বিজ্ঞাপনে ডিজিটাল প্রতারণার ফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চটকদার সব বিজ্ঞাপন। ‘অনলাইন’ সুপার শপের মালিকানা, ‘অনলাইন’ কুরিয়ার পার্সেল সার্ভিস। একাধারে ডেবিট প্রোগ্রাম, ই-কমার্স ও অনলাইন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসের সমন্বয়। কিংবা একটি সিমের সাহায্যে ‘অনলাইনে’ আটটি মোবাইল ফোন কোম্পানিতে টাকা পাঠানোর সুবিধা। এ সবই মিলবে মাত্র ছয় হাজার টাকায়। ডিজিটাল এই যুগে এভাবেই ‘অনলাইন’ প্রতারণার ফাঁদ পেতেছে কিছু প্রতিষ্ঠান। তাদের চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে কোটি কোটি টাকা খুইয়ে সর্বস্ব হারিয়েছে অনেকে।এ ধরনেরই একটি প্রতিষ্ঠানের নাম ‘রাইট ক্লিক’। ভুক্তভোগীরা জানায়, এই প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে তিন হাজারের বেশি লোক লাখ লাখ টাকা বিনিয়োগ করে এখন তা আর ফেরত পাচ্ছে না।প্রতারণার অভিযোগ পেয়ে গত বছরের মার্চে র্যাব-৩-এর একটি দল শান্তিবাগের ইসলাম ম্যানশনের চতুর্থ তলায় রাইট ক্লিক অফিসে অভিযান চালায়। অফিসের বিভিন্ন জিনিসের সঙ্গে জব্দ করা হয় রাইট ক্লিকের লেভেল লাগানো প্রচুর ভুয়া সিম কার্ড ও রিচার্জ কার্ড। র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রাইট ক্লিকের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ ও সহযোগীরা বিভিন্ন প্রতারণার কথা স্বীকারও করেন। কিন্তু আদালত থেকে জামিনে মুক্ত হয়ে ফের প্রতারণা শুরু করেছে এই চক্রটি। এতে আজাদ সরাসরি যুক্ত না থাকলেও তাঁরই সাগরেদ কুমিল্লার মো. সালেহ ‘ট্রান্সফার ডট কম’ নামে প্রতারণা ব্যবসা শুরু করেছেন।অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন উপায়ে মোবাইল কোম্পানিগুলোর নিবন্ধনহীন সিম সংগ্রহ করে সেগুলোর উল্টো পিঠে কোম্পানিগুলোর নামে স্টিকার লাগিয়ে বাজারে ছাড়া হয়েছে। সিমগুলোকে ‘পি-রাইট’, ‘বি-রাইট’ ও ‘গোল্ডেন রাইট’ নামে ভাগও করা হয়েছে। কার্ডের উল্টোপিঠে রিচার্জের নিয়মে বলা হয়েছে, ‘সরাসরি মোবাইলে রিচার্জ করার জন্য মেসেজ অপশনে গিয়ে যে মোবাইলের রিচার্জ করবেন তার নম্বর লিখে, কার্ডের গোপন নম্বরটি লিখে ০১৬৭১৫৫৬৩৩২ নম্বরে এসএমএস করুন।’অনেকেই প্রাণভয়ে নিজের নাম-পরিচয় প্রকাশ করতে চাননি। জানা গেছে, লাখ লাখ টাকা দিয়ে ওই সব কোম্পানির ভুয়া রিচার্জ কার্ড কিনে প্রতারিত হয়েছেন তাঁরা। এ বিষয়ে গ্রামীণফোনসহ বিভিন্ন মোবাইল অপারেটর ওই ‘রাইট ক্লিক’ ও ‘ট্রান্সফার ডট কম’-এর রিচার্জ কার্ডের বিরুদ্ধে লিগ্যাল নোটিশও পাঠিয়েছে।র্যাব জানিয়েছে, বিভিন্ন কোম্পানির পণ্য কিনে তার ওপর এসব ভুয়া কোম্পানির লোগো লাগিয়ে বাজারজাত করা হচ্ছিল। তাদের তথ্যমতে, রাইট ক্লিক কোম্পানির ডিলারশিপ পেতে প্রত্যেককে ছয় হাজার টাকা দিয়ে প্রতিষ্ঠানের সদস্য হতে হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, এ টাকা ফেরত চাইলেই হত্যা করার হুমকি দেওয়া হতো।ভুক্তভোগী অধ্যাপক কামরুল হাসান জান্নাত বলেন, পত্রিকার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে এক হাজার টাকার বিনিময়ে প্রতিষ্ঠানের সদস্য হন। একপর্যায়ে রাইট ক্লিকের পরিচালক আবুল কালাম আজাদ তাঁকে মাসে ২৮ হাজার টাকা বেতনে চাকরির প্রস্তাব দেন। পরে প্রতিষ্ঠানের ‘নির্বাহী উপদেষ্টা’ পদে যোগ দেওয়ারও আহ্বান জানান। এরপরই মোক্ষম প্রস্তাবটি দেন আজাদ। প্রতিষ্ঠানে ১০ লাখ টাকা বিনিয়োগ করতে বলেন। কামরুল হাসান জানান, তিনি আজাদকে নগদ দুই লাখ টাকা দেন। শর্ত ছিল দুই বছর পর সুদ-আসলে পাঁচ লাখ টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু শর্ত অনুযায়ী টাকা চাইলে আজাদ তাঁকে হত্যার হুমকি দেন।র্যাব-৩-এর অপস অফিসার ক্যাপ্টেন মো. শরীয়ত বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন তাঁদের নজরে ছিল। অভিযানও চালানো হয়। তবে পরে বিষয়টি আর ফলো-আপ করা হয়নি।রাইট ক্লিকের স্বত্বাধিকারী আজাদ বলেন, শত্রুতাবশত তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে। তিনি চীন থেকে এসব মাল কিনে এনে বাজারে বিক্রি করতেন। তাঁর দাবি, পাওনাদারদের এ পর্যন্ত প্রায় ৪৬ লাখ টাকা পরিশোধ করেছেন তিনি।