বিজ্ঞাপনের দাপটে ফেরির নাম খুঁজে পাওয়াই দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া নৌপথে চলাচলকারী ফেরি এনায়েতপুরীর নাম টায়ারের বিজ্ঞাপনের কারণে বোঝা যাচ্ছে না (বাঁয়ে)। পাশে চায়ের বিজ্ঞাপনে আড়াল হয়েছে ফেরি খানজাহান আলীর নাম l প্রথম আলো
মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া নৌপথে চলাচলকারী ফেরি এনায়েতপুরীর নাম টায়ারের বিজ্ঞাপনের কারণে বোঝা যাচ্ছে না (বাঁয়ে)। পাশে চায়ের বিজ্ঞাপনে আড়াল হয়েছে ফেরি খানজাহান আলীর নাম l প্রথম আলো

পণ্যের বিজ্ঞাপনের আড়ালে পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া পথে চলাচলকারী ফেরিগুলোর নাম। এসব নামকরণ করা হয়েছে দেশের বীর সন্তান ও ইসলামি ব্যক্তিত্বের নামে।
যাত্রীদের অভিযোগ, কোম্পানিগুলো তাদের পণ্যের প্রচার করতে বড় বড় অক্ষরে নানা চটকদার কথা লিখে রেখেছে পুরো ফেরিতে। আর কম দৃষ্টিগোচর হয় এমন জায়গায় ছোট করে লেখা হয়েছে ফেরির নাম। ফলে বিভিন্ন কোম্পানি কাপড় ধোয়ার গুঁড়া সাবান, চাসহ বিভিন্ন পণ্যের প্রচারণার মাঝেই হারিয়ে গেছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর আলম, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং শাহ আলী ও শাহ মখদুমের মতো ইসলামি ব্যক্তিত্বের নাম। কর্তৃপক্ষ বলছে, বিষয়টি তারাও দেখেছে, তাই নতুন করে বিজ্ঞাপনের জন্য আর কাউকে ফেরি ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না।
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন কোম্পানি তাদের পণ্যের প্রচারণার জন্য পাটুরিয়া থেকে দৌলতদিয়া নৌপথে চলাচলকারী ফেরিগুলো নানা রঙে সাজিয়েছে। দেখে বোঝাই যায় না যে এসব ফেরি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কিংবা এসবের কোনো নাম আছে। একটি ফেরির কাছে গিয়ে দেখা যায়, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর আলমের নামটি আড়াল হয়েছে একটি কোম্পানির পানির ট্যাংকের বিজ্ঞাপনে। একই প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে আড়াল হয়েছে এনায়েতপুরীর নাম। শাহ আলী ও খান জাহান আলীর নাম আড়াল হয়েছে চায়ের বিজ্ঞাপনে। শাহ মখদুম নামটি চোখে পড়ে না কাপড় ধোয়ার গুঁড়া সাবানের বিজ্ঞাপনে। এ ছাড়া আরও দুটি ফেরির গায়ে পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয়েছে বলে ফেরির কর্মচারীরা জানান।
বিআইডব্লিটিসি সূত্রে জানা গেছে, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া পথে ১৮টি ফেরি চলে। এর সাতটির গায়ে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন রয়েছে। আরও কয়েকটি বিজ্ঞাপন প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহারের অপেক্ষায় আছে।
শাহ আলী ফেরির এক কর্মচারী নাম প্রকাশ না করে জানান, এক বছর আগে হঠাৎ করে বিআইডব্লিউটিসির কর্মকর্তারা এসব ফেরি পণ্যের প্রচারে ব্যবহারের অনুমতি দিতে শুরু করেন। ইতিমধ্যে বেশ কয়েকটি ফেরিতে এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আর বিজ্ঞাপন প্রচার করতে গিয়ে কোম্পানিগুলো ফেরির নামই আড়াল করে ফেলেছে। পণ্যের কথা বড় অক্ষরে লিখতে গিয়ে ছোট করে ফেলেছে বীর সন্তান ও ইসলামি ব্যক্তিত্বদের।
আবদুল জব্বার নামের এক কর্মচারী বলেন, ‘দেশের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ফেরিগুলো তাঁদের নামে নামকরণ করা হয়েছিল। কিন্তু বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনের কাছে ওই নাম গুরুত্বহীন হয়ে পড়েছে। কম গুরুত্বপূর্ণ জায়গায় ছোট করে লেখা হয়েছে তাঁদের নাম। এটা খুবই দুঃখজনক।’
খান জাহান আলী ফেরির রবিউল ইসলাম নামের চুয়াডাঙ্গার এক যাত্রী বলেন, আগে ফেরিগুলোতে সাদা রঙের ওপর বড় অক্ষরে ফেরির নাম লেখা থাকত। নাম দেখে বিশিষ্ট ব্যক্তিটি সম্পর্কে জানার কৌতূহল হতো। এখন অনেক খুঁজেও ফেরির নাম দেখতে পাওয়া দুষ্কর।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক (মেরিন) ক্যাপ্টেন শওকত আলী সরদার বলেন, ফেরির সামনে-পেছনে পাঁচটি স্থানে ফেরির নাম লেখা থাকতে হবে—এমন শর্ত রেখেই তাঁরা বিজ্ঞাপন প্রচারের জন্য ফেরির জায়গা এক বছরের জন্য ভাড়া দিয়েছেন। এ জন্য বিআইডব্লিউটিসি কিছু টাকাও (৮৭ হাজার ৫০০) পেয়েছে। তবে ফেরির নাম ছোট করে লেখার বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন। তিনি আরও বলেন, ‘কাপড় ধোয়ার গুঁড়ার বিজ্ঞাপন দুটি মুছে ফেলতে বলা হয়েছে, কিন্তু তারা সেটা মুছছে না।’
বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক শাহাদত হোসেন বলেন, বিষয়টি তাঁদেরও নজরে এসেছে। তাই নতুন করে কাউকে বিজ্ঞাপনের জন্য ফেরি ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না।