বিজ্ঞানের শিক্ষার্থী বাড়ায় বাগমারায় বই-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়গুলোতে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পাঠ্যবই নিয়ে বিপাকে পড়েছে শিক্ষা অফিস। এখনো জীববিজ্ঞান বিষয়ের পাঠ্যবই সব শিক্ষার্থীর হাতে পৌঁছায়নি। তবে অন্য বইগুলো বিভিন্নভাবে সংগ্রহ করে চাহিদা পূরণ করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১০০ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চলতি বছর গত বছরের চেয়ে ৭০০ শিক্ষার্থী বেড়েছে। তবে মানবিক ও বাণিজ্য বিভাগ শিক্ষার্থীর সংখ্যা বাড়েনি। গত বছর নবম শ্রেণিতে মানবিক বিভাগে ২ হাজার ৩৫০ জন ও বাণিজ্য বিভাগে ১০০০ জন শিক্ষার্থী নাম নিবন্ধন করে। তবে এ বছর দুই বিভাগ মিলে ৪০০ শিক্ষার্থী কম ভর্তি হয়েছে। অথচ গত বছর নবম শ্রেণিতে ভর্তি হওয়া ২ হাজার ২০০ জন বিজ্ঞান শিক্ষার্থীর মধ্যে সরকারি বই দেওয়া হয়েছিল। এবার বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য পাওয়া ২ হাজার ৭৫০ সেট বই বিতরণের পরও তা চাহিদা পূরণ করতে পারেনি। শিক্ষার্থী বাড়ায় বিভিন্ন স্থান থেকে অতিরিক্ত বই সংগ্রহ করে বিতরণ করা হয়েছে। এর পরও বেশ কিছু শিক্ষার্থী বই পায়নি। এক বছর আগে বইয়ের চাহিদা পাঠানো হয়। এবার গত বছরের চেয়ে অতিরিক্ত ৫৫০ সেট বইয়ের চাহিদা পাঠানো হয়েছিল। এর পরও চাহিদা পূরণ হয়নি।

কমপক্ষে ৪০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার তাঁদের বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

বাগমারা পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জব্বার বলেন, গত বছর নবম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ১১ জন শিক্ষার্থী ভর্তির জন্য নিবন্ধন করে। তবে এ বছর ২৪ জন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। ভর্তি হওয়া এসব শিক্ষার্থীর সবাই জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়ার কারণে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে বলে তিনি জানান।

চান্দেরআড়া উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক মোজাম্মেল হক জানান, তাঁর প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। শিক্ষার্থী বাড়ার কারণে বই পেতেও দেরি হয়েছে। এখনো জীববিজ্ঞান বিষয়ের বই পাওয়া যায়নি।

বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থী সিদ্দিকুর রহমান, রায়সুল আজম, সেলিনা আফরোজ, ববিতা রানী জানায়, তারা জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নবম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে। কর্মসংস্থান, উচ্চশিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য সুযোগ বেশি থাকায় বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করতে তারা আগ্রহী বলে জানিয়েছে।