বিজয় উৎসবে মেতেছিল রাজধানীবাসী

লাল-সবুজ পতাকা উড়িয়ে গতকাল শুক্রবার বিজয় উৎসবে মেতেছিল রাজধানীবাসী। সকাল থেকে রাতের বেশ খানিকটা পর্যন্ত নগরের পথে পথে ছিল মানুষের উৎসবমুখর চলাচল। দেশাত্মবোধক গান, বাঁশির সুর, ঢোল-ডুগডুগির বোল আর উৎসবে শামিল মানুষের কলরবে উচ্চকিত ছিল পরিবেশ।

বাঙালি জাতির জীবনের সবচেয়ে গৌরবময় অর্জন মহান মুক্তিযুদ্ধে বিজয়ের এই উৎসব শুরু হয়েছিল দিনের শুরুতেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতার জন্য আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযোদ্ধা, মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ, বিদেশি কূটনীতিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তিগতভাবে অগণিত মানুষ কৃতজ্ঞচিত্তে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান। জুমার নামাজ শেষে মসজিদে মসজিদে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। এ ছাড়া অন্যান্য উপাসনালয়ে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি এবং দেশের কল্যাণ কামনা করে প্রার্থনা করা হয়।

৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাঙালি নিজের করে পেয়েছে যে লাল-সবুজ পতাকা, বিজয় উৎসব রঙিন হয়ে উঠেছিল সেই পতাকার রঙে। সকাল থেকেই শহরের পথে পথে যে জনস্রোত শুরু হয়েছিল, তাতে পরনের পোশাকে ছিল লাল-সবুজের প্রাধান্য। মায়ের হাত ধরে যে ছেলেটি, বাবার কাঁধে যে মেয়েটি চলছিল উৎসবের জনস্রোতে ভেসে, তাদের হাতে সরু কাঠির মাথায় আটকানো কাগজের লাল-সবুজ পতাকা। পতাকা আঁকা তাদের ও তাদের বাবা-মায়ের গালে, কপালে। কারও মাথায় বাঁধা পতাকার রুমাল। আর চারপাশে ঘরবাড়ি, দোকানপাট, দালানের ছাদ-কার্নিশ, ছুটে যাওয়া মোটরসাইকেল, গাড়ি, রিকশাসহ যানবাহন, সড়কদ্বীপ—যেদিকে চোখ গেছে, সর্বত্র উড্ডীন জাতীয় পতাকা। বিজয় উৎসবের হরেক রকম অনুষ্ঠানও ছিল শহরজুড়ে। সকালে আগারগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে ছিল বিজয় দিবসের কুচকাওয়াজ। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারত ও রাশিয়ার মুক্তিযোদ্ধারা সস্ত্রীক আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিজয় উৎসবে। তাঁরাও কুচকাওয়াজ পরিদর্শন করেন।

সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় শোভাযাত্রা। এ ছাড়া জোটের আয়োজনে ধানমন্ডির রবীন্দ্রসরোবরের কবি রফিক আজাদ মঞ্চ, রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণ মঞ্চ, মিরপুরের খন্দকার নূরুল আলম মঞ্চ, দনিয়ার বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ মাঠের মঞ্চে ছিল সংগীত, নৃত্য, আবৃত্তি।
বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে ছিল বিশ্ববিদ্যালয় ও ছায়ানটের যৌথ আয়োজনে ‘সবাই মিলে দেশ-গান গাইবার, দেশ-কথা বলবার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান। ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন অনুষ্ঠানের উদ্বোধন করেন। এবার এই অনুষ্ঠানে আরও অংশ নেয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব টেকনোলজি, লালমাটিয়া মহিলা কলেজ, আটি ভাওয়াল উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, লালমাটিয়া হাউজিং সোসাইটি, হলিক্রস স্কুল ও কলেজ, অরণি, উদয়ন ও উদ্দীপন বিদ্যালয়, একাডেমিয়া, এক্সেল একাডেমি, সাউথ ব্রিজ, সানবিমস, সানিডেইল এবং স্কলাসটিকা স্কুল। সম্মেলক গানগুলোর সঙ্গে ছায়ানটের শিল্পীরা ছাড়াও নৃত্য পরিবেশন করে জাগো আর্ট সেন্টার, নৃত্যনন্দন, নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র ও ব্রতচারীর শিল্পীরা।


এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের বিজয়স্তম্ভের পশ্চিম চত্বরে ছিল জ্বালানি মন্ত্রণালয়ের আয়োজনে ‘লালসবুজের মহোৎসব’ নামে বিজয় দিবসের বিশেষ কনসার্ট। এতে অংশ নেয় এলআরবি, জেমস ও নগর বাউল, ভাইকিংস, চিরকুট ও শূন্য। অন্যান্য অনুষ্ঠানের মধ্যে শিশু একাডেমী দুপুরে আয়োজন করে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মুক্তিযুদ্ধ জাদুঘর সকালে শিশু-কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিকেলে সংযাত্রার আয়োজন করে। টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে পর্যটন করপোরেশন আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পৌষপার্বণের মেলা। সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে ছিল আলোচনা, সংগীত ও নৃত্যানুষ্ঠান। বিভিন্ন প্রতিষ্ঠানের অনুষ্ঠান ছাড়াও অনেক ছোট ছোট সংগঠন ট্রাকে মঞ্চ করে শহর ঘুরে মোড়ে মোড়ে দাঁড়িয়ে অনুষ্ঠান করেছে। বিডিসাইক্লিস্ট ‘বিজয় রাইড’ নামে সকালে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ৩০০ ফুট সড়ক পর্যন্ত সাইকেল শোভাযাত্রা করে। দুপুরে হাতিরঝিলে ছিল নৌকাবাইচ।
বরাবরের মতো বিজয় উৎসবের মূল কেন্দ্র ছিল কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্ক এলাকা। দোয়েল চত্বর থেকে শাহবাগ পর্যন্ত সড়কের ফুটপাতে বসেছিল হরেক পণ্যের পসরা। উৎসবে শামিল লোক ঘুরেফিরে এসব দোকান থেকে টুকিটাকি কেনাকাটা করেছেন। গাছের নিচে নিজেরা ছোট ছোট দলে বসে আড্ডা দিয়েছেন। বিকেল থেকে প্রচুর জনসমাগম দেখা গেছে হাতিরঝিল, চন্দ্রিমা উদ্যান ও ধানমন্ডি লেক এলাকায়। মানিক মিয়া অ্যাভিনিউতে ছিল পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত বিজয় দিবসের বিশেষ কনসার্ট।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি ১৯৭০-৭১ সালে ছিল বাঙালির চেতনার বাতিঘর। সেই বাড়িটি এখন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। বিজয় দিবসে বিপুলসংখ্যক মানুষ আসেন এই বাড়িতে। সকালে এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে এলেও পথে পথে উৎসবমুখর মানুষের চলাচল ছিল। আনন্দের রেশ ছিল বেশ খানিকটা রাত অবধি।



