদায় বলেই গতকাল মঙ্গলবার মেলায় লোকজনের উপস্থিতি কিছুটা বেড়েছিল। তবে বেচাকেনা খুব একটা বেড়েছে, তেমনটা বললেন না বিক্রেতারা। আসলে অমর একুশের বইমেলায় অনেকেই আসেন প্রিয়জনের সঙ্গে দেখা–সাক্ষাৎ করতে। সে কারণেই এই মেলাকে আমরা প্রাণের মেলা বলে থাকি। বইমেলা সম্পর্কে এমন মন্তব্য করলেন প্রাবন্ধিক আহমাদ মাযহার। তিনি বললেন, প্রকাশনার মান উন্নয়ন, সারা বছর বইয়ের বিপণনের জন্য আলাদা পরিকল্পনা দরকার। কিন্তু তেমন কোনো উদ্যোগ নেই।
মেলায় এবার গতকাল পর্যন্ত তথ্যকেন্দ্রের হিসাব অনুসারে নতুন বই প্রকাশিত হয়েছে ৩ হাজার ১২৪টি। এর মধ্যে বিজ্ঞানবিষয়ক বই মাত্র ৪৫টি। আমরা বিজ্ঞানমনস্ক জাতি গড়তে চাই অথচ মেধা–মননের সবচেয়ে বড় আয়োজনে বিজ্ঞানের প্রতি আগ্রহের এই নমুনা কীভাবে দেখেন বিজ্ঞান লেখকেরা? মেলার মাঠে গতকাল এ নিয়ে কথা হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক ও বিজ্ঞান লেখক ফারসীম মান্নান মোহাম্মদীর সঙ্গে। এবার প্রথমা থেকে এলিয়েনের সন্ধানে এবং বৈভব থেকে জানাবোঝার ভেতর বাহির নামে তাঁর দুটো বই এসেছে। তিনি বলেন, মৌলিক বিজ্ঞান বিষয়ে লিখতে যে শ্রম ও সময় দিতে হয়, প্রাসঙ্গিক বইপত্র সংগ্রহ করতে যে আর্থিক খরচ করতে হয়, বই লিখে সে অনুসারে আয় হয় না। লেখকেরা তাঁদের শ্রমের মূল্য পান না বলে লিখতে আগ্রহী হন না। অপর দিকে বিক্রি কম বলে প্রকাশকেরাও নিজ উদ্যোগে এসব বই প্রকাশে অনাগ্রহী। বাংলা একাডেমি এ ধরনের উদ্যোগ নিতে পারত।
নতুন বই
গতকাল মেলার তথ্যকেন্দ্রে নতুন বইয়ের নাম এসেছে ২২১টি। প্রথমা এনেছে মতিউর রহমানের ভালোবাসায় বাড়ানো হাত। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিদেশি সুহৃদ—কবি-লেখক-শিল্পীরা নানাভাবে অবদান রেখেছেন। তাঁদের সহানুভূতি, সমর্থন ও সহযোগিতা সশস্ত্র লড়াইয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছে, সাহস জুগিয়েছে। সেই মহাবিপর্যয়ের দিনগুলোতে তাঁদের সহমর্মিতার স্মৃতি অম্লান হয়ে আছে। এই বইকে মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের সেই অবদানের কথাই তুলে ধরা হয়েছে।
জার্নিম্যানবুকস এনেছে কবি ও সম্পাদক আবুল হাসনাতের নানাবিষয়ক একগুচ্ছ প্রবন্ধ সংকলন বিদ্যাসাগর, জীবনানন্দ, নেরুদা ও অন্যান্য, ঐতিহ্য এনেছে মোহাম্মদ হারুন-উর-রশিদের বাংলা একাডেমি আমার বাংলা একাডেমি, নবযুগ এনেছে সোহরাব হাসানের নির্বাচিত কবিতা এবং প্রবন্ধ পাকিস্তানীদের চোখে বঙ্গবন্ধু শেখ মুজিব, ছায়াবীথি প্রকাশনী এনেছে দেলওয়ার হোসেনের মুক্তিযুদ্ধবিষয়ক মোর নয়া মিয়া আর ফিরি আসবে না।
ঘরে বসে বইমেলার বই পেতে ভিজিট করুন: prothoma.com । কল করুন: ০১৯৮৮৩৩৭৭৩৩