বিজ্ঞানের শিক্ষার্থী সংকটে কুমিল্লার কলেজগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলার সরকারি-বেসরকারি কলেজগুলো বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী সংকটে ভুগছে। জেলার ৫৮টি কলেজে ২০০৯-১০ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৪৬৯ জন। এর মধ্যে দুটি সরকারি এবং তিনটি বেসরকারি কলেজে বিজ্ঞান বিভাগে কোনো শিক্ষার্থী নেই। জানা গেছে, কুমিল্লায় সরকারি-বেসরকারি মিলিয়ে মোট কলেজ ১২০টি। সরকারি কলেজ ১০টি এবং বেসরকারি ১১০টি। এর মধ্যে ৫৮টি কলেজে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ২০ জনের নিচে এবং পাঁচটি কলেজে বিজ্ঞানের কোনো শিক্ষার্থীই নেই।২০০৭ সালে এসএসসিতে কুমিল্লা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৪ দশমিক ৬৩ পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন লাকসামের আহসান হাবীব। তাঁর ইচ্ছা ছিল, চিকিৎস্যা বা প্রকৌশল বিষয়ে পড়া। পরে উচ্চমাধ্যমিক পর্যায়ে বিভাগ পরিবর্তন করে ব্যবসায় শিক্ষা শাখায় কুমিল্লা কমার্স কলেজে ভর্তি হন। ২০০৯ সালে ওই কলেজ থেকে জিপিএ ৪ দশমিক ৯০ পেয়ে উচ্চমাধ্যমিক পাস করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। পাঁচ কলেজে বিজ্ঞানের শিক্ষার্থী নেই: চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া সরকারি কলেজে ২০০৯-১০ শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগে কোনো শিক্ষার্থী নেই। কলেজে রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিভাগে একজন করে প্রভাষক আছেন। এই কলেজের গণিতের প্রভাষক মো. মুজিবুর রহমান বলেন, ‘প্রতিদিন সকালে কলেজ যাই, বিকেলে ফিরে আসি। কোনো কাজ নেই। মাঝেমধ্যে বিভিন্ন কমিটির কাজ থাকে। এভাবে বসে থাকতে খারাপ লাগে। শিক্ষার্থী ছাড়া একজন শিক্ষকের চাকরি করা বুঝতেই পারছেন।’ কলেজের অধ্যক্ষ যোগেশ চন্দ্র সরকার বলেন, ‘এ বছর শিক্ষার্থী না থাকলেও আগামী বছর নিশ্চয়ই ভর্তি হবে।’অন্যদিকে দাউদকান্দির হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজেও বিজ্ঞান বিভাগে কোনো শিক্ষার্থী নেই। এই কলেজে গণিত ও রসায়ন বিভাগে কোনো শিক্ষক নেই। উদ্ভিদবিজ্ঞান বিভাগে আছেন একজন শিক্ষক। এ ছাড়া আদর্শ সদর উপজেলার হাউজিং এস্টেট স্কুল অ্যান্ড কলেজ, সদর দক্ষিণ উপজেলার দীঘিরপাড় টিআইকে মেমোরিয়াল কলেজ ও ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর আবদুল মতিন খসরু কলেজে ২০০৯-১০ শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগে কোনো শিক্ষার্থী নেই। বিশিষ্টজনেরা বলেন: বিজ্ঞানে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে—এটা খুবই বিপজ্জনক ও ভয়াবহ ব্যাপার উল্লেখ করে বিশিষ্ট কল্পবিজ্ঞান লেখক ও সিলেটের শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক জাফর ইকবাল প্রথম আলোকে বলেন, আজকাল পড়াশোনাটা ধনীদের দখলে চলে গেছে। তার ওপর বিজ্ঞান শিক্ষা প্রাইভেটনির্ভর হয়ে গেছে। গ্রামাঞ্চলে বিজ্ঞানের দক্ষ শিক্ষক ও শিক্ষার্থীর পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব রয়েছে। যে কারণে গ্রামের শিক্ষার্থীরা বিজ্ঞানের দিকে ঝুঁকছে না। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অর্জুন চন্দ্র শীল বলেন, ‘মাধ্যমিক পর্যায়ে মুখস্থনির্ভর বিজ্ঞান অনুশীলনের কারণে উচ্চমাধ্যমিক পর্যায়ে অনেক শিক্ষার্থী ঝরে গেছে। বিজ্ঞান শিক্ষাকে বেগবান করতে হলে মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষা জোরদার করতে হবে।’ জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল আলহাজ আবু তাহের কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম বলেন, ‘যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীরা এখন ব্যবসায় শিক্ষার দিকে ঝুঁকছে। এতে খরচ কম। শিক্ষকও পাওয়া যায়। যে কারণে বিজ্ঞানে শিক্ষার্থী কমে গেছে।’কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস বলেন, ‘সরকারি পৃষ্ঠপোষকতা, নজরদারি ও অভিভাবক-শিক্ষার্থীদের দৃঢ় মনোবলই বিজ্ঞানে শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে পারে।’