বিজ্ঞাপনে ঢাকা উড়ালসড়কের স্তম্ভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক আর বাণিজ্যিক বিজ্ঞাপনে ঢেকে গেছে ঢাকার তিন উড়ালসড়কের স্তম্ভ। নেতাদের পোস্টার থেকে বাড়িভাড়ার বিজ্ঞাপন—সবই সাঁটা হচ্ছে পিলারগুলোয়।
গত কয়েক দিনে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার, মগবাজার-মৌচাক ফ্লাইওভার ও মহাখালী ফ্লাইওভার এলাকা ঘুরে দেখা যায়, পিলারগুলোয় কয়েক স্তরের বিজ্ঞাপন সাঁটা। বেশির ভাগ বিজ্ঞাপনই পোস্টার সাইজের।
শনির আখড়া থেকে গুলিস্তান পর্যন্ত মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের প্রায় সব পিলারই হারবাল চিকিৎসাকেন্দ্র, কোচিং সেন্টার, সিনেমা আর স্থানীয় নেতাদের পোস্টারের দখলে। পিলারগুলোর ক্রমিক নম্বরও এখন আর পড়া যায় না। মগবাজার ফ্লাইওভারের পিলারগুলো প্রধানত সিনেমার পোস্টারে মোড়ানো। শান্তিনগর ও কারওয়ান বাজার এলাকায় এই উড়ালসড়কের নির্মাণাধীন অংশেও পোস্টারের কমতি নেই। মহাখালী ফ্লাইওভারের পিলারে পোস্টারের সঙ্গে রাজনৈতিক দল আর বিদেশি ভাষাশিক্ষাকেন্দ্রের ব্যানার-ফেস্টুনও চোখে পড়ে।
প্রায় পাঁচ বছর আগে হাইকোর্ট এক আদেশে বিভিন্ন ব্যক্তিগত ও পাবলিক স্থাপনায় অবৈধ ও বেআইনিভাবে স্থাপিত হোল্ডিং, পোস্টার, ব্যানার, দেয়াললিখনসহ সব প্রচারণা উপকরণ অপসারণে ঢাকা সিটি করপোরেশনকে (উত্তর ও দক্ষিণ) সময় দেওয়া হয়। ওই আদেশের পরিপ্রেক্ষিতে দুই সিটি করপোরেশন থেকে বেশ কয়েকবার অপসারণ অভিযান চালানো হয়। এরপর ঢাকার রাজপথে বড় বিলবোর্ডের সংখ্যা অনেক কমে এলেও কাগজে ছাপানো বিজ্ঞাপন-পোস্টারের দৌরাত্ম্য কমেনি।
যাত্রাবাড়ীর বাসিন্দা মো. হান্নান বলেন, ‘পোস্টারের ওপর পোস্টার সাঁটানো হয়। এগুলো পরিষ্কারের কোনো উদ্যোগ দেখি না।’
মহাখালীর বাসিন্দা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবদুল্লাহ সাঈদ বলেন, ‘আমাদের সৌন্দর্যবোধের ঘাটতি খুব বেশি। ফাঁকা জায়গা পেলেই সেটা নোংরা করি। এটা বন্ধেও ব্যক্তিপ্রতিষ্ঠান সবারই আন্তরিকতার ঘাটতি আছে।’
এ বিষয়ে জানতে চাইলে দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানায় তাদের এলাকায় অননুমোদিত বিভিন্ন ধরনের বিলবোর্ড, ব্যানার, পোস্টার, তোরণ ও দেয়াললিখন ইত্যাদি অপসারণ চলমান প্রক্রিয়া। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গণস্থাপনায় এভাবে পোস্টারিং করা প্রথমত অন্যায়। দেয়ালে, স্থাপনায় পোস্টার লাগানোটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তিনি আরও বলেন, ‘আমরা এ নিয়ে কাজ করছি। সবটা নিয়মের মধ্যে আনতে একটু সময় লাগছে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আবদুর রাজ্জাক বলেন, তাঁরা গত ১৯ ফেব্রুয়ারি গণমাধ্যমে সরকারি ও ব্যক্তিগত স্থাপনা থেকে ব্যানার, পোস্টার, বিজ্ঞাপন অপসারণের নির্দেশ দিয়ে গণিবজ্ঞপ্তি দিয়েছেন। ফার্মগেট এলাকায় দেয়ালে পোস্টার সাঁটানোর দায়ে সাতটি কোচিং সেন্টারকে জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, ‘ফ্লাইওভারের বিষয়টিও আমাদের নজরে আছে। আমরা ধাপে ধাপে কাজ করছি।’