বিজ্ঞানের মজার পাঠ নিল শিক্ষার্থীরা
বিজ্ঞানের মজার মজার সব পরীক্ষণ রাখা হয়েছে টেবিলে। শ পাঁচেক শিক্ষার্থী কয়েক ভাগে বিভক্ত হয়ে গভীর মনোযোগ দিয়ে একেকটি টেবিলের চারপাশে দাঁড়িয়ে পাঠ নিচ্ছে। শিক্ষার্থীদের দেখা থেকে শেখার এ পাঠ গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় ঢাকার শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। পাঠে অংশ নেওয়া বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তার জানায়, প্রতিটি স্কুলে এ রকম বিজ্ঞান মেলা হলে একঘেয়েমি নয়, বরং আনন্দের সঙ্গে ছাত্রছাত্রীরা শিখতে পারবে বিজ্ঞানের মজার মজার বিষয়।শিক্ষা মন্ত্রণালয়ের টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট (টিকিউআই) প্রকল্প আয়োজিত স্কুলভিত্তিক স্বল্পব্যয়ী এই বিজ্ঞান মেলায় প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বিজ্ঞান শিক্ষা খুবই মজার ও আনন্দের। কিন্তু পারিপার্শ্বিক বিভিন্ন কারণে এই শিক্ষার প্রতি আগ্রহ কমে যাচ্ছে। তিনি ছাত্রছাত্রীদের বিজ্ঞান শাখায় পড়ার আহ্বান জানিয়েছেন।এর আগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে প্রায় ৪০টি পরীক্ষণ দেশের বিভিন্ন স্কুলে নিয়ে যাওয়া হয়। গত বছরের ১৬ এপ্রিল সিলেটের বিভিন্ন অঞ্চলের কয়েকটি স্কুলে পরীক্ষণগুলো দেখানো হয়। সবশেষে গতকাল পাইলট প্রকল্পটির সমাপনী উপলক্ষে শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।টিকিউআই প্রকল্পের পরিচালক স্বপন কুমার সরকারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, লেখক-শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার শাহীন।মুহম্মদ জাফর ইকবাল বলেন, আজকে যে আগ্রহ নিয়ে শিক্ষার্থীরা এ পরীক্ষণগুলো দেখছে, তাদের সেই আগ্রহ ধরে রাখতে হবে। এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দিতে হবে।বিজ্ঞানের মজার সব প্রদর্শনী দেখে শিক্ষার্থীরা তাদের অনুভূতি লিখে জমা দেয়। অনুভূতি লেখার ওপর লটারি হয় এবং বিজয়ী অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন মুহম্মদ জাফর ইকবাল, প্রধান শিক্ষকসহ বিজ্ঞানের শিক্ষকেরা।